Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৬

নির্বাচন কমিশনকে ৪৮ প্রশ্ন, অনুমতি চেয়ে সুপ্রিম দরবারে ‘ইন্ডিয়া’ জোট

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচন কমিশনকে ৪৮ প্রশ্ন, অনুমতি চেয়ে সুপ্রিম দরবারে ‘ইন্ডিয়া’ জোট

‘এসআইআর’ চালুর সিদ্ধান্ত কে নিয়েছিলেন? কমিশনের তিন সদস্যের মধ্যে কি সর্বসম্মতি ছিল, না কি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একক ভাবে কোনও সিদ্ধান্ত নিয়েছিলেন? ভোটার তালিকা থেকে কত জনের নাম বাদ গিয়েছে ? কী পদ্ধতিতে বাদ দেওয়া হয়েছে সেসব নাম? এমনই ৪৮টি প্রশ্নের উত্তর জানতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক ভাবে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে সোমবার শীর্ষ আদালতে আবেদন জমা দিয়েছেন রাহুল গান্ধী সহ ‘ইন্ডিয়া’ জোটের নেতারা।

আগে দায়ের করা মূল মামলার পরিপ্রেক্ষিতেই এই নতুন আবেদন। বিরোধীদের অভিযোগ, ‘এসআইআর’ সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশন নিজেদের বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও নথি আদালতে পেশ করেনি। বরং বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দায় সেরেছে। অথচ ‘এসআইআর’ প্রক্রিয়ার অনুমোদন, বাস্তবায়ন ও ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজনের পদ্ধতি সম্পর্কে প্রকৃত তথ্য একমাত্র কমিশনের কাছেই রয়েছে। তাই কমিশনের কাছে ৪৮টি নির্দিষ্ট প্রশ্নের উত্তর চাওয়ার অনুমতি দেওয়া হোক বলে আবেদন করেছেন তাঁরা। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশী এবং ডেপুটি নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইয়েতুরু-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে হলফনামার মাধ্যমে জবাব চাওয়া হয়েছে। বিরোধীদের বক্তব্য, নির্বাচন কমিশন আদালতে যে সমস্ত দাবি করেছে, সরকারি নথির ভিত্তিতে সেগুলির সত্যতা যাচাই করতেই এই উদ্যোগ।

বিরোধীদের প্রশ্নের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে দেশজুড়ে ‘এসআইআর’ চালুর সিদ্ধান্ত। নির্বাচন কমিশন সম্মিলিত ভাবে সে সিদ্ধান্ত নিয়েছিল, না কি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাকি দুই কমিশনারের সম্মতি ছাড়াই একক ভাবে সিদ্ধান্ত কার্যকর করেছিলেন, তা জানতে চেয়েছেন আবেদনকারীরা। কমিশনের সদস্যদের মধ্যে এ বিষয়ে কোনো মতপার্থক্য তৈরি হয়েছিল কি না, তা-ও স্পষ্ট করতে বলা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের অন্দরে ‘এসআইআর’ নিয়ে মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিও করেছে ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি। সে আবহেই এ বার সুপ্রিম কোর্টে এই প্রশ্ন তুললেন বিরোধীরা। আবেদনে জানতে চাওয়া হয়েছে, দেশজুড়ে ‘এসআইআর’ চালুর সিদ্ধান্ত ঠিক কবে নেওয়া হয়েছিল? কোন প্রশাসনিক প্রক্রিয়ায় সেই সিদ্ধান্তে পৌঁছেছিল কমিশন? কমিশনের বৈঠকে আলোচনা করে, ফাইল ঘুরিয়ে অনুমোদন নিয়ে, না কি বৈদ্যুতিন মাধ্যমে সম্মতি সংগ্রহ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? প্রতিটি কমিশনার কবে তাতে সম্মতি জানিয়েছিলেন? প্রতিটি ‘এসআইআর’ নির্দেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফাইল নম্বর এবং সিদ্ধান্ত গ্রহণের তারিখও প্রকাশ করার দাবি জানানো হয়েছে।

