Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৪, ২০২৫

জম্মু-কাশ্মীরে ভয়াবহ ‘ক্লাউডবার্স্ট’, হড়পা বানে ভেসে গেল কিশতওয়ার। এপর্যন্ত মৃত ৩৩, নিখোঁজ বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মু-কাশ্মীরে ভয়াবহ ‘ক্লাউডবার্স্ট’, হড়পা বানে ভেসে গেল কিশতওয়ার। এপর্যন্ত মৃত ৩৩, নিখোঁজ বহু

প্রকৃতির রুদ্র রূপ এবার দেখল জম্মু-কাশ্মীর ! উত্তরাখণ্ড, হিমাচলের পর এ বার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলা। প্রকৃতির প্রবল গ্রাসের কবলে পড্ডার তাশোটি এলাকা। মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া হড়পা বানে ধুয়ে মুছে ছারখার হয়ে গেল একটি লঙ্গরখানা। এই বিপর্যয়ে ২ সিআইএসএফ জওয়ান-সহ মৃত কমপক্ষে ৩৩ জন। নিখোঁজ ২২০। আহত বহু মানুষ। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ দেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিংয়ের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

এই প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ থেকে জেলা প্রশাসনের বিশেষ দল। আটকে পড়া একাধিক মানুষকে উদ্ধার করেছেন তাঁরাই। ঘটনায় সাহায্যে চেয়ে বিধায়ক সুনীল কুমার শর্মা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং নিজে এই পরিস্থিতির দিকে নজর রাখছেন। ইতিমধ্যেই কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মার সঙ্গে কথা বলেছেন তিনি।

জানা গিয়েছে, মাচাইল মাতা যাত্রার সূচনাস্থল কিশতওয়ারের চশোতিতে মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। মাচাইল মাতা মন্দিরের কাছে এই যাত্রা উপলক্ষে প্রচুর তীর্থযাত্রী সেখানে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই নিখোঁজ। হড়পা বানে ধুয়ে মুছে গিয়েছে গোটা এলাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে ধরা পড়েছে সেই ভয়াবহতা।

ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘চশোতি কিশতওয়ারে মেঘ ভাঙার ঘটনায় আমি মর্মাহত । শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধারকাজ নেমেছে পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ।’

একদিকে যখন মেঘভাঙা বৃষ্টি ও হার্প বানে এই অবস্থা তার ওপর আবার এখানে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে শ্রীনগর আবহাওয়া দপ্তর। আগামী ৪-৬ ঘণ্টা ধরে জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। এর ফলে পরিস্থিতি কি হয় সেদিকে প্রশাসন নজর রাখছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!