Advertisement
  • ব | ই | চ | র্যা রোব-e-বর্ণ
  • নভেম্বর ১৫, ২০২৬

নতুন দানব, পুরনো দানো

সপ্তর্ষি বিশ্বাস
নতুন দানব, পুরনো দানো

উৎসর্গ পাতার পরের পাতাতে একটি পংক্তি। একট কবিতার শেষ পংক্তি। ‘নদীধারে গঞ্জশহরে আমরা সকলে চাই ঈশ্বরের সঙ্গে হেঁটে যেতে’। কবিতার নাম ‘নদী আর গঞ্জশহর’। কবির নাম মামাং দাই। এই একটিমাত্র কবিতা–পংক্তি যে এই গল্প গ্রন্থের সুর ঠিক কিভাবে বেঁধে দেয়, তা টের পেতে হয় গল্পগুলি পাঠ করতে করতে। টের পেতে হয় কেন এই তরুণ গল্পকার দুনিয়াভর কবি–কবিনীদের দুনিয়াখ্যাত কোনো কবিতার উল্লেখ না করে বেছে নিলেন মামাং দাই আর তাঁর কবিতাকে নিজ গ্রন্থের সূচক হিসাবে। গো পাঠিকা, হে পাঠক এই টের পাওয়া অভিযান, আমার, হোক আমাদের এ মুহুর্ত থেকে।  — ‘১৯৮১ সালের ২৯ জুলাই। আমার মা–র চোখ টেলিভিশন–পর্দায় আটক । মার তখন বয়স ষোলো। যারা মা–কে চিনতো তারা বলতো মা নাকি ছিলেন ওয়েলসের রাজকুমারীর মতো সুন্দরী। আমার মা–র অন্তিম পরিণতি কি ওই রাজকুমারীর চেয়েও করুণ ছিলনা ?

সে সময় খুব কম বাড়িতেই টেলিভিশন থাকত। ইলেক্ট্রিসিটিই ছিল না বলতে গেলে ছিল না। মণিপুরের দক্ষিণের পাহাড়জুড়ে ছড়িয়ে থাকা আরো অনেক গ্রামের মতনই সুয়াং–আলও ছিল একটি গ্রাম। ঔপনিবেশিক মিশনারিরা সেখানেও প্রচার করেছিল তাদের ধর্ম; শতাব্দীর পালাবদলের সঙ্গে তাদের হাত ধরে এসেছিল আলোক ও আধুনিকতা। এ’ও এক বিনিময় —নতুনকে জায়গা দিতে পুরোনো কে সরে যেতে হয়; হাসপাতাল ও ইস্কুল প্রতিষ্ঠার জন্য আগে গড়ে তুলতে হতো গির্জা। যাঁদের হাতে ক্ষমতা ছিল, তাঁরা এই দেশে তাঁদের ঈশ্বর ও তাঁদের শিল্প–কারখানা নিয়ে এসেছিলেন। যে দেশে একদা বৃষ্টি ও সূর্য দেবতা বলে পূজিত হতো; যে দেশ একদা ছিল বর্বর, সেখানে এখন বাস করে ঈশ্বরে বিশ্বাসী আর সমাজে আস্থাশীল মানুষ।

ভারসাম্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পরে ছিল — বিশেষত যুদ্ধের পর মিশনারিরা চলে যাওয়ায়। পুরোনো রীতিনীতি আর নতুন ব্যবস্থা শান্তিপূর্ণ সহাবস্থানে যেতে পাশাপাশি পারছিল না কিছুতেই, কেননা অন্তর্নিহিত নীতিগুলি সব দিক থেকে পরস্পরকে রুখে দাঁড়িয়েছিল। এ সংঘাতের মধ্যে প্রতিশ্রুত শিল্পায়ন, প্রত্যাশিত আধুনিকতা — সবই রাস্তা–ধারের ঝোপে অবহেলিত পড়ে রইল।

