Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ২৬, ২০২৫

টরন্টো বিশ্ববিদ্যালয় চত্বরে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, অভিযুক্ত পলাতক

আরম্ভ ওয়েব ডেস্ক
টরন্টো বিশ্ববিদ্যালয় চত্বরে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, অভিযুক্ত পলাতক

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে ২০ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সাধারণ মানুষের সাহায্য চেয়েছে।

নিহত ছাত্রের নাম শিবাঙ্ক আভাস্থি। তিনি একজন ডক্টরাল (পিএইচডি) ছাত্র ছিলেন। মঙ্গলবার তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনাটি চলতি বছরে টরন্টো শহরের ৪১তম হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বুধবার দেওয়া এক সরকারি বিবৃতিতে বলা হয়, “মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৩৪ মিনিটে হাইল্যান্ড ক্রিক ট্রেইল এবং ওল্ড কিংস্টন রোড এলাকায় একটি অজানা সমস্যার কল পায় পুলিশ। গুরুতর আহত একজন ব্যক্তির খবর পেয়ে অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা গুলিবিদ্ধ এক পুরুষকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।”

বিবৃতিতে আরও বলা হয়, “পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।”

পুলিশ জানিয়েছে, যাদের কাছে কোনও তথ্য আছে তারা ৪১৬-৮০৮-৭৪০০ নম্বরে পুলিশকে ফোন করতে পারেন, অথবা ক্রাইম স্টপার্সে গোপনভাবে তথ্য দিতে পারেন ৪১৬-২২২-টিপস (৮৪৭৭) নম্বরে কিংবা www.222tips.com ওয়েবসাইটে।

এদিকে, শিবাঙ্ক আভাস্থির এই “মর্মান্তিক” মৃত্যুর ঘটনায় ভারত সরকার গভীর শোক প্রকাশ করেছে। টরন্টোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে যে তারা নিহত ছাত্রের পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, “টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিবর্ষণের ঘটনায় তরুণ ভারতীয় ডক্টরাল ছাত্র শিবাঙ্ক আভাস্থির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে কনস্যুলেট শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।”

উল্লেখ্য, গত সপ্তাহে টরন্টোতে আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। ৩০ বছর বয়সী ভারতীয় নারী হিমাংশী খুরানাকে হত্যা করা হয়েছে।

শনিবার পুলিশ তার মরদেহ একটি বাসভবন থেকে উদ্ধার করে। এর একদিন আগে, স্ট্রাচান অ্যাভিনিউ এবং ওয়েলিংটন স্ট্রিট ওয়েস্ট এলাকায় তার নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করা হয়েছিল।

এই ঘটনায় পুলিশ ৩২ বছর বয়সী আবদুল গাফুরি নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুলিশ জানিয়েছে, গাফুরিও টরন্টোরই বাসিন্দা। খবর অনুযায়ী, গাফুরি এবং হিমাংশী খুরানা একটি ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কে (ইনটিমেট পার্টনার রিলেশনশিপ) ছিলেন।

হিমাংশী খুরানার মৃত্যুতেও টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে।

এক্স-এ দেওয়া এক পোস্টে তারা জানায়, “টরন্টোতে তরুণ ভারতীয় নাগরিক হিমাংশী খুরানার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এই গভীর দুঃখের সময়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। গত কয়েকদিন ধরে কনস্যুলেট বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে পরিবারকে সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!