- দে । শ
- আগস্ট ৩০, ২০২৫
পোর্টালে ওঠেনি নম্বর, সঙ্কটে ৯২ ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার ভবিষ্যৎ । ভুল শুধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস কলেজ কর্তৃপক্ষের
ফাইন্যাল ইয়ারের পরীক্ষার নম্বরই তোলা হয়নি। তাতে ফল আটকে গিয়েছে কাটোয়া কলেজের ৯২ জন ছাত্রছাত্রীর। বিহিত চেয়ে অধ্যক্ষের দ্বারস্থ ‘বঞ্চিত’ পরীক্ষার্থীরা। অভিযোগ, বিভাগীয় অধ্যাপকদের ভুলে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগের মোট ৯২ জন ছাত্রী-ছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। কর্তৃপক্ষের ‘গাফিলতিতে অকৃতকার্য’ ইতিহাস বিভাগের পরীক্ষার্থী ঋষিব্রত ভট্টাচার্য, রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার্থী শ্রেয়া সাহারা জানান, ‘এর ফলে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার ফর্ম তুলতে পারব না। আমাদের ভবিষ্যৎ অন্ধকারে।’ কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার কবুল করলেন, ‘বিভাগীয় প্রধানদের চূড়ান্ত গাফিলতি। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে দুই বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর তোলা হয়নি। সেজন্য রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস দুই বিভাগের ফাইনাল সিমেস্টারের ৯২ জন ছাত্র-ছাত্রীর ফল অসম্পূর্ণ থেকে গেছে।’ যোগ করেন, ‘আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরীক্ষার ফল সংশোধনের ব্যাপারে ইতিমধ্যেই যোগাযোগ করেছি।’ ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন।
কাটোয়া কলেজ সূত্রের খবর, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের ৯২ জন ছাত্রছাত্রীর দাবি ভালো পরীক্ষা দিয়েও কলেজ অধ্যাপকদের ভুলে সিক্সথ (ষষ্ঠ) সিমেস্টারের সকলে ফেল করেছে। এটাতো হতে পারে না। বিভাগীয় অধ্যাপকদের গাফিলতির জন্য ছাত্রছাত্রীদের একটা শিক্ষাবর্ষ নষ্ট হতে বসেছে। এদিকে ৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে। রাষ্ট্রবিজ্ঞানের ৪০ জন ও ইতিহাসের ৫২ জন মোট ৯২ জন ছাত্রছাত্রীর ফল অসম্পূর্ণ থাকায় তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম তুলতে পারবে না। বঞ্চিত পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছাত্রছাত্রীদের রেজাল্ট সংশোধন করা। পরে পরিচালন সমতির বৈঠকে যেসব অধ্যাপকদের ভুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত হতে বসেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে। ইতিহাসের বিভাগীয় প্রধান রবিরঞ্জন সেন বলেন, ‘এটা আমাদের ভুলে হয়েছে, দায় আমাদের। আমরা ছাত্রদের শিক্ষাবর্ষ নষ্ট হতে দেব না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি সমস্যা মিটে যাবে।’
❤ Support Us