সভ্যতা যা আদতে পুঁজি আর পুঁজিতন্ত্রেরই নামান্তর তার জন্মই ‘দূরে কাছে কেবলি নগর, ঘর ভাঙে ; গ্রামপতনের শব্দ’ – তার প্রতি মোড়, প্রতি বাঁক, পুঁজির অন্তর্গত সংকটের। প্রতিটি বাঁক পুঁজিতন্ত্রের মৃত্যু বাঁক। নিশ্চিত মৃত্যু এড়াতে পুঁজিতন্ত্র হয়ে ওঠে, উঠেছে, উঠবে আরো হিংস্র। ভেঙ্গেছে, ভাঙছে, ভাঙবে আরো ঘর, আরো আরো গ্রাম শহর পতনের শব্দে …। আশির দশকও তেমনি। একটা দশক, যার আরম্ভে ‘আই–এম–এফ’, অন্তিমে ‘গ্লাসনস্ত–পেরেস্ত্রইকা’। সে দশক এই তরুণ গল্পকার চোখে দেখেনি। কিন্তু টের পেয়েছে। টের পেয়েছে আশ্চর্য শূন্য, অন্তর্গত বিচ্ছিন্নতা, যার নিমিত্ত সুয়াং–আল হেন নিতান্ত অজ গ্রামের ষোড়শীও নিজেকে সংপৃক্ত করে ফেলে কোন অচিন দেশের কোন ধন কুবের রাজকন্যার সঙ্গে

ষাটের দশকের শেষ দিকে সুয়াং–আলের নীল আকাশের বুক চিরে টানানো হলো বিদ্যুতের —মস্ত বড়ো কিছু অচিরে ঘটতে চলেছে, যেন তারই  ইঙ্গিত। যদিও ওই তারগুলির সিংহ ভাগ ছিল অচল। তথাপি কয়েক বচ্ছরের মধ্যেই গ্রাম–প্রধান এই গ্রামের প্রথম রেডিয়োটি কিনে আনলেন। প্রায় সারাদিন লোকজন তাঁর বাড়িতে জড়ো হতো রেডিয়ো শুনতে। খবরের জন্য তাদের উৎসাহ ততটা নয়, যতটা উৎসাহ ওই ছোট্ট কালো বাক্সের ভেতরে বাস করা পিঁপড়ের মতো খুদে মানুষগুলির প্রতি; যারা ওই বাক্সের অন্দর থেকে বলে যায় অদ্ভুত সব কথা।  মিশনারি ইস্কুলে পড়া, ইংরেজি বর্ণমালা চিনতে পারা লোকেরাও অ্যাপোলো ১৩, মিউনিখ কিংবা সায়গনের মতো শব্দের অর্থ বুঝতে পারতো না। তারা এই ভেবেই সন্তুষ্ট ছিল যে পৃথিবীর যেসব জায়গা কোনো দিন নিজের চোখে দেখা হবে না, সেসব জায়গার খবর অন্তত কানে শোনা যাচ্ছে।

