- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১০, ২০২৬
গুরুগ্রামে নির্মীয়মাণ পাঁচিল ধসে দুর্ঘটনা, নিহত এপর্যন্ত ৭। ধ্বংসস্তূপে আটক বহু
হরিয়ানার গুরুগ্রামে নির্মীয়মাণ একটি পাঁচিল ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত সাত জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় গুরুগ্রামের গ্লোবাল সোসাইটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ১২ থেকে ১৫ জন শ্রমিক পাঁচিলের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিলেন বলে জানা গেছে। এখনও উদ্ধারকাজ চলছে এবং আরও কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি আবাসন প্রকল্পের কাজ চলছিল। প্রকল্পের জন্য মাটি খুঁড়ে নিকাশি নালা তৈরি করা হচ্ছিল। সেই সময় মাটি খোঁড়ার ফলে পাঁচিলের নীচের অংশের মাটি আলগা হয়ে যায়। এর জেরেই সোমবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই মাটি ধসে পড়ে এবং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ পাঁচিলটি। সেই সময় সেখানে কাজ করছিলেন একাধিক শ্রমিক, যাদের মধ্যে ১২ থেকে ১৫ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। ধ্বংসস্তূপ সরাতে আনা হয় আর্থ মুভার। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নীচ থেকে কয়েকজন শ্রমিককে বের করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁদের মধ্যে সাত জনকে মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মানেশ্বরের ডেপুটি পুলিশ সুপার দীপক কুমার জেওয়ারিয়া জানিয়েছেন, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটলেও পুলিশের কাছে হাসপাতালের তরফে খবর পৌঁছায় রাত প্রায় সওয়া ৯টার সময়। এরপরই পুলিশ, উদ্ধারকারী দল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন।
মঙ্গলবার সকাল পর্যন্তও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের আশঙ্কা, এখনও কয়েকজন শ্রমিক পাঁচিলের নীচে চাপা পড়ে থাকতে পারেন। উদ্ধারকারী দল সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে।
❤ Support Us






