- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৬, ২০২৬
স্থগিত কারাবাসের সাজা, বিলকিস বানো মামলায় দুই আসামিকে জামিন সুপ্রিম কোর্টের
বিলকিস বানো মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ১১ জনের মধ্যে দু-জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ১৭ বছরেরও বেশি সময় কারাবাসের কথা বিবেচনা করে তাঁদের সাজা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । দুই দোষীর মধ্যে এক জনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টিও জামিনের আবেদন বিবেচনার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে । তবে এ নির্দেশে তাঁদের দোষী সাব্যস্ত হওয়ার রায় খারিজ করা হয়নি । মূল মামলায় দায়ের করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা । সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টের নির্ধারিত শর্ত মেনেই জামিনে মুক্ত থাকতে পারবেন তাঁরা ।
নির্দেশ দিয়েছেন সুপ্রিম বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ । বিপিনচন্দ কানহাইয়ালাল জোশী ও প্রদীপ রামনলাল মোঢিয়া নামে ওই দুই ব্যক্তি ২০১৭ সালের মে মাসে বম্বে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন । তাঁদের দোষী সাব্যস্ত করার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও বহাল রেখেছিল বম্বে হাই কোর্ট । সে রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি এখনো বাকি। এদিনের শুনানিতে দুই আবেদনকারীর দীর্ঘ কারাবাসের বিষয়টি তুলে ধরেন তাঁদের আইনজীবীরা । আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং সোনিয়া মাথুরের বক্তব্য ছিল, তাঁদের মক্কেলরা ১৭ বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন । তাঁদের মধ্যে এক জনের নাম ঘটনার সময় দায়ের হওয়া প্রাথমিক এফআইআরে ছিল না । অপরাধের প্রায় তিন বছর পরে তাঁকে এই মামলায় জড়ানো হয় । অন্য জন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার । এ পরিস্থিতিতে তাঁদের সাজা স্থগিত রেখে জামিন দেওয়া উচিত বলে আদালতে সওয়াল করেন তাঁরা ।
আইনজীবীদের আরও দাবি, যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে পুলিশকে দেওয়া বিলকিস বানোর প্রাথমিক বয়ানে ওই দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি । চিকিৎসকের কাছে শারীরিক পরীক্ষার সময় দেওয়া বিবৃতিতেও তাঁদের নাম ছিল না বলে আদালতে জানান তাঁরা । এমনকি, ঘটনার সময় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অপরাধমূলক কাজের অভিযোগও আনা হয়নি । জনতার ভিড়ে তাঁদের উপস্থিত থাকার সম্ভাবনা ছাড়া অন্য কোনো প্রত্যক্ষ প্রমাণ তাঁদের বিরুদ্ধে নেই বলেও দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা । যদিও জামিনের আবেদনের বিরোধিতা করে সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজকুমার ভাস্কর ঠাকরে জানান, এটি গণ-যৌন নির্যাতন ও খুনের মতো অত্যন্ত গুরুতর অপরাধের মামলা । নিম্ন আদালত এবং বম্বে হাই কোর্ট, দুই আদালতই তথ্যপ্রমাণ বিচার করে তাঁদের দোষী সাব্যস্ত করেছে । সে রায় বহাল থাকাকালীন জামিনের আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিবেচনা করা প্রয়োজন বলে সওয়াল করেন তিনি ।
দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, আবেদনকারীরা ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন । তাঁদের মধ্যে এক জনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে । তা ছাড়া, আপিলে তথ্যগত ও আইনি একাধিক প্রশ্নের নিষ্পত্তি হওয়া বাকি । এ পরিস্থিতিতে তাঁদের সাজা স্থগিত রেখে জামিন দেওয়া হচ্ছে । তবে জামিনের শর্ত নির্ধারণ করবে সংশ্লিষ্ট ট্রায়াল কোর্ট । গত মার্চ মাসেই তাঁদের আবেদনের ভিত্তিতে গুজরাত ও মহারাষ্ট্র সরকারের কাছে জবাব চেয়েছিল শীর্ষ আদালত । দীর্ঘ শুনানির পর ২৮ অক্টোবর এই নির্দেশ দেওয়া হয় । রবিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নির্দেশটি প্রকাশিত হয়েছে । শীর্ষ আদালতের এ নির্দেশ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় ঘটে যাওয়া বিলকিস বানোকে গণহারে যৌন নির্যাতন ও পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে দোষীদের সাজা মকুবের বিতর্ক । ২০০২ সালের ৩ মার্চ দাহোদ জেলার দেবগড় বারিয়া এলাকায় হিংসার হাত থেকে বাঁচতে পালানোর সময় আক্রান্ত হয়েছিলেন বিলকিস এবং তাঁর পরিবারের সদস্যেরা । তখন তাঁর বয়স ছিল ২১ বছর । তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । অভিযোগ, হামলাকারীরা তাঁর উপর সম্মিলিতভাবে যৌন নির্যাতন চালায় । তাঁর তিন বছরের শিশুকন্যাকে চোখের সামনে পাথরে আছড়ে হত্যা করা হয় । ওই হামলায় পরিবারের আরও ছয় সদস্যের মৃত্যু হয়। সব মিলিয়ে নিহত হন পরিবারের সাত জন ।
