- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৭, ২০২৬
ভারতীয় মহিলা ক্রিকেট দলে নতুন যুগের সূচনা, নেতৃত্বে স্মৃতি মান্ধানা
প্রত্যাশামতোই ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা। তিনি হরমনপ্রীত কাউরের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার সব ধরনের ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান হরমনপ্রীত। তারপরই স্মৃতি মান্ধানাকে অধিনায়ক করার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকে বোর্ড। জিম্বাবোয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করবেন স্মৃতি মান্ধানা। টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক করা হয়েছে শেফালি ভার্মাকে। অন্যদিকে, দীপ্তি শর্মাকে একদিনের দলের সহঅধিনায়ক করা হয়েছে। সব ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে হরমনপ্রীত সরে দাঁড়ানোয় ভারতীয় দলের নেতৃত্বে এই পরিবর্তন এল।
সোমবার গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, মহিলা দলের কোচ অমল মজুমদার, হরমনপ্রীত কাউর এবং স্মৃতি মান্ধানার মধ্যে ভারতীয় দল নিয়ে একটা পর্যালোচনা বৈঠক হয়। এর পরই হরমনপ্রীত নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্মৃতি মান্ধানার নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড স্মৃতি মান্ধানাকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করছে।’
দীর্ঘদিন ধরেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা স্তম্ভ স্মৃতি মান্ধানা। ২০১৩ সালে জাতীয় দলে অভিষেক হয়। তারপর থেকেই তিনটি ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ অংশ। বছরের পর বছর ধরে ভারতীয় মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দারুণ অবদান রেখেছেন মান্ধানা। দীর্ঘদিন হরমনপ্রীত কাউরের ডেপুটি ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মান্ধানার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তার অধিনায়কত্বের প্রভাবও দেখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২০২৪ এবং ২০২৬ সালে মহিলাদের প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড স্মৃতির নেতৃত্বদানের দক্ষতার কথা উল্লেখ করে বলেছে, ‘ফ্র্যাঞ্চাইজি এবং ঘরোয়া ক্রিকেটে স্মৃতির অভিজ্ঞতা ভারতীয় দলের কাজে লাগবে। অধিনায়কত্বের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক অভিজ্ঞতা মান্ধানার রয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে ভারতীয় মহিলা দলে নতুন অধ্যায়ের সূচনা হল।’
এদিকে, জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি এবং একদিনের দল ঘোষণা করা হয়েছে। নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানার নেতৃত্বে ভারতীয় দল জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের একটি একদিনের সিরিজ খেলবে। শেফালি ভার্মাকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক এবং দীপ্তি শর্মাকে একদিনের দলের সহ-অধিনায়ক করা হয়েছে। হরমোনপ্রীত কাউরও দলে রয়েছেন।
টি২০ দলে রয়েছেন: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি ভার্মা (সহ-অধিনায়ক), নিকি প্রসাদ, হরমনপ্রীত কাউর, অনুষ্কা শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনী (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, শ্রী চরণি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, জিন্তিমনি কালিমা এবং মিন্নু মণি।
একদিনের দলে রয়েছেন: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হরমনপ্রীত কাউর, হারলিন দেওল, তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), বৈষ্ণবী শর্মা, সায়লি সাতঘরে, শ্রী চরণি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড় এবং রেণুকা ঠাকুর।
❤ Support Us








