Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৩, ২০২৬

রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের বার্তা, সিএবির নতুন কমিটিতে পদ্ম দাপট ! সজল-রীতেশ-সহ তিন বিধায়ক ও দুই নেতার জায়গা, কে কোন পদে ?

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের বার্তা, সিএবির নতুন কমিটিতে পদ্ম দাপট ! সজল-রীতেশ-সহ তিন বিধায়ক ও দুই নেতার জায়গা, কে কোন পদে ?

বাংলার ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত করার বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিন্তু সেই বার্তার মধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র নতুন কমিটি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। বঙ্গ ক্রিকেটের একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা করে নিয়েছেন বিজেপির তিন বিধায়ক এবং দুই নেতা। তাঁদের মধ্যে রয়েছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ এবং রীতেশ তিওয়ারির মতো পরিচিত মুখ।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সিএবির নতুন কমিটির সদস্যদের তালিকা। সেই তালিকায় দেখা গিয়েছে, বরানগরের বিধায়ক সজল ঘোষকে রাখা হয়েছে টুর, ফিক্সচার ও টেকনিক্যাল কমিটিতে। অন্যদিকে, রীতেশ তিওয়ারি জায়গা পেয়েছেন ফিনান্স কমিটিতে। উত্তরের বিধায়ক সৌরভ সিকদারকে রাখা হয়েছে গ্রাউন্ড কমিটিতে। একই কমিটিতে রয়েছেন উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। পাশাপাশি, দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল কমিটিতে। এছাড়াও স্টেডিয়াম কমিটিতে জায়গা পেয়েছেন অভিষেক ডালমিয়ার স্ত্রী শালিনি ডালমিয়া।

উল্লেখ্য, মাস দেড়েক আগে সিএবির বার্ষিক সাধারণ সভা বা এজিএমে উপস্থিত হয়েছিলেন বিজেপির এই বিধায়ক ও নেতারা। বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবেই তাঁরা ওই সভায় যোগ দিয়েছিলেন। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, বঙ্গ ক্রিকেট সংস্থার বিভিন্ন কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করা হতে পারে। বৃহস্পতিবার নতুন কমিটির তালিকা প্রকাশের পর সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল।

এজিএমে যোগ দেওয়ার পর রাজনীতিমুক্ত ময়দান প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল সজল ঘোষকে। জবাবে তিনি জানিয়েছিলেন, তাঁর এলাকার একটি ক্লাব তাঁকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। তাঁর কথায়, “আমার এলাকার ক্লাব আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। কাল যদি আমাকে বলেন, তাহলে আমি ছেড়েও দিতে পারি। সবসময় রাজনীতিবিদরাই কেন সফট টার্গেট? ক্লাব যদি মনে করে বিধায়ককে পাঠালে ক্রিকেটের উন্নতি হবে, সেটার কারণ নিশ্চয়ই কিছু রয়েছে।”

তবে নতুন কমিটিতে জায়গা পেলেও বিজেপির কোনও বিধায়ক বা নেতাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অনুমোদন পাওয়ার পরই নতুন কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

কিন্তু এই তালিকা প্রকাশ্যে আসতেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। বিজেপির তরফে আগে জানানো হয়েছিল, দলের বিধায়ক ও নেতাদের ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতে দেখা যাবে না। তাহলে সিএবির মতো গুরুত্বপূর্ণ ক্রীড়া সংস্থার একাধিক কমিটিতে বিজেপির জনপ্রতিনিধি ও দলীয় নেতারা জায়গা পেলেন কীভাবে? মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার বার্তার সঙ্গে সিএবির এই নতুন কমিটির কতটা সামঞ্জস্য রয়েছে, তা নিয়েই এখন শুরু হয়েছে আলোচনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!