- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৫, ২০২৬
জেলার ক্রিকেট প্রতিভা তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে মালদা প্রিমিয়ার লিগ, ব্র্যান্ড অ্যাম্বাসাডর শিখর ধাওয়ান
জেলায় জেলায় অনেক ক্রিকেট প্রতিভা রয়েছে। উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে সেই প্রতিভাগুলো প্রচারের আলোয় আসে না। উদীয়মান প্রতিভা তুলে নিয়ে আসার প্রয়াস চৌধুরি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির। এই সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে মালদা প্রিমিয়ার লিগ (এমপিএল)। বুধবার কলকাতার এক পাঁচতারা হোটেলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি২০ ক্রিকেট প্রতিযোগিতার কথা ঘোষণা করা হল। উদ্বোধন করা হল প্রতিযোগিতার লোগো ‘আমদা’–রও।
এই টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ৮টি দল অংশ অংশ নেবে। দলগুলি হল ইংলিশ বাজার রয়্যালস, কালিয়াচক কিংস, চাঁচল চ্যালেঞ্জার্স, হরিশচন্দ্রপুর ওয়ারিয়র্স, গাজোল টাইটানস, মানিকচক রেঞ্জার্স, মোথাবাড়ি লায়ন্স, কলকাতা টাইগার্স। এই ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ট্রায়ালের মাধ্যমে ১২০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। ট্রায়াল হবে কলকাতা, মালদা, শিলিগুড়ি ও দুর্গাপুর। ১০ ডিসেম্বর প্রদর্শনী ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ৯ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল ১৮ ডিসেম্বর। প্রতিদিন দুটো করে ম্যাচ হবে। দুটি ম্যাচের মাঝখানে দর্শকদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে।
এমপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা শিখর ধাওয়ান। প্রতিযোগিতার উদ্বোধনের দিন তিনি মালদায় আসবেন। বুধবার প্রতিযোগিতার ঘোষণার সময় তিনি ভার্চুয়ালি হাজির ছিলেন। এমপিএল আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট মানুষকে একত্রিত করতে এবং তরুণদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারে। মালদা প্রিমিয়ার লিগের মতো উদ্যোগ উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরার, আত্মবিশ্বাস অর্জনের এবং প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান মঞ্চ দিতে পারে। আমি আশা করি, তরুণ খেলোয়াড়েরা এই সুযোগগুলির যথাযথ সদ্ব্যবহার করবে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাবে।’ অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট টলিউড অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি, সোহিনী গুহ রায় এবং রাজনন্দিনী পাল।
যাঁর উদ্যোগে এই মালদা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে, চৌধুরি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সেই চেয়ারম্যান আজম চৌধুরি বলেন, ‘কয়েকমাস আগে ঠিক করেছিলাম, মালদার জন্য কিছু করব। সেই ভাবনা থেকেই এই টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগের ভাবনা। মালদা প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করা এবং উৎসাহিত করার একটা উদ্যোগ, যারা প্রায়শই বড় ক্রীড়াকেন্দ্রগুলির বাইরে থেকে যাওয়ার কারণে যথাযথ পরিচিতি পায় না। আমাদের লক্ষ্য হল তরুণ ক্রিকেটারদের জন্য এমন একটা পেশাদার মঞ্চ তৈরি করা, যেখানে তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারবে, অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং নিজেদের ক্রীড়াক্ষেত্রের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে।’
❤ Support Us







