- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১২, ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত
দ্বিতীয় সারির দল নিয়েও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল মালদ্বীপকে হারিয়েছে ১–০ ব্যবধানে। ভারতের হয়ে পেনাল্টি থেকে ম্যাচের ৩৮ মিনিটে একমাত্র গোলটি করেন সুহেল আহমেদ ভাট। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করল ভারত। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।
পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্তি সময়ে ২ গোল হজম করতে হয়েছিল ভারতকে। সে কথা মাথায় রেখে এদিন কোনও ঝুঁকি নিতে চাননি কোচ নৌসাদ মুসা। মালদ্বীপের বিরুদ্ধে প্রথম একাদশে ৭টি পরিবর্তন করেন। অভিষেক সূর্যবংশী, মোহাম্মদ উয়েস, সুহেল আহমেদ ভাট এবং রিকি শাবং প্রথম একাদশে নিজেদের জায়গা ধরে রাখেন। বিজয় ভার্গিস নিউজিল্যান্ডে চলে যাওয়ায় চিংলেনসানা সিং প্রথম একাদশে আসেন। তিন কাঠির মধ্যে অর্শ আনোয়ার শেখের পরিবর্তে প্রিয়াংশ দুবে।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ভারতের হাতে। বারবার আক্রমণ তুলে নিয়ে এসে মালদ্বীপের রক্ষণে চাপ তৈরি করছিল। তবে একের পর এক আক্রমণ শানালেও গোলের মুখ খুলতে পারছিল না ভারত। অবশেষে প্রথমার্ধের ৩৭ মিনিটে এগিয়ে যায় ভারত। সিফাউ ইউসুফের কাছ থেকে বল কেড়ে নিয়ে মালদ্বীপের বক্সে ঢুকে পড়েন আব্দুল রাবিহ হোসেন। তাঁকে ফাউল করেন মালদ্বীপের ইউসুফ। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ রেফারির। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সুহেল ভাট। মালদ্বীপের গোলকিপার শরিফকে উল্টোদিকে ফেলে বল জালে জড়িয়ে দেন। পাকিস্তানের বিরুদ্ধে ২ গোল করেছিলেন সুহেল।
বিরতির পর রাবিহ ও নিক্সনের পরিবর্তে ইরফান জাদওয়াদ ও কিপগেনকে মাঠে নামান নৌশাদ মুসা। ৬৫ মিনিটে সুহেল ভাটের পরিবর্তে মাঠে নামেন বিষ্ণু পিভি। আক্রমণে আরও গতি আসে। তবে পাল্টা আক্রমণ শানিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করছিল মালদ্বীপ। ৭৯ মিনিটে আলি হামধানের ফ্রিকিক এবং ৫ মিনিট পর মুজধান হাসানের শট দারুণ তৎপরতায় বাঁচান ভারতের গোলকিপার প্রিয়াংশ দুবে। ম্যাচের ইনজুরি সময়ে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ইথান ইব্রাহিম জাকির শট আটকে ভারতের জয় নিশ্চিত করেন। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে বাংলাদেশ, ভুটান অথবা শ্রীলঙ্কার বিরুদ্ধে।
❤ Support Us