 ১৯৮০ সালের এক সন্ধ্যায় গ্রাম–প্রধান তাঁর ট্রলি–রিকশায় টেনে একটি বিশাল কার্ডবোর্ডের বাক্স নিয়ে বাড়ি ফিরলেন।…  বাক্সটির ভেতরে ভবিষ্যৎ এসে হাজির হয়েছিল। এল টেলিভিশন। – ‘If The Princess Had lived’ – যা তরুণ গল্পকারের প্রথম গল্প সংকলন ‘Peace In The Land Of Death’ এর চতুর্থ গল্প, তার আরম্ভের বঙ্গানুসরন হয় এইরূপ। বিস্তারে যাওয়ার আগে লক্ষ্য করি তথ্য গুলি। স্থান মণিপুর। মণিপুরের চূড়াচাঁদপুর জেলার একটি ছোট্ট গ্রাম সুয়াং–আল যাকে সুয়াংগুয়াল বা সুয়াংগালও লেখা হয়ে থাকে। কাল ১৯৮১। সহজ, মোটা তথ্য। একটু তলিয়ে দেখলে চোখে পড়ে আরো কিছু তথ্য। সহজেই। ১৯৭৬ এ অর্থনৈতিক বিষয়ক প্রধান উপদেষ্টার পদ থেকে ১৯৮২ সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর হয়ে মনমোহন সিং–এর আগমন। সেই মনমোহন যার হাত ধরে এ দেশে ‘আই–এম–এফ’ এর বিকাশ, বিস্তার। খোলা বাজার অর্থনীতির মারণ ঝাঁপ। আশির দশকের গোড়ায় এইসব প্রস্তুতিপর্বের শুরু। সভ্যতা যা আদতে পুঁজি আর পুঁজিতন্ত্রেরই নামান্তর তার জন্মই ‘দূরে কাছে কেবলি নগর, ঘর ভাঙে ; গ্রামপতনের শব্দ’ – তার প্রতি মোড়, প্রতি বাঁক, পুঁজির অন্তর্গত সংকটের। প্রতিটি বাঁক পুঁজিতন্ত্রের মৃত্যু বাঁক। নিশ্চিত মৃত্যু এড়াতে পুঁজিতন্ত্র হয়ে ওঠে, উঠেছে, উঠবে আরো হিংস্র। ভেঙ্গেছে, ভাঙছে, ভাঙবে আরো ঘর, আরো আরো গ্রাম শহর পতনের শব্দে …। আশির দশকও তেমনি। একটা দশক, যার আরম্ভে ‘আই–এম–এফ’, অন্তিমে ‘গ্লাসনস্ত–পেরেস্ত্রইকা’। সে দশক এই তরুণ গল্পকার চোখে দেখেনি। কিন্তু টের পেয়েছে। টের পেয়েছে আশ্চর্য শূন্য, অন্তর্গত বিচ্ছিন্নতা, যার নিমিত্ত সুয়াং–আল হেন নিতান্ত অজ গ্রামের ষোড়শীও নিজেকে সংপৃক্ত করে ফেলে কোন অচিন দেশের কোন ধন কুবের রাজকন্যার সঙ্গে। এই ‘ফেটিশিজম’-এর বাহক টেলিভিশন। এই ‘ফেটিস–ব্যাধি’র আদর্শ আবহাওয়া ‘প্রতিশ্রুত শিল্পায়ন, প্রত্যাশিত আধুনিকতা’— যা ‘সবই রাস্তা–ধারের ঝোপে অবহেলিত পড়ে রইল’ – পুঁজির, পুঁজিবাদের নিয়মে। শুধু কি সুয়াং–আল কিংবা চূড়াচাঁদপুর ? শুধু কি মণিপুর ? অরুণাচল প্রদেশের কবি মামাং দাই, যিনি এই তরুণ গল্পকারের দেড় প্রজন্ম আগের, তিনি কেন লিখবেন তাঁর কবিতায় – কেবলই মৃত্যুর কথা মনে আনে গঞ্জ মফস্বল (‘Small towns always remind me of death’) ? – এই যে মৃত্যু, তা জীবন্মৃত হয়ে থাকবার, বাঁচবার নয়, থাকবার চাপ, বিষাদ, বিচ্ছিন্নতা। যে বিচ্ছিন্নতার নিমিত্ত গল্পে ‘মিশনারি ইস্কুলে পড়া, ইংরেজি বর্ণমালা চিনতে পারা লোকেরাও অ্যাপোলো ১৩, মিউনিখ কিংবা সায়গনের মতো শব্দের অর্থ বুঝতে পারতো না।’ – তবু শুনতো। তবু দেখতো। যেভাবে গল্পের মা–টি তার ষোড়শী বয়সে লেডি ডায়নার মধ্যে নিজেকে অথবা নিজের মধ্যে লেডি ডায়নাকে দেখতে পেত। ঠিক যেভাবে অদ্য, একুশ শতকে ‘রয়েলিটি’ থাকে ‘ভার্চুয়েল’ রয়েলিটির সঙ্গে নিজেকে সংপৃক্ত করে লোকজন আর যে বিশেষ উদ্দেশ্যে এই রকমের সংশ্রবে উৎসাহ – বিজ্ঞাপনে, ওটিটি ইত্যাদিতে – জোগায় অদ্যকার গ্লোবালাইজড পুঁজি, ঠিক একই উদ্দেশ্যে কি তৃতীয় বিশ্বের দেশের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেনি লেডি ডায়না বিবাহ–লাইভ হেন নেহাতই না–ঘটনা গুলি ? – শুধু এই গল্পে নয়, মণিপুরবাসী তরুণের প্রতিটি গল্পে স্থানকালের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে মিলে গেছে, মিশে গেছে মন, মনস্তত্ত্ব। যেমন ‘The Night Of Fire’ গল্পে : ‘ক্রমশ আরও বেশি মানুষ হতাশ। তারা অন্ধকারের পর ঘরে ফেরে কিংবা বাইরে তাঁবু খাটিয়ে রাত কাটিয়ে দিয়ে পরদিন ফেরে, কিন্তু ক্লান্তি ছাড়া সঙ্গে নিয়ে আসার আর অন্য কিছুই তাদের ছিল না। তাদের ক্লান্ত মন এমন কিছু কুসংস্কার কিংবা বিশ্বাসের প্রতি সংবেদনশীল হয়ে পড়েছিল, যা বাজেভাবে  ঠাণ্ডা লাগার মতো ছোঁয়াচে।  … নব্বইয়ের দশকের শুরুর দিকে লামকায় টেলিভিশন সাধারণ গৃহস্থালির জিনিস হয়ে ওঠেনি। তবে রেডিও দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গী ছিল এবং সিনেমা তো এক দশকেরও বেশি সময় ধরে। ক্যাসেট টেপ এবং ভিসিআরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সহজলভ্যতার কারণে তরুণদের কাছে মিডিয়ার নাগাল পাওয়া ছিল সহজ। আমাদের অভিভাবকরা যে ভারতীয় মিডিয়ার নামে যাতে ডুবে থাকতেন, তার চেয়ে পশ্চিমি সঙ্গীত আমাদের কাছে ছিল অনেক বেশি রোমাঞ্চকর। ১৯৯২ সালের মধ্যে তরুণদের মধ্যে পশ্চিমি সংস্কৃতির প্রভাব স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল। … সঙ্গে ছিল ‘নাম্বার ৪’ মাদকের মহামারী , এইডস নামক ‘পাপপূর্ণ’ ব্যাধি, আর সন্দেহজনক ভিডিও হলগুলোতে নীল ছবির বন্যা’ …। এ প্রচ্ছদ বাজার অর্থনীতির, এ বর্নন ‘নিও লিবারেলিজম’-এর আলাপ পর্ব। এই ঘেরাটোপ, বেড়াজাল থেকে পালিয়ে গিয়ে নিজেদের মতো করে বাঁচতে চেয়েছিল যে দুই নিতান্ত কিশোরী–কিশোর, অন্তিমে তাদের কি হলো, গো পাঠিকা হে পাঠক, পাঠ করুন গ্রন্থটি। আমাকে বেশী আকৃষ্ট করে তাদের পালানোর হেতুগুলি যেগুলির দিকে লেখকের ইঙ্গিত স্পষ্ট হলেও সংবাদপত্র কিংবা মনোবিজ্ঞান–বই হেন নয়।

