Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১১, ২০২৫

রেজাল্ট জট কাটল, মার্কশিট পেলেন কলেজের ৯২ পরীক্ষার্থী, অভিযুক্ত অধ্যাপকদের শোকজ

আরম্ভ ওয়েব ডেস্ক
রেজাল্ট জট কাটল, মার্কশিট পেলেন কলেজের ৯২ পরীক্ষার্থী, অভিযুক্ত অধ্যাপকদের শোকজ

শেষমেশ কাটোয়া কলেজের স্নাতকের ৯২ জন পড়ুয়া হাতে মার্কশিট পেলেন ৷ ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই ৯২ পড়ুয়ার হাতে মার্কশিট তুলে দেন কলজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার। সংশ্লিষ্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পোর্টালে রেজাল্ট না তোলায় পরীক্ষার্থীদের ফাইনাল ইয়ারের পরীক্ষায় ‘অকৃতকার্য’ দেখানো হয়েছিল। ফল সংশোধনের দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন কলেজের দুই বিভাগের পরীক্ষার্থীরা। বিভাগীয় অধ্যাপকদের ভুলে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগ মিলিয়ে ‘৯২ জন ছাত্রছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিল’ বলে কলেজ অধ্যক্ষ স্বীকারও করেন।অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের দাবি ছিল, তারা সবাই ভালো পরীক্ষা দিয়েছিলেন। অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন, ‘বিভাগীয় প্রধানদের চূড়ান্ত গাফিলতির কারণে এই সমস্যা হয়েছিল। পরিচালন সমিতির বৈঠক ডেকে অভিযুক্ত তিন অধ্যাপককে শোকজ করা করা হয়েছে।’ আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে ২ বিভাগের ৩টি বিষয়ের ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর তোলার পর বিশ্ববিদ্যালয় রেজাল্ট পাঠায়। তাতে দেখা যায় প্রত্যেকেই কৃতকার্য হয়েছে।’ সমস্যা দ্রুত সমাধানের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কৃতজ্ঞতা জানালেন পরীক্ষার্থীরা।

কাটোয়া কলেজ সূত্রের খবর, অধ্যাপকদের গাফিলতির কারণে কাটোয়া কলেজের ইতিহাস বিভাগের ৫৯ জন ও রাষ্ট্রবিজ্ঞানের ৩৩ জন পরীক্ষার্থীর একটা শিক্ষাবর্ষ নষ্ট হতে বসেছিল। এখন হাতে মার্কশিট পেয়ে ছাত্রছাত্রীরা খুশি। ইতিহাস বিভাগের ঋষিব্রত ভট্টাচার্য, রাষ্ট্রবিজ্ঞানের শ্রেয়া সাহাদের উচ্ছ্বাস, ‘হাতে মার্কশিট পাওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য আবেদন করতে পারব।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!