Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

একুশের মঞ্চে মমতার পাশে অনন্ত মহারাজ। ছাব্বিশের আগে বদলাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
একুশের মঞ্চে মমতার পাশে অনন্ত মহারাজ। ছাব্বিশের আগে বদলাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ ?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে বড় চমক। দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে ভাষাদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশেই দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী সম্প্রদায়ের অন্যতম মুখ অনন্ত মহারাজ-কে। শনিবার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

ভাষাদিবসের মঞ্চে এই উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মঞ্চে উঠে অনন্ত মহারাজ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহাসিক ব্যক্তিত্ব চিলা রায়-এর রচিত কবিতা মাতৃভাষায় পাঠ করেন। নিজের জাত্যাভিমানকেই সামনে এনে তিনি জানান, বাংলার সঙ্গে তাঁর একাত্মবোধ সীমিত হলেও এই সম্মান পেয়ে তিনি আপ্লুত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজের সম্পর্ক নতুন নয়। লোকসভা নির্বাচনের পর উত্তরবঙ্গে প্রথম সফরেই কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তখনই ভিন্ন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলেছিল।

গ্রেটার কোচবিহার দাবির অন্যতম মুখ অনন্ত মহারাজ দীর্ঘদিন আলাদা রাজ্যের দাবিতে সরব ছিলেন এবং সেই প্রেক্ষিতেই বিজেপিকে সমর্থন করেছিলেন। বিজেপি তাঁকে রাজ্যসভার সাংসদ করে। কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রেটার কোচবিহারের দাবি খারিজ করে দিলে ক্ষুব্ধ হন অনন্ত মহারাজ। এরপর থেকেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহারে জয়ের পর তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া প্রকাশ্যে জানান, অনন্ত মহারাজ তাঁর পাশে ছিলেন এবং সেই সমর্থনই বিপুল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এরপরই তাঁকে ধন্যবাদ জানাতে অনন্ত মহারাজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।

শনিবারের ভাষাদিবসের অনুষ্ঠানেও সেই সমীকরণের প্রতিফলন স্পষ্ট। দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে মুখ্যমন্ত্রী প্রবেশ করেন অনন্ত মহারাজকে সঙ্গে নিয়েই। মঞ্চে তাঁর পাশের আসনেই বসতে দেখা যায় বিজেপি সাংসদকে। পরে তাঁকেই ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই দৃশ্য নিছক সৌজন্য নাকি বৃহত্তর রাজনৈতিক বার্তা—তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!