Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৫, ২০২৬

একক সিদ্ধান্তে প্রার্থী নির্বাচন নয়, সাফ নির্দেশ বনশলের, কবে চূড়ান্ত হবে কলকাতা ও হাওড়া পুরভোটের তালিকা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
একক সিদ্ধান্তে প্রার্থী নির্বাচন নয়, সাফ নির্দেশ বনশলের, কবে চূড়ান্ত হবে কলকাতা ও হাওড়া পুরভোটের তালিকা ?

কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে বঙ্গ বিজেপি। তবে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দলের অন্দরে যাতে কোনও ক্ষোভ বা অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কোনও একক নেতার সিদ্ধান্তে নয়, নির্দিষ্ট সাংগঠনিক পদ্ধতি মেনেই প্রার্থী বাছাই করতে হবে। গ্রাউন্ড জিরো থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করে জেলা ও নির্বাচন কোর কমিটির মাধ্যমে তা রাজ্যস্তরে পাঠাতে হবে। এরপরই চূড়ান্ত হবে প্রার্থীদের নাম। বুধবার সল্টলেকের বিজেপি দফতরে পুরভোট নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য নেতৃত্বকে এমনই নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, অক্টোবরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করে ফেলতে চাইছে দল। এরপর প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। দুই পুরসভার নির্বাচন নভেম্বরের শেষে হওয়ার কথা। সেই লক্ষ্যেই সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী বাছাইয়ের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য বিজেপি।

বুধবার দুপুরে সল্টলেকের বিজেপি দফতরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং হাওড়া পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা সাংসদ রাহুল সিনহা। এ ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, দুই বিধায়ক সঞ্জয় সিং ও রুদ্রনীল ঘোষ-সহ দলের রাজ্য সাধারণ সম্পাদকরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওয়ার্ডভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছেছে। কোনও কোনও ওয়ার্ডে প্রার্থী হওয়ার দাবিদারের সংখ্যা ১০ জন পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফলে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাতে কোনও ধরনের পক্ষপাতিত্ব বা অসন্তোষ তৈরি না হয়, সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।

শুধু দলীয় নেতাদের কাছ থেকেই নয়, সাধারণ মানুষের কাছ থেকেও প্রার্থী হওয়ার আবেদন সংগ্রহ করছে বিজেপি। এ জন্য মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে বসানো হয়েছে ড্রপ বক্স। সেখানে সাধারণ মানুষ তাঁদের আবেদনপত্র জমা দিতে পারছেন। বৈঠক সূত্রে খবর, লক্ষ্মীপুজো মিটে গেলেই জমা পড়া আবেদনপত্রগুলি নিয়ে আলোচনা শুরু হবে। সেখান থেকে সম্ভাব্য প্রার্থীদের বাছাইয়ের কাজ এগোবে এবং কালীপুজোর মধ্যেই চূড়ান্ত করা হবে প্রার্থীদের নাম।

বৈঠকে শুধু প্রার্থী বাছাই নয়, পুরসভা নির্বাচনকে ঘিরে দলের সামগ্রিক সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। প্রার্থী নির্বাচনের পদ্ধতি কী হবে, ওয়ার্ডভিত্তিক সংগঠনকে কীভাবে আরও সক্রিয় করা যায় এবং নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে কী কী পদক্ষেপ করা প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা। পাশাপাশি আসন্ন পুরভোটকে সামনে রেখে দলের নির্বাচনী রণকৌশল নিয়েও আলোচনা হয়।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপির তরফে সদ্য বঙ্গ বিজেপির সংগঠন দেখভালের দায়িত্ব পাওয়া নেতা সৌদান সিংও। রাজ্য বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে তাঁর পরিচয়পর্বও সম্পন্ন হয়। সব মিলিয়ে কলকাতা ও হাওড়া পুরভোটের আগে প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখা, দলের অভ্যন্তরীণ ঐক্য অটুট রাখা এবং সাংগঠনিক প্রস্তুতিকে আরও মজবুত করতেই কেন্দ্রীয় নেতৃত্বের এই তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!