- এই মুহূর্তে দে । শ
- মে ২৬, ২০২৩
কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তিতে, নরেন্দ্রর কাছে কংগ্রেসের ৯ প্রশ্ন
আগামী ৩০ মে, ২০২৩, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বা ক্ষমতায় থাকার মেয়াদ ৯ বছর পূর্ণ করবে।আর এই নয় বছর পূর্ণ করার কয়েক দিন আগে, কংগ্রেসের তরফে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নয়টি প্রশ্ন করল কংগ্রেস। কংগ্রেসের সদর দফতর দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “আমরা চাই প্রধানমন্ত্রী এই প্রশ্নগুলির উত্তর দিয়ে তাঁর নীরবতা ভঙ্গ করুন।”
কংগ্রেস ‘৯ সাল ৯ সাওয়াল’ অর্থাৎ ৯ বছর ৯ প্রশ্ন শিরোনামের একটি নথি প্রকাশ করেছে। দলের এই প্রশ্নের তালিকায় অর্থনীতি এবং দুর্নীতির বিষয় থেকে শুরু করে COVID-19 এবং সামাজিক ন্যায়বিচার পর্যন্ত সব বিষয়গুলির রয়েছে। কংগ্রেসের দাবি, “বিজেপি ৯ বছর পূর্তি উদযাপন শুরু করার আগে প্রধানমন্ত্রীকে অবশ্যই এই নয়টি প্রশ্নের জবাব দিতে হবে।”
কংগ্রেস যে প্রশ্নগুলি উত্থাপন করেছে সেগুলি হল :-
১. অর্থনীতি : কেন ভারতে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব আকাশচুম্বী? কেন ধনী আরও ধনী আর গরীব আরও গরীব হচ্ছে? অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেলেও কেন সরকারি সম্পত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুদের কাছে বিক্রি করা হচ্ছে?
২. কৃষি ও কৃষক : তিনটি কালা কৃষি আইন বাতিল করে কৃষকদের সঙ্গে করা চুক্তিগুলো কেন মান্যতা দেওয়া হয়নি? কেন ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি দেওয়া হয়নি? গত ৯ বছরে কৃষকদের আয় দ্বিগুণ হয়নি কেন?
৩. দুর্নীতি এবং কুসংস্কার: কেন আপনি আপনার বন্ধু আদানিকে উপকৃত করার জন্য এলআইসি এবং এসবিআইতে মানুষের কষ্টার্জিত সঞ্চয়কে ঝুঁকির মধ্যে ফেলছেন? চোরদের পালাতে দিচ্ছেন কেন? কেন আপনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে ব্যাপক দুর্নীতির বিষয়ে নীরব এবং কেন আপনি ভারতীয়দের কষ্টের মধ্যে রেখেছেন ?
৪. চিন এবং জাতীয় নিরাপত্তা: কেন ২০২০ সালে চিনকে আপনি ক্লিন চিট দেওয়ার পরেও তারা ভারতীয় ভূখণ্ড দখল করে চলেছে? চিনের সাথে ১৮টি বৈঠক হয়েছে, তবুও কেন তারা ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে দিতে অস্বীকার করছে এবং পরিবর্তে তাদের আক্রমণাত্মক কৌশল চালিয়ে যাচ্ছে?
৫. সামাজিক সম্প্রীতি: কেন আপনি ইচ্ছাকৃতভাবে নির্বাচনী লাভের জন্য বিদ্বেষের রাজনীতিকে কাজে লাগাচ্ছেন এবং সমাজে ভয়ের পরিবেশ তৈরি করছেন?
৬. সামাজিক ন্যায়বিচার: কেন আপনার অত্যাচারী সরকার পদ্ধতিগতভাবে সামাজিক ন্যায়বিচারের ভিত্তি ধ্বংস করছে? নারী, দলিত, এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে আপনি নীরব কেন? জাতি শুমারির দাবি উপেক্ষা করছেন কেন?
৭. গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো : গত নয় বছরে আপনারা কেন আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছেন? বিরোধী দল ও নেতাদের বিরুদ্ধে কেন প্রতিহিংসার রাজনীতি করছেন? আর জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে আপনি কেন নির্লজ্জ ‘টাকার ক্ষমতা’ ব্যবহার করছেন?
৮. কল্যাণমূলক পরিকল্পনা: দরিদ্র, অভাবী এবং আদিবাসীদের কল্যাণের জন্য তাদের বাজেট কমিয়ে এবং বিধিনিষেধমূলক নিয়ম তৈরি করে কেন দুর্বল করা হচ্ছে?
৯. কোভিড-১৯ ব্যবস্থাপনা: কোভিড-১৯ এর কারণে ৪০ লাখেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু সত্ত্বেও কেন মোদি সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে? কেন আপনি হঠাৎ করে লকডাউন আরোপ করলেন যা লক্ষ লক্ষ শ্রমিককে বাড়ি ফিরতে বাধ্য করেছিল, এবং কোনও সহায়তা দেয়নি?
কংগ্রেস এই প্রসঙ্গে একটি টুইট করেছে, তাতে লিখা হয়েছে, “বিজেপি এখন নয় বছর ধরে ক্ষমতায় রয়েছে। কর্তৃত্ববাদী শাসন সর্বক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।বিজেপি উদযাপন শুরু করার আগে প্রধানমন্ত্রীকে এই নয়টি প্রশ্নের জবাব দিতে হবে।”
❤ Support Us






