Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৮, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন ভারত

ক্রিকেট মাঠেই হোক কিংবা ফুটবলে, পাকিস্তানের ওপর দীর্ঘদিন ধরেই দাপট দেখিয়ে আসছে ভারত। কদিন আগেই অনূর্ধ্ব১৯ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফুটবলেও সেই একই দাপট। পাকিস্তানকে ২–১ ব্যবধানে হারিয়ে সাফ কাপে চ্যাম্পিয়ন হল ভারত। পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে নৌশাদ মুসার ছেলেরা। এই নিয়ে ১০ বার সাফে চ্যাম্পিয়ন হল ভারত। একই সঙ্গে টানা তিনবার জিতে হ্যাটট্রিকও করল। আর জয় এল এক বাঙালি ফুটবলারের গোলে।

ভারত ও পাকিস্তান মাঠে নামলেই অন্যরকম উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার রাতে ঢাকার মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে তার ব্যতিক্রম ঘটেনি। এই প্রথমবার সাফের ফাইনালে উঠেছিল পাকিস্তান। ট্রফি জেতার জন্য মরিয়া ছিলেন পাকিস্তানি ফুটলাররা। প্রথমার্ধে আলমগীর গাজির গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। দ্বিতীয় সারির দল নিয়েও শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করলেন নৌশাদ মুসা। ফুটবলাররা বুঝিয়ে দিলেন, তাঁরা দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি।

লিগ পর্বে ভারতের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। ইউরোপে খেলা ৪ জন ফুটবলার যোগ দেওয়ায় ফাইনালে অনেকটাই শক্তিশালী ছিল পাকিস্তান। নৌশাদ মুসা জানতেন, তাঁর দলের কাজটা সহজ হবে না। প্রথমার্ধের পাকিস্তানের দাপটই ছিল বেশি। বারবার আক্রমণ তুলে নিয়ে এসে ভারতীয় রক্ষণকে বিব্রত করছিলেন আলমগীর গাজিরা। বিজয় ভার্গেস না থাকায় এদিন রক্ষণে সন্দীপ মান্ডিকে খেলান কোচ নৌশাদ মুসা। কোচকে হতাশ করেননি এই বাঙালী ডিফেন্ডার। যদিও ম্যাচের প্রথমার্ধের সংযুক্তি সময়ে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। জুনেইদের সেন্টার আলমগির গাজি গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে একেবারে অন্য ছবি। শুরু থেকেই ভারতের আক্রমণের চাপে দিশেহারা পাকিস্তান। একেবারে শুরুর দিকে পিভি বিষ্ণুর সামনে সমতা ফেরানোর দারুণ সুযোগ এসে গিয়েছিল। কোনও রকমে রক্ষা করেন পাকিস্তান গোলকিপার। ৫৯ মিনিটে চরম ক্ষতি হয়ে যায় পাকিস্তানের। বল ছাড়া ব্রাইসনকে লাথি মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান জুনেইদ। ম্যাচ থেকে কিছুক্ষণের জন্য মনসংযোগ হারিয়ে ফেলেন পাক ফুটবলাররা। সেই সুযোগে সমতা ফেরায় ভারত। লুমডিংয়ের ফ্রিকিক ম্যাকার্টন নিকসনের পায়ে লেগে সুহেল ভাটের কাছে এলে জোরালো শটে তিনি সমতা ফেরান। সুহেলের এই গোলটাই ভারতকে ম্যাচে ফেরায়। গ্রুপ লিগের ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে ২ গোল করেছিলেন কাশ্মীরের এই স্ট্রাইকার।

সমতা ফেরানোর পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। অবশেষে ৮৮ মিনিটে খেতাবের গোলটি এনে দেন কল্যানীর সন্দীপ মান্ডি। আব্দুল রাবির কর্নার থেকে ভেসে আসা বল বক্সের মধ্যে মাথা দিয়ে মাটিতে ঠুকে দেন। বল ড্রপ খেয়ে পাