- দে । শ
- জানুয়ারি ২১, ২০২৫
শব্দ তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভাঙচুর, গ্রেফতার ৮
তারস্বরে বাজছিল ডিজে। রাত দুপুর পর্যন্ত। তাতে কান পাতা দায়। শব্দ দানোর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে অভিযোগ জানান গ্রামেরই এক বাসিন্দা। জানতে পেরে অভিযোগকারীর উপর চড়াও হয় একদল গ্রামবাসী। মারধর ও বাড়িতে ভাঙচুর চালায়। কাটোয়ার গাঁফুলিয়া গ্রামের ঘটনায় পুলিশ গ্রামে গিয়ে ৮ হামলাকারীকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করে সাউন্ড সিস্টেম। ধৃত কার্তিক সর্দার, মিলন মাঝি, অনুপ মাঝি, মিঠুন মাঝি, সুকুমার সর্দার, নিতাই সর্দার, রাজু মাঝি ও নকুল দলুইকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে মিলনকে পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
স্থানীয় মেলা উপলক্ষ্যে চলছিল ডিজে বাজিয়ে তাণ্ডব নৃত্য। বক্স ও চোঙা মিলিয়ে শতাধিক মাইক বাজছিল তারস্বরে। রাতে ঘুমনো দায় হয়। বৃদ্ধ, শিশু ও অসুস্থরা অতিষ্ঠ হয়ে ওঠে। পুলিশ চটজলদি ব্যবস্থা নেওয়ায় খুশি শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। উল্লেখ্য যে, এখন বিভিন্ন গ্রামে চলছে মেলা ও স্থানীয় উৎসব। সেইসঙ্গে পিকনিক। ডিজে বাজিয়ে পালিত হচ্ছে উৎসব। শব্দবিধি মানার বালাই নেই। এর আগে পুলিশ কাটোয়া, কালনা, মন্তেশ্বর বা নদিয়ার ডেকরেটর মালিকদের ডেকে শব্দবিধি মানার ব্যাপারে সতর্ক করেছে। পুলিশ জানিয়েছে, এর অন্যথার অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
❤ Support Us