ঔপনিবেশিক নৃবিজ্ঞানীরা আমাদের সম্প্রদায়গুলির অধিবিদ্যক বা অতিলৌকিক বিষয়ে বিশ্বাসের সহজাত প্রবণতার কথা নথিবদ্ধ করেছেন। উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের গোড়ায় খ্রিস্টধর্মের আগমন এবং পরবর্তী আধুনিকতার প্রভাবও ওই সহজাত প্রবণতাকে মুছে দিতে পারেনি। খ্রিস্টধর্ম যে সম্প্রদায়গুলির মধ্যে প্রবেশ করেছিল, সেসকল সম্প্রদায়ের জীবনযাত্রায় তা গভীরভাবে মিশে গেছে, অন্তমে পাইতে জনগোষ্ঠী ও আমাদের আত্মীয়–স্বজনদের কাছে এটি নিছক ধর্মবিশ্বাস আর থাকেনি, পরিবর্তে পরিণত হয়েছে সাংস্কৃতিক পরিচয়ে

নতুন বিশ্বে পুরাতন দানবেরা

Lian Dousel এর  ‘Peace In The Land Of Death’ এ রয়েছে বারোটি গল্প। বারোটি গল্পকে যদি কোনো একটি সূত্রে গাঁথতে হয়, তাহলে ‘Forced Social Transformation’ – আমার ধারণা, সেই সূত্র। তরুণ গল্পকার এর পরে যোগ করেছেন ‘brought about by colonists’ কথাটিও। তবে আমার নিজস্ব মত এইক্ষেত্রে সামান্য ভিন্ন। যেমন বর্ণাশ্রম। এই হন্তারক রোগ এই দেশে ছিল এবং পুষ্ট হয়েছিল উপনিবেশিক হানার বহু পূর্ব থেকেই।  উপনিবেশিকরা সুযোগ পেয়েছে। এই রোগ কে ছড়িয়ে দিয়েছে, ব্যবহার করেছে নিজ দরকারে। ধর্মজাত বিরোধ বিদ্বেষের ক্ষেত্রেও এটা সত্য। এই সত্য পর্বত–পাহাড়ের ‘পাহাড়ি’-দের ক্ষেত্রেও। সমতলের মূল স্রোতের সঙ্গে বিচ্ছেদ না থাকলে তথাকথিত ট্রাইবগুলোর মধ্যে খৃষ্ট প্রচার এত সহজে হতো না। একই কথা খাটে তথাকথিত নিম্নবর্ণের মধ্যে খৃষ্টের প্রভাব বিষয়েও। এখানেই মনে পড়ে যায় ইরোড ভেঙ্কটপ্পা রামাসামি (১৭ সেপ্টেম্বর ১৮৭৯- ২৪ ডিসেম্বর ১৯৭৩)-র কথা। যিনি ইতিহাসে  ‘পেরিয়ার’ নামে খ্যাত, যিনি ভারতের দক্ষিণাঞ্চলে জাতপাত বিরোধী আন্দোলনের পথিকৃৎ। ভারতে খৃষ্ট ধর্মের বিস্তার প্রসঙ্গে তাঁর বিশ্বাস, ‘When Periyar talks about Islam, he rarely refers to the theological aspects of it, but more on what he believed could be its social impact. He argues that Islam is an antidote to the malady of Hinduism that degraded the lower castes and the untouchables. He says “I am not an agent of Islam nor do I preach Islam, but he advocates conversion to this religion only to fight ‘the devilish, dangerous and cruel snake of Brahmanism and Hinduism or at least to escape from the effect of its poison’ (Ramasamy 2004, p. 16). Periyar believed that if all Dravidians followed Islam ‘there would not be a caste or community called the Brahmins’ because, according to him, only Islam transcended caste whereas other religions adjusted to it.’ [ সূত্র Freedom from God: Periyar and Religion,  লেখক Karthick Ram Manoharan, Centre for Studies in Social Sciences, Calcutta (CSSSC), Kolkata ] – পেরিয়ার মূলত দক্ষিণ ভারতেই করে গিয়েছেন সংস্কারের কাজ আর তার প্রেক্ষাপটেই কথাটি বলেছেন, কিন্তু ভারতবর্ষের অন্য অন্য অঞ্চলের ক্ষেত্রেও এ বক্তব্য বহুদূর সত্য। তবে উপনিবেশ ও উপনিবেশিকরা নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় থেকে সমস্ত অঞ্চলে ‘Forced Social Transformation’-এর একটি প্রধান হেতু, তা অনস্বীকার্য। ‘Old Demons In The New World’ গল্পে লেখক প্রোটাগোনিস্টসের ভূমিকায় অবতীর্ণ : আমার দৃঢ় বিশ্বাস যে অতিপ্রাকৃত ঘটনার মুখামুখি শুধু তারাই হয় যারা আগে থেকেই অতিপ্রাকৃতে বিশ্বাসী। এইসব অতিপ্রাকৃত ও সেগুলিতে বিশ্বাস গড়ে উঠবার ক্ষেত্রে কল্পনাপ্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; প্রায়শই অতীতের কোনো দুঃসহ অভিজ্ঞতা এ প্রবণতাকে উসকে দেয়। আর আমাদের, পাইতে জনগোষ্ঠীর —ঔপনিবেশিক শাসকদের দ্বারা অগায়ের জোরে চাপানো সামাজিক রূপান্তর হেতু – এই সকল অতিপ্রাকৃতে বিশ্বাস করবার যথেষ্ট যুক্তি ছিল। ঔপনিবেশিক নৃবিজ্ঞানীরা আমাদের সম্প্রদায়গুলির অধিবিদ্যক বা অতিলৌকিক বিষয়ে বিশ্বাসের সহজাত প্রবণতার কথা নথিবদ্ধ করেছেন। উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের গোড়ায় খ্রিস্টধর্মের আগমন এবং পরবর্তী আধুনিকতার প্রভাবও ওই সহজাত প্রবণতাকে মুছে দিতে পারেনি। খ্রিস্টধর্ম যে সম্প্রদায়গুলির মধ্যে প্রবেশ করেছিল, সেসকল সম্প্রদায়ের জীবনযাত্রায় তা গভীরভাবে মিশে গেছে, অন্তমে পাইতে জনগোষ্ঠী ও আমাদের আত্মীয়–স্বজনদের কাছে এটি নিছক ধর্মবিশ্বাস আর থাকেনি, পরিবর্তে পরিণত হয়েছে সাংস্কৃতিক পরিচয়ে । আবার ঠিক এই সহজাত প্রবণতার কারণেই আমাদের এমন মানুষ খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হয় না, যারা শয়তানের অস্তিত্ব থেকে পৌত্তলিক দাওই — কাউ–এর অস্তিত্বেও বিশ্বাসী’। এরাই সেই সকল লোকজন যাদের কথা ‘If The Princess Had lived’ গল্পেও আমরা শুনেছিলাম এইভাবে : ‘মিশনারি ইস্কুলে পড়া, ইংরেজি বর্ণমালা চিনতে পারা লোকেরাও অ্যাপোলো ১৩, মিউনিখ কিংবা সায়গনের মতো শব্দের অর্থ বুঝতে পারতো না।’ – তবু শুনতো। তবু দেখতো।

