Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১১, ২০২৬

দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের চার সাংসদের বৈঠক, বাড়ছে বিদ্রোহের জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের চার সাংসদের বৈঠক, বাড়ছে বিদ্রোহের জল্পনা

দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূল কংগ্রেসের আরও চার সাংসদের উপস্থিতিতে বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, এই বৈঠকে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, যুব তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ-সহ আরও দু’জন সাংসদ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিও বৈঠকটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

যদিও বৈঠক নিয়ে এখনও পর্যন্ত মালা রায়, সায়নী ঘোষ কিংবা সংশ্লিষ্ট অন্য কোনও সাংসদ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তবুও রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের অন্দরে বিদ্রোহী শিবিরের শক্তি আরও বাড়ছে।

এর আগে গত সোমবার দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের একদল সাংসদ বৈঠকে অংশ নেন বলে খবর প্রকাশ্যে আসে। বিদ্রোহী শিবিরের নেতৃত্বে ছিলেন শতাব্দী রায় ও কাকলি ঘোষ দস্তিদার। ওই শিবিরের দাবি, তাঁদের সঙ্গে ২০ জনেরও বেশি সাংসদ রয়েছেন। সূত্রের খবর, প্রথম বৈঠকে ১৬ জন সাংসদ সরাসরি উপস্থিত ছিলেন এবং আরও দু’জন ভার্চুয়ালি যোগ দেন। পরে তাঁরা একটি চিঠিতেও সমর্থন জানান বলে দাবি করা হয়।

এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দিল্লিতে পৌঁছন মালা রায়। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতি দলীয় সাংগঠনিক পুনর্গঠনের সময় মালা রায়কে মহিলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্বও দেওয়া হয়েছিল। ফলে তাঁর নাম ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আলোচনা শুরু হয়েছে।

একইভাবে সায়নী ঘোষের উপস্থিতিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুব তৃণমূলের সভানেত্রী হিসেবে সম্প্রতি তাঁকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সায়নী ঘোষের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা জল্পনা তৈরি হয়েছে।

অন্যদিকে, সূত্রের দাবি, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাও নাকি বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন। সেই সম্ভাবনা বাস্তবায়িত হলে বিদ্রোহী গোষ্ঠীর সাংসদ সংখ্যা ২২ থেকে ২৩-এ পৌঁছতে পারে বলে আলোচনা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত ১৯ জন সাংসদের সমর্থনের বিষয়টি সামনে এসেছে বলে জানা গেছে।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জাতীয় রাজনীতিতে চলা নানা আলোচনা এবং তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে দিল্লির এই ধারাবাহিক বৈঠকগুলি রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। তবে বিদ্রোহ, দলবদল বা নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিক ঘোষণা করেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!