- দে । শ
- আগস্ট ২১, ২০২৫
কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত পূর্ব বর্ধমানের সাড়ে ৬ লাখ কৃষক
কৃষকের পাশে রাজ্য। টানা বৃষ্টি আর ডিভিসির জলে ভেসে যাওয়া জমির কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল রাজ্য সরকারের ‘কৃষকবন্ধু’ প্রকল্পের অর্থসাহায্য। পূর্ব বর্ধমান জেলা কৃষি দপ্তর সূত্রের খবর, জেলার ৬ লাখ ৪০ হাজার ৯৯৭ জন কৃষকের অ্যাকাউন্টে ১৮৭ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৩৫০ টাকা ঢুকেছে। অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ছিল। কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে যাতে হয়রানি না হয়, সেজন্য অ্যাকাউন্টের সমস্যা আগেই মিটিয়ে তারপর টাকা পাঠানো হয়েছে। রাজ্য সরকার এভাবে পাশে দাঁড়ানোয় খুশি জেলার কৃষকরা। সেইসঙ্গে সমস্ত কৃষককেই শস্যবিমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে রাজ্যের কৃষি দফতর।
সূত্রের খবর, এই বারে গোটা রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন ৭১ লক্ষ ৪৬ হাজার ৯৬০ জন কৃষক। সবমিলিয়ে দেওয়া হয়েছে ১,৮৮৬ কোটি ২৪ লক্ষ ৪৫ হাজার ৪০৩ টাকা। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির কথায়, ‘এই হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের মা-মাটি-মানুষের সরকারের ফারাক। কেন্দ্র যেখানে সার, কীটনাশক থেকে শুরু করে কৃষির জন্য ব্যবহৃত যন্ত্রপাতির দাম বাড়িয়ে কৃষি ও কৃষকদের সর্বনাশ ডেকে আনছে, সেখানে রাজ্য সরকার কৃষকদের জন্য নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।’
❤ Support Us





