- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৬, ২০২৬
প্রথম ভারতীয় হিসেবে জাপান মাস্টার্স জয়, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে এগোলেন লক্ষ্য
পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। জাপানের কুমামোটো মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য সেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই শিরোপা জিতলেন। পুরুষদের সিঙ্গলস ফাইনালে লক্ষ্য রোমাঞ্চকর তিন গেমের ম্যাচে জাপানের কোকি ওয়াতানাবেকে ১৩–২১, ২১–১৮, ২১–১৪ গেমে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি টানা দ্বিতীয়বার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ শিরোপা জিতে নিলেন। জাপান মাস্টার্সের আগে তিনি হাইলো ওপেন শিরোপা জিতেছিলেন।
ঘরের দর্শকদের সামনে খেলতে নেমে ওয়াতানাবে দারুণভাবে শুরু করেন। প্রথম গেমটি ২১–১৩ ব্যবধানে জিতে নেন। এক ঘণ্টা চার মিনিট স্থায়ী এই ম্যাচে প্রথম গেম হেরে যাওয়ার পর লক্ষ্য দ্বিতীয় গেমে দারুণভাবে ঘুরে দাঁড়ান। ভারতীয় এই তরুম ব্যাডমিন্টন তারকা ২১–১৮ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান। নির্ণায়ক গেমেও লক্ষ্য নিজের আধিপত্য বজায় রাখেন। তিনি ওয়াতানাবেকে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি। তৃতীয় গেমে ২১–১৪ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে লক্ষ্য চলতি বছর সিঙ্গাপুর ওপেন এবং জাপান ওপেনে ওয়াতানাবের কাছে হারের প্রতিশোধও নিলেন।
এই জয়ের মাধ্যমে লক্ষ্য সেন প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান কুমামোটো মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন। ২০২৩ সালে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। জাপানে শিরোপা জয়ের পথে লক্ষ্য টানা পাঁচটি ম্যাচ জেতেন। প্রথম রাউন্ডে তিনি চাইনিজ তাইপের চি ইউ-জেনকে ২১–১৯, ২১-১৮ গেমে পরাজিত করেন। এরপর তিনি চিনের ডং তিয়ানইয়াওকে ২১-৮, ২১-১৪ গেমে হারান। কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের ইউশি তানাকাকে ২১-১৬, ২১-১৫ গেমে পরাজিত করেন। সেমিফাইনালে ইন্দোনেশিয়ার আলভি ফারহানের বিপক্ষে লক্ষ্যকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিন্তু তিনি ২১-১২, ১৫-২১, ২১-১১ গেমে জয়লাভ করেন। ফাইনালে তিনি ওয়াতানাবেকে পরাজিত করে শিরোপা জেতেন।
জাপান মাস্টার্স জেতার পর লক্ষ্য সেন বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর র্যাঙ্কিংয়ে ৯২০০ পয়েন্ট অর্জন করেছেন। এই টুর্নামেন্টের আগে তিনি ৬৪৯৮০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিলেন। এই জয় বছরের শেষে অনুষ্ঠিতব্য এইচএসবিসি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ২০২৬-এর জন্য শীর্ষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। হাইলো ওপেন এবং জাপান মাস্টার্স সহ লক্ষ্য টানা ১০টি ম্যাচ জিতেছেন। এখন তিনি এই ধারাবাহিকতা ধরে রেখে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের জন্য যোগ্যতা অর্জন করতে চাইবেন।
❤ Support Us








