- দে । শ
- জানুয়ারি ২৩, ২০২৩
শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি! ধৃত কুন্তলের ডায়েরিতে সংকেত-চিহ্ন
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ধৃত তৃণমূল নেতার কাছে থেকে কালো ডায়েরি সহ বহু গোপন নথি উদ্ধার করল ইডি। নথিতে থাকা সাঙ্কেতিক চিহ্ন রহস্যের জট ছাড়াতে কতটা সাহায্য করবে আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ইডির গোয়েন্দারা।
গত শুক্রবার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের নিউটানের চিনার পার্ক এলাকার আবাসনের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালাতে হাজির হন ইডির আধিকারিকরা। তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি নোটবুকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, বিশেষত ব্যাঙ্কের নথি উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, বেশ কিছু গোলাকার সাংকেতিক চিহ্ন পেয়েছেন এই নথিগুলোতে। এই প্রতীকগুলো অর্থ কি তা জানতে চেষ্টা করছেন তাঁরা। কোনো আর্থিক বিনিময়ের সঙ্গে এই সাংকেতিক চিহ্ন সহ গোপন নথির সম্পর্ক আছে কিনা তা যাচাই করে দেখছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
উল্লেখ্য ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে আতক করেছিল ইডি। তাঁর কাছে থেকেও পাওয়া গিয়েছিল একটি ডায়েরি। মনে করা হচ্ছে তাতেও প্রচুর হিসাব রয়েছে। ইডি সূত্রে খবর, সেই ডায়েরির থেকে পাওয়া তথ্য এবং কুন্তলের কাছে থেকে প্রাপ্ত নথি পাশাপাশি রেখেও খতিয়ে দেখা হচ্ছে। তাপসের দাবির সঙ্গেও নথিপত্রের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে ।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস দাবি করেছিলেন যে অভিযুক্ত কুন্তল ঘোষ ৩২৫ জন হবু শিক্ষকের কাছে থেকে ৩কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন। অন্যান্য অসদুপায় অবলম্বন করেও তিনি মোট হাতিয়েছিলেন প্রায় ১৯ কোটি টাকা। এর পর ইডি তদন্তে নেমে শনিবার কুন্তলকে গ্রেফতার করে। জেরায় তিনি জানান তাঁকে ফাঁসানো হচ্ছে । হুগলির যুবনেতার বক্তব্য, তাপসকে আগে অনেক টাকাই তিনি দিয়েছেন। এখন সেই টাকা দেওয়া বন্ধ করতেই তাপস ইচ্ছা করে তাঁর নাম এই মামলায় যোগ করে তাঁকে বেকায়দায় ফেলবার ষড়যন্ত্র করে যাচ্ছেন । অভিযোগে তিনি আরও বলেন যে যখন সিবিআই তাঁর কাছে জিজ্ঞাসাবাদের জন্য আসে তখনও তিনি মানিক ঘনিষ্ঠকে প্রচুর টাকা দেওয়ার প্রমাণ দিয়েছেন। এছাড়াও নীলাদ্রি ঘোষ নামে এক ব্যক্তিও তাঁর থেকে টাকা নিয়েছে বলে জানান তিনি।
❤ Support Us