যে ‘Forced Social Transformation’ ঔপনিবেশিক আমলে ছড়ানো হয়েছিল, তথাকথিত ‘ক্ষমতা বদল’ হওয়ার পরেও তার অন্যথা ঘটল না। ‘Forced Social Transformation’ আর খৃষ্টধর্ম কে ব্যবহার করলো ‘দেশি’ রাষ্ট্র। এ ‘ব্যবহার’ সাম্প্রতিকে ঠিক কি রকম, সে বিষয়ে উৎসাহী পাঠিকা, পাঠককে ARKOTONG LONGKUMER-এর ‘THE GREATER INDIA EXPERIMENT : Hindutva and the Northeast’ গ্রন্থটি পড়ে দেখতে অনুরোধ করি।

ফিরে আসি তরুণ গল্পকার Lian Dousel-এ। ‘Old Demons In The New World’ গল্পে প্রায় শতবর্ষের বৃদ্ধা বলে, ‘তখন পৃথিবী ছিল অনেক সরল … তখন অভিশাপের অর্থ ছিল অভিশাপই, কষ্ট মানে কষ্টই। এখন পৃথিবীটা এত দ্রুত বদলে যাচ্ছে, যে, মানুষ কোনো কিছুরই পার্থক্য আর টের পায়না। যদি তারা দেখত, জানত, তাহলে সর্বত্রই দেখতে পেত অভিশাপ… আর এখন মানুষ নিজেরাই নিজেদের জন্য অভিশাপ খুঁজে বেড়ায়, কিংবা নিজেদের অভিশপ্ত করে তোলে… তারা এর বিরুদ্ধে লড়েও না। এটাই অশুভ। অমঙ্গল।’ এ অমঙ্গল শুধু পার্বত্য প্রদেশের নয়। সর্বত্র। সমস্ত গ্রাম, গঞ্জ, মফস্বল এই অমংগলের শিকার। গঞ্জ গ্রাম উজাড় করে নগরে নগরে ভিড় জমানোরা, নিজেরা তাদের যা’ই বলুক না কেন, যাই ভাবুক না কেন – আদতে ‘মাইগ্রেন্ট লেবার’। নগর, রাষ্ট্র কেউ–ই তাদের নিয়ে ভাবিত নয়। এহেতু গঞ্জ–মফস্বলে কেবলই মৃত্যুর ছায়া দেখেছেন কবি মামাং দাই। এই মৃত্যুই অভিশাপ, যার কবল থেকে মুক্তি তখনই সম্ভব, গল্পের বৃদ্ধার মতে ‘…যখন আমাদের বংশের কনিষ্ঠতম কন্যা স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করবে অপদেবতার কাছে অথবা যে মানুষটি তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে যদি তাকে সেই দানবের কাছে বলি দেয়। আর সেই মেয়ে যদি কখনো বিয়ে না করে, কিংবা তার কোনো সন্তান না হয় তাহলে মৃত্যুর দিন পর্যন্ত তার জীবন হয়ে উঠবে অন্তহীন যন্ত্রণার এক শৃঙ্খল’।…অর্থ নিজের, নিজের প্রজন্মের অভিশাপ সন্তানকে, পরবর্তী প্রজন্মকে দিয়ে যাওয়া। গো পাঠিকা, হে পাঠক এখানে এসে যদি আমার মনে আসে নিম্নোদ্ধৃত পংক্তি গুলি, তাহলে তা কি খুব অসংলগ্ন হবে :