ঘটনার তদন্তের দায়িত্ব পায় সিবিআই । মামলার বিচার প্রথমে গুজরাতে শুরু হলেও পরে সাক্ষীদের নিরাপত্তা এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার স্বার্থে সুপ্রিম কোর্টের নির্দেশে তা মহারাষ্ট্রের মুম্বইয়ে স্থানান্তরিত হয় । ২০০৮ সালের ২১ জানুয়ারি মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় । মামলায় মোট ১২ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ রয়েছে । পরবর্তী সময়ে এক জনের মৃত্যু হয় । ২০১৭ সালে বম্বে হাই কোর্টও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে। কিন্তু ২০২২ সালের ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তির দিন গুজরাত সরকার সাজা মকুবের সিদ্ধান্ত নেয় । মুক্তি দেওয়া হয় ওই ১১ জনকেই । পরের দিন গোধরা উপ-জেল থেকে বেরিয়ে আসেন তাঁরা । জেল থেকে বেরোনোর পর কয়েক জন তাঁদের ফুলের মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে স্বাগত জানান । সে ছবি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিতর্ক শুরু হয় । বিভিন্ন মহিলা সংগঠন, মানবাধিকারকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন । সাজা মকুবের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস বানো নিজেও ।
২০২৪ সালের ৮ জানুয়ারি গুজরাত সরকারের সেই সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । আদালতের পর্যবেক্ষণ ছিল, এই মামলার বিচার মহারাষ্ট্রে হওয়ায় সাজা মকুবের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার গুজরাত সরকারের ছিল না । যে রাজ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সাজা মকুবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল সে রাজ্যের । শুধু তা-ই নয়, তথ্য গোপন ও আদালতকে বিভ্রান্ত করে সাজা মকুবের নির্দেশ আদায় করা হয়েছিল বলেও পর্যবেক্ষণে জানায় শীর্ষ আদালত । ওই নির্দেশকে আইনত অবৈধ ঘোষণা করে ১১ জন দোষীকেই দু-সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় । আদালতের নির্দেশ মেনে তাঁরা ফের গোধরা জেলে ফিরে যান । সুপ্রিম কোর্টের সে রায়ের পর বিলকিস বানোর প্রতিক্রিয়াও বিশেষ ভাবে আলোচনায় এসেছিল । সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ হওয়ার পর তিনি জানিয়েছিলেন, দীর্ঘ সময়ের মধ্যে সে দিনই প্রথম বার তাঁর হাসি পেয়েছিল । তাঁর কথায়, বুকের উপর থেকে যেন পাথর নেমে গিয়েছে, আবার নিঃশ্বাস নিতে পারছেন । শীর্ষ আদালতের রায়কে তিনি শুধু নিজের জন্য নয়, দেশের সমস্ত মহিলার জন্য আশার আলো বলেও উল্লেখ করেছিলেন । ন্যায়বিচারের আশা ফিরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি ।
দীর্ঘ আইনি লড়াইয়ে বিলকিস বানোর পাশে থেকেছেন প্রবীণ আইনজীবী শোভা গুপ্ত । ২০০৩ সাল থেকে বিনা পারিশ্রমিকে তাঁর হয়ে আইনি লড়াই চালিয়ে আসছেন তিনি । ট্রায়াল কোর্ট থেকে হাই কোর্ট, এমনকি সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়েও বিলকিসের হয়ে সওয়াল করেছেন শোভা । সাজা মকুবের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়েও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক জামিনের নির্দেশ অবশ্য ২০২৪ সালের সাজা মকুব সংক্রান্ত রায়কে কোনো ভাবে বদলে দিচ্ছে না । ওই ১১ জনের সাজা মকুবের সিদ্ধান্ত খারিজই রয়েছে । তবে তাঁদের মধ্যে দুই জনের দণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি চলাকালীন আপাতত কারাগারের বাইরে থাকার অনুমতি দিল শীর্ষ আদালত । দীর্ঘ কারাবাস, শারীরিক প্রতিবন্ধকতা আর আপিলে বিচারাধীন আইনি প্রশ্নগুলিকে সামনে রেখেই এই সিদ্ধান্ত । ফলে বিলকিস বানো মামলার পরবর্তী আইনি পর্বে এই দুই দোষীর সাজা বহাল থাকবে, না কি আপিলের শুনানিতে অন্য কোনো সিদ্ধান্তে পৌঁছবে আদালত, এখন সেদিকেই নজর ।
❤ Support Us







