Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৭, ২০২৫

উধমপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ সিআরপিএফ জওয়ান, জখম ১৫

আরম্ভ ওয়েব ডেস্ক
উধমপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ সিআরপিএফ জওয়ান, জখম ১৫

জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার কান্দওয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ সিআরপিএফ জওয়ান। জখম আরো ১৫ জন। দুর্ঘটনার সময় গাড়িটিতে ছিলেন মোট ২৩ জন জওয়ান। বৃহস্পতিবার সকালে একটি ‘অপারেশন’ সেরে বসন্তগড় থেকে ফিরছিলেন তাঁরা। ফেরার পথেই পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে খাদে গড়িয়ে পড়ে গাড়িটি বলে জানা যাচ্ছে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ানের। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও এক নিরাপত্তাকর্মীর। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে গুরুতর আহতদের দ্রুত এয়ারলিফট করে জম্মু সামরিক হাসপাতালে পাঠানো হয় আহতদের। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন। উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট জানিয়েছেন, ‘দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের অবিলম্বে হাসপাতালে পাঠানো হয়।’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে।

মর্মান্তিক এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ জম্মু-কাশ্মীরের কান্দওয়া–বসন্তগড় এলাকায় সিআরপিএফ-এর গাড়ি দুর্ঘটনার খবর অত্যন্ত বেদনাদায়ক। গাড়িটিতে থাকা জওয়ানরা সকলেই অপারেশন সেরে ফিরছিলেন। আমি উদমপুরের জেলা শাসক শ্রীমতী সলোনি রাই-এর সঙ্গে কথা বলেছি। তিনি নিজে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এবং আমাকে নিয়মিত তথ্য জানাচ্ছেন। উদ্ধারকাজে স্থানীয়রাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন।’ জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উধমপুরের কাছে সিআরপিএফ জওয়ানদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশের জন্য তাঁদের অনন্য সেবাকে আমরা কখনো ভুলব না। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের যাতে সর্বোত্তম চিকিৎসা ও সহায়তা দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে সিনিয়র আধিকারিকদের।’ সিআরপিএফ-এর ১৮৭ নম্বর ব্যাটালিয়নের গাড়িটি কীভাবে দুর্ঘটনায় পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ি রাস্তায় বাহিনী চলাচলের ক্ষেত্রে ভবিষ্যতে আরো বেশি সতর্কতা অবলম্বন করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!