Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৬, ২০২৫

জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড। মৃত ৮, গুরুতর আগত ৫ জন

আরম্ভ ওয়েব ডেস্ক
জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড। মৃত ৮, গুরুতর আগত ৫ জন

রবিবার গভীর রাতে জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। ৫ জন গুরুতর আহত। হাসপাতালের ট্রমা সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে।

গভীর রাতে ট্রমা সেন্টারের স্টোরেজ এরিয়ায় প্রথমে আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় নিউরো আইসিইউতে ২৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ট্রমা সেন্টার ধোঁয়াতে ভরে যায়। রোগী এবং তাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে ভবনটিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হাসপাতালের কর্মী এবং রোগীর পরিবারের লোকেরা দ্রুত রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রোগীদের বিছানাসহ তাদের ভবনের বাইরে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলবাহিনী ছুটে আসে। প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সংরক্ষিত বিভিন্ন নথি, আইসিইউ সরঞ্জাম এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

সোয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ অনুরাগ ধাক্কাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের ট্রমা সেন্টারে দ্বিতীয় তলায় দুটি আইসিইউ রয়েছে। একটা ট্রমা আইসিইউ এবং একটা সেমি–আইসিইউ। দুটি মিলিয়ে ২৪ জন রোগী ছিলেন। ১১ জন ট্রমা আইসিইউতে এবং ১৩ জন সেমি–আইসিইউতে। দ্বিতীয় তলার ট্রমা আইসিইউতে প্রথম আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয়।’‌

ট্রমা সেন্টারের ওয়ার্ড বয় বিকাশ সংবাদ মাধ্যমকে বলেন, ‘‌যখন আগুন লাগে, তখন আমরা অপারেশন থিয়েটারের ভেতরে ছিলাম। খবর পেয়েই দ্রুত ওয়ার্ডের ভেতর ছুটে যাই। কমপক্ষে তিন থেকে চারজন রোগীকে বাঁচাতে সক্ষম হয়েছি। তবে আগুন তীব্র হয়ে ওঠায় পরে আর ভবনের ভেতরে যেতে পারিনি।’‌ তিনি আরও বলেন, ‘‌পুলিশ পরে এসেছিল। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা তাৎক্ষণিকভাবে ভবনে প্রবেশ করতে পারেনি। যখন দমকল কর্মীরা পৌঁছয়, তখন পুরো ওয়ার্ড ধোঁয়ায় ভর্তি। ভবনের উল্টোদিকের একটা জানালা ভেঙে দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।’‌

পরিস্থিতি খতিয়ে দেখতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় বিষয়ক মন্ত্রী যোগরাম প্যাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম হাসপাতালে যান। যোগরাম ও জওহর যখন প্রথম হাসপাতালে উপস্থিত হন, তখন দুই রোগীর পরিবারের লোকজন তাঁদের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের কর্মীরা পালিয়ে যান। তাঁরা আরও দাবি করেন যে, হাসপাতালের কর্মীরা রোগীদের অবস্থা সম্পর্কে আপডেট দিতে পারেননি।

এক রোগীর পরিবারের লোক বলেন, ‘‌আমরা ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কর্মীদের খবর দিয়েছিলাম। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। আমরাই প্রথম ছুটে এসে রোগীদের উদ্ধারকার্যে হাত লাগাই। আমরা রোগীদের সম্পর্কে কোনও তথ্য পাচ্ছি না।’ পরে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!