Advertisement
  • দে । শ
  • জুন ২, ২০২৬

দুর্নীতির অভিযোগে পূর্ব বর্ধমানে গ্রেফতার ৪ তৃণমূল নেতা-সহ ৬

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্নীতির অভিযোগে পূর্ব বর্ধমানে গ্রেফতার ৪ তৃণমূল নেতা-সহ ৬

নানা দুর্নীতির অভিযোগে তৃণমূলের ছোটবড় নেতাদের ধরপাকড় চলছেই। এবার পুলিশের জালে কালনা ২নং ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায়, কাটোয়ার খেতপুর-পলাশির বাসিন্দা তৃণমূলের জেলা পরিষদের সদস্য নিতাইসুন্দর মুখার্জি, মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান শেখ ওরফে মুকুল ও মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখ। চারজনকেই নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হলে বিচারক মঞ্জুর করেন।

ত্রাণের হাজারখানেকের কাছাকাছি ত্রিপল থেকে শুরু করে বিশেষ সক্ষমদের জন্য প্রচুর হুইল চেয়ার, ট্রাইসাইকেল, অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হল কালনা ২নং ব্লকের সিংয়েরকোণ তৃণমূল কার্যালয়ের দোতলার ঘর থেকে। গ্যাস কাটার দিয়ে লোহার গ্রিল কেটে এইসব জিনিস বের করে কালনার বৈদ্যপুর ফাঁড়ির পুলিশ। এরপরই ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায়কে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে। এদিকে কাটোয়ার অগ্রদ্বীপ পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের পাঠানো ত্রিপল-সহ ত্রাণ সামগ্রী বিলি না করে বিক্রির জন্য মজুত রাখা হয়েছিল বেশ কয়েকটি ভাড়া নেওয়া গোডাউনে। সেইসব গোডাউনে অভিযান চালিয়ে উদ্ধার হল সরকারের পাঠানো প্রচুর কাপড়, পোশাক, লুঙ্গি, বীজ, ছোলা, ত্রিপল, কম্বল ইত্যাদি। এই ঘটনায় তৃণমুল নেতা তথা জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি ও অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের সদস্য মৌমিতা সেনের স্বামী বিকাশ সেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওইসব সামগ্রী রাতের অন্ধকারে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওই ২ জনের বিরুদ্ধে।

এদিকে জলপ্রকল্পের জন্য পাইপ, আনুষঙ্গিক সরঞ্জাম ও পঞ্চায়েতের বিভিন্ন জিনিসপত্র চুরি, আর্থিক প্রতারণা ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মঙ্গলকোটের প্রাক্তন তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক তথা দাপুটে তৃণমূল নেতা মুকুল। প্রসঙ্গত ২০২৪ সালের ২৫ শে ডিসেম্বর মঙ্গলকোটে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পোস্টার পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মুকুলের নেতৃত্বে তৃণমূল বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কের কৈচর বাসস্টান্ডের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মঙ্গলকোট থানার পুলিশ সেখানে পৌঁছলে মুকুল পুলিশকে ‘চুড়ি পরানো’র হুমকি দেয়। এছাড়া বোমা মজুতের অভিযোগে মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখ ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিঠুন শেখকে গ্রেপ্তার করে কাটোয়া আদালতে পেশ করেছে মঙ্গলকোটের পুলিশ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!