Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২০, ২০২৫

অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮টি হাতির, ইঞ্জিন-সহ লাইনচ্যুত ৫টি কামরা

আরম্ভ ওয়েব ডেস্ক
অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮টি হাতির, ইঞ্জিন-সহ লাইনচ্যুত ৫টি কামরা

শুক্রবার গভীর রাতে অসমের হোজাই জেলায় দিল্লিগামী সায়রং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ৮টি হাতি। গুরুতর আহত হয়েছে আরও একটি হস্তিশাবক। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় ট্রেনের কোনও যাত্রী আহত হননি—সবাই নিরাপদ রয়েছেন। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি ছিল হাতিদের চলাচলের পথ অর্থাৎ এলিফ্যান্ট করিডোর।

উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন যমুনামুখ ও কামপুর স্টেশনের মাঝামাঝি চাঙজুরাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। সূত্রের খবর, রাত সওয়া ২টা নাগাদ হঠাৎ রেললাইনের উপর উঠে আসে একদল হাতি। ট্রেনচালক হাতিদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষলেও দ্রুতগতির কারণে সংঘর্ষ এড়ানো যায়নি।

ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মারা যায় ৮টি হাতি এবং একটি হস্তিশাবক গুরুতর আহত হয়। পরে বন দপ্তরের কর্মীরা আহত হস্তিশাবকটিকে উদ্ধার করেন। সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে।

খবর পেয়ে লামডিং থেকে রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত কামরাগুলির যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শনিবার ভোরে ডিভিশনাল ম্যানেজারও ঘটনাস্থলে পৌঁছান। ভোর ছটা নাগাদ লাইনচ্যুত কামরাগুলি বাদ দিয়ে ট্রেনটি গুয়াহাটির উদ্দেশে রওনা দেয়। গুয়াহাটি স্টেশনে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত কামরা জোড়া হবে এবং সেখান থেকেই ট্রেনটি আবার দিল্লির পথে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার জেরে ওই লাইনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয় এবং বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়। বর্তমানে কেবল আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলকর্মীরা দ্রুত লাইন মেরামতের কাজ শুরু করেছেন এবং লাইনের উপর থেকে মৃত হাতিগুলিকেও সরিয়ে নেওয়া হয়েছে।

যাত্রীদের সহায়তার জন্য গুয়াহাটি স্টেশনে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে—
০৩৬১-২৭৩১৬২১, ০৩৬১-২৭৩১৬২২ এবং ০৩৬১-২৭৩১৬২৩।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!