- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৬, ২০২৬
ডিসেম্বরের গোড়াতেই সংসদের শীতকালীন অধিবেশন ? একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে ‘ডিলিমিটেশন’ বা ‘লোকসভা আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল’টি ফের সংসদে পেশ করতে উদ্যোগী কেন্দ্র। তবে বিল পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করাই এখন সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। কারণ, লোকসভায় একক ভাবে সে সংখ্যা নেই শাসক জোট ‘এনডিএ’-র। ফলে বিলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বিরোধী শিবিরের মনোভাবের উপর। সংসদ সূত্রে খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহে অধিবেশন শুরুর সম্ভাবনা নিয়ে সরকারের শীর্ষ স্তরে আলোচনা চলছে। সম্ভাব্য দিনক্ষণ নিয়েও কথাবার্তা হয়েছে।
৫৪৩ আসনের লোকসভায় বর্তমানে তিনটি আসন শূন্য। ফলে কার্যকর সদস্যসংখ্যা ৫৪০। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে অন্তত ৩৬১ জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে, যদি সব সদস্য ভোট দেন। সেখানে শাসক জোট ‘এনডিএ’-র সাংসদ সংখ্যা ৩২০। অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে বিরোধীদের অন্তত একাংশের সমর্থন দরকার। যদিও সে অঙ্ক নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয় কেন্দ্র। ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী তারা। তবে রাজনৈতিক পরিস্থিতি যে সরকারের অনুকূলে রয়েছে, এমনটা বলা যাচ্ছে না। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ ঘিরে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের সংঘাত ক্রমশ বাড়ছে। ‘এসআইআর’ প্রক্রিয়ার বিরুদ্ধে সরব বিরোধী দলগুলি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও আন্দোলন জোরদার করেছে তারা। ফলে শীতকালীন অধিবেশনে সে বিষয়টি নিয়েই সংসদের দুই কক্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাব পড়তে পারে সংসদের স্বাভাবিক কাজকর্মেও। শাসক জোটের এক সাংসদের বক্তব্য, সংসদে স্বাভাবিক পরিবেশ বজায় না থাকলে সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা এবং ভোটাভুটি সম্ভব নয়।
মহিলাদের জন্য সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে নতুন করে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই সংরক্ষণ কার্যকর করতে চায় সরকার। কিন্তু প্রস্তাবিত সংবিধান সংশোধনীতে মহিলা সংরক্ষণের পাশাপাশি লোকসভা ও বিধানসভাগুলির আসন পুনর্বিন্যাসের বিষয়টিও জুড়ে রয়েছে। সে সূত্রেই লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বাধিক ৮৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। গত ১৭ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় তা পাশ করানো যায়নি। এ বার শীতকালীন অধিবেশনে ফের বিলটি পেশ করে পাশ করানোর চেষ্টা হতে পারে। তবে শুধু সংখ্যার অঙ্ক নয়, ‘ডিলিমিটেশন’ নিয়ে বিভিন্ন রাজ্যের আপত্তিও সরকারের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বিশেষত দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসন পুনর্বিন্যাস করা হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে তুলনামূলক ভাবে সফল রাজ্যগুলি সংসদে নিজেদের প্রতিনিধিত্বের অনুপাতে পিছিয়ে পড়বে। অন্যদিকে, উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলির আসনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে যেতে পারে। সে উদ্বেগ দূর করতে বিকল্প ভাবনাচিন্তা করছে কেন্দ্র। সূত্রের খবর, প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি রাজ্যের লোকসভা আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর কথা বিবেচনা করা হচ্ছে। তবে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের মধ্যে লোকসভায় আসনের যে অনুপাত রয়েছে, তা বজায় রাখার প্রস্তাবও রয়েছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজেপি সূত্রের দাবি, ‘এনডিএ’-র বাইরেও কয়েকটি দলের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী তারা। সে তালিকায় ‘ডিএমকে’ এবং ‘এনসিপি’ (শরদ পাওয়ার)-এর মতো দলের নামও রয়েছে। তবে বিরোধী শিবিরের অবস্থান কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
‘ডিলিমিটেশন’ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করা গেলে ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিলটিও শীতকালীন অধিবেশনে আলোচনার জন্য পেশ করতে পারে কেন্দ্র। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করানোর প্রস্তাব খতিয়ে দেখতে যে যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, শীতকালীন অধিবেশনেই তাদের রিপোর্ট জমা পড়ার কথা। ফলে ‘মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস’-এর পাশাপাশি ‘এক দেশ, এক নির্বাচন’ও অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। সংসদের শীতকালীন অধিবেশনের দিনক্ষণ নিয়ে জল্পনার পিছনে আরও একটি তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেনি কেন্দ্র। গত ১৩ আগস্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। সংসদীয় পরিভাষায় যাকে বলা হয় ‘অ্যাডজার্নড সিনে ডাই’। কিন্তু তার পরেও অধিবেশনটি আনুষ্ঠানিক ভাবে ‘প্রোরোগ’ করা হয়নি। ইতিমধ্যে ৯৪ দিন পেরিয়ে গিয়েছে। ২০০৮ সালে তৈরি হওয়া ৮৭ দিনের আগের রেকর্ডও ছাপিয়ে গিয়েছে এই সময়সীমা।
এ পরিস্থিতিতে পুরনো অধিবেশনের মেয়াদ বাড়িয়ে অথবা নতুন করে বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিলটি পেশ করার সুযোগ সরকারের হাতে রয়েছে। পুরনো অধিবেশনের বর্ধিত বৈঠক ডাকতে অন্তত দু-দিনের নোটিস প্রয়োজন। অন্যদিকে, নতুন অধিবেশন আহ্বান করতে অন্তত ১৪ দিনের নোটিস দিতে হয়। অর্থাৎ বাদল অধিবেশন আনুষ্ঠানিক ভাবে শেষ না করায় প্রয়োজনে কম সময়ের নোটিসে সংসদের বৈঠক ডাকার একটি বিকল্প খোলা রেখেছে সরকার। উল্লেখ্য, কোনো অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার পর কত দিনের মধ্যে সংসদকে আনুষ্ঠানিক ভাবে প্রোরোগ করতে হবে, সে বিষয়ে সংবিধানে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সেই সুযোগেই বাদল অধিবেশন এখনও আনুষ্ঠানিক ভাবে শেষ করা হয়নি বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নে সরাসরি মুখোমুখি হতে পারে সরকার ও বিরোধী পক্ষ। ফলে, অধিবেশনের আবহ যে যথেষ্ট উত্তপ্ত হতে চলেছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট।
❤ Support Us