এখানেই শেষ নয়। ২০২৫ সালে দেশজুড়ে ‘এসআইআর’ চালুর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। অথচ পরবর্তী সময়ে তথ্যের অধিকার (আরটিআই) আইনে করা এক প্রশ্নের উত্তরে কমিশন জানিয়েছিল, দেশজুড়ে ‘এসআইআর’ চালুর সিদ্ধান্ত সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে নেই। দুই বক্তব্যের মধ্যে আপাত অসংগতি রয়েছে বলে দাবি বিরোধীদের। অসংগতির ব্যাখ্যাও চেয়েছেন তাঁরা। পাশাপাশি, নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশীর ভূমিকা নিয়েও নির্দিষ্ট প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ২৬ অক্টোবর পর্যন্ত ‘এসআইআর’, ‘ইসিনেট’, ‘ফর্ম ৬’ অথবা আদালতে আপিল দায়ের সংক্রান্ত কোনো বিষয়ে ওই দুই কমিশনার লিখিত ভাবে আপত্তি বা ভিন্নমত জানিয়েছিলেন কি না, তা জানতে চাওয়া হয়েছে। যদি আপত্তি জানিয়ে থাকেন, তা হলে কোন তারিখে, কোন ফাইল নম্বরে এবং কোন বিষয়ে সেই আপত্তি জানানো হয়েছিল, তার বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে বলে দাবি বিরোধীদের। এ ছাড়াও, ২০২৩ সালের আইনের ১৮(২) ধারা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ‘এসআইআর’ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, সে প্রশ্নও রয়েছে। যদি হয়ে থাকে, তা হলে প্রতিটি সিদ্ধান্তের বিবরণ, কোন কমিশনার তাতে ভিন্নমত পোষণ করেছিলেন, তা জানাতে হবে।

‘এসআইআর’ প্রক্রিয়ায় ভোটারদের তথ্য সংরক্ষণ ও পরিবর্তনের জন্য ব্যবহৃত ডিজিটাল ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। ‘ইআরওনেট’ এবং ‘ইসিনেট’ নামে দুটি প্ল্যাটফর্মের কেন্দ্রীকরণ কী ভাবে হয়েছে, সেগুলি কী ভাবে তৈরি, পরিবর্তন, পরিচালনা করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। ভোটার তালিকার তথ্যভান্ডারে কারা প্রবেশ করতে পারেন, কারা ভোটারের নাম সংযোজন, বিয়োজন, সংশোধন কিংবা পুনরায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখেন, সেই আধিকারিকদের তালিকা চেয়েছেন আবেদনকারীরা। শুধু সরকারি আধিকারিকরাই নন, বেসরকারি সংস্থা বা ঠিকাদার সংস্থার কর্মীদেরও ভোটারদের তথ্যভান্ডারে বিশেষ প্রবেশাধিকার কিংবা সরাসরি তথ্য পরিবর্তনের অধিকার দেওয়া হয়েছিল কি না, তা-ও জানতে চেয়েছেন তাঁরা। ‘ইসিনেট’ ব্যবস্থায় ভোটারদের তথ্য পরিবর্তনের প্রতিটি ঘটনা নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কোনো ভোটারের তথ্য বদলানো হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট, পরিবর্তনের তারিখ ও সময় এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের নির্দেশের বিবরণ সংরক্ষিত থাকে কি না, তা জানতে চেয়েছে বিরোধীরা। এ ধরনের তথ্যের ধারাবাহিক রেকর্ডকেই প্রযুক্তির পরিভাষায় ‘অডিট ট্রেল’ বলা হয়।

ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত ‘ফর্ম ৬’-এর পরিবর্তন নিয়েও নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অনলাইনে ‘ফর্ম ৬’ জমা দেওয়ার পদ্ধতিতে নতুন করে একটি ঘোষণা বা ‘ডিক্লারেশন’ যুক্ত করার কারণ কী, তা জানতে চেয়েছেন রাহুল গান্ধীরা। ওই ঘোষণা কিংবা ভোটারের তথ্যের ম্যাপিং সংক্রান্ত নথি জমা না দেওয়ার কারণে কতগুলি আবেদন বাতিল হয়েছে অথবা কতগুলি আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে, সে হিসাবও চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি; ‘এসআইআর’ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কত জনের নাম বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে আর তার আগে কী ধরনের যাচাই করা হয়েছিল? বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) ভূমিকা কী ছিল, কত জন ভোটারকে নোটিস পাঠানো হয়েছিল এবং নিজেদের বক্তব্য বা আপত্তি জানানোর জন্য তাঁদের কতটা সময় দেওয়া হয়েছিল, তা-ও জানতে চাওয়া হয়েছে।

বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে। বিশেষত দরিদ্র, দলিত, সংখ্যালঘু এবং পরিযায়ী শ্রমিকদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এর ফলে সমস্যায় পড়েছেন। যথাযথ নোটিস না দিয়ে কিংবা প্রয়োজনীয় যাচাই ছাড়াই ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে কি না, সে প্রশ্নও তুলেছে ‘ইন্ডিয়া’ জোট। এ ছাড়া, বিভিন্ন রাজ্যে একই নিয়ম ও পদ্ধতি অনুসরণ করা হয়েছিল কি না, তা-ও জানতে চেয়েছেন আবেদনকারীরা। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। অথচ ‘এসআইআর’ প্রক্রিয়ায় সে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিচারবিভাগীয় আধিকারিকদের দেওয়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফে দায়ের করা আপিল নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে আবেদনপত্রে। কতগুলি ক্ষেত্রে আপিল করা হয়েছে, কোন আধিকারিক সেই আপিলের অনুমোদন দিয়েছিলেন এবং কী মাপকাঠিতে নির্দিষ্ট মামলাগুলিকে আপিলের জন্য বেছে নেওয়া হয়েছিল, তা প্রকাশ করার দাবি জানানো হয়েছে। বিরোধীদের বক্তব্য, এ ধরনের আপিলের পিছনে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা স্পষ্ট হওয়া প্রয়োজন। আবেদনে আরও বলা হয়েছে, ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই আদালতের সামনে প্রকৃত তথ্য ও নথি তুলে ধরতে কমিশনের আপত্তি থাকার কথা নয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ‘এসআইআর’ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী-সহ ‘ইন্ডিয়া’ জোটের নেতারা আগেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। কমিশনের বিভিন্ন ফাইল, বৈঠকের কার্যবিবরণী, অভ্যন্তরীণ নোট, নির্বাচন কমিশনারদের লিখিত আপত্তি এবং ‘ইআরওনেট’ ও ‘ইসিনেট’ ব্যবস্থার ‘অ্যাক্সেস লগ’ বা প্রবেশ সংক্রান্ত তথ্য প্রকাশের দাবি জানিয়েছিলেন তাঁরা। বিরোধীদের সেই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন এবং তিন নির্বাচন কমিশনারকে নোটিস দিয়েছিল শীর্ষ আদালত। গত ২৭ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হয়েছিল। সে দিন নির্বাচন কমিশনের জবাবি হলফনামার পরিপ্রেক্ষিতে নিজেদের বক্তব্য জানানোর জন্য আবেদনকারীদের ১০ দিন সময় দিয়েছিল আদালত। কমিশন তার হলফনামায় দাবি করেছিল, ‘এসআইআর’ সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তিন নির্বাচন কমিশনারের সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল।  এ বার সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েই ৪৮টি প্রশ্নের উত্তর চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বিরোধীরা। মঙ্গলবার, ১৭ নভেম্বর, ‘এসআইআর’ সংক্রান্ত মামলাগুলির সঙ্গে এ আবেদনও শুনানির জন্য ওঠার কথা। ৪৮টি প্রশ্ন করার অনুমতি বিরোধীদের দেওয়া হবে কি না এবং নির্বাচন কমিশনকে সেগুলির জবাব দিতে নির্দেশ দেওয়া হবে কি না, সেটাই সবচেয়ে বড়ো প্রশ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!