‘…ওই যে দাঁড়ায়ে নতশির
মূক সবে — ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর
বেদনার করুণ কাহিনী ; স্কন্ধে যত চাপে ভার
বহি চলে মন্দগতি, যতক্ষণ থাকে প্রাণ তার —
তার পরে সন্তানেরে দিয়ে যায় বংশ বংশ ধরি,
নাহি ভর্ৎসে অদৃষ্টেরে, নাহি নিন্দে দেবতারে স্মরি…’।

এই মূক মুখগুলি শ্রীরামের হাতে খুন হওয়া শম্বুক, দ্রোণের দ্বারা আঙ্গুল কেটে নেওয়া একলব্য, স্পার্টাকাস যুগের ক্রীতদাস হয়ে হালের বিশ্বায়িত পুঁজির হাতে মুহুর্মুহু মরতে থাকা প্রত্যেকের, এই মুখ আমার, এই মুখ তোমার। – এখানেই তরুণ লিয়ান ডাউসেল–এর সঙ্গে, তাঁর গল্পগুলির সঙ্গে আমাদের মূল সম্বন্ধ। গ্রন্থভুক্ত বারোটি কাহিনীর প্রত্যেক গল্প স্বাভাবিকভাবেই বিস্তারে, গহনতায় সমান নয়, তবে প্রতিটি গল্পে মিশে আছে বনজ ঘ্রাণ, অরণ্যের রহস্য আর তা থেকে বিচ্যুত হওয়ার বেদনা। গদ্য দক্ষ গল্প বলিয়ের। গল্পগুলির যাত্রার না–সরলরৈখিক পথ পাঠককে চমকে দেয় না, কৌতুহলী করে তোলে। বইটি পড়তে পড়তে সে কারণে মনে হয়েছে ওই কথাটিই যে, শিল্পের মতো শিল্পীও যেহেতু স্থান ও কালের,  স্থান–কালের আর সকলের মতোই এ শ্রেণী বিভক্ত ব্যবস্থায়, কোনো এক শ্রেণীর, সুতরাং প্রকৃত শিল্পীর রচনায় তার স্থান–কাল, তার শ্রেণী অবস্থান – যে অবস্থানের পক্ষে অথবা বিপক্ষে শিল্পীর মানসিক স্থানাঙ্ক – ছায়া ফেলে, ফেলতে বাধ্য। অদ্য যা কিছু কালোত্তীর্ন বলে প্রমাণিত, প্রতিষ্ঠিত – সে সকলের শিকড় প্রোথিত নিজ স্থানের, কালের গহনে। পুঁজিবাদ তার যাত্রাপথে এক বিশেষ স্তরে না পৌঁছলে সম্ভব ছিলনা প্যারি কমিউন, সম্ভব ছিলনা Great Expectations, Mary Barton,The Mayor of Casterbridge কিংবা বোদলেয়ারের। ঠিক তেমনি বিশ্ব পুঁজিবাদ তার ‘নিও লিবারেলি’ স্বরূপে আগ্রাসী হয়ে না উঠলে সম্ভব হতো না Lian Dousel, ‘Peace In The Land Of Death’।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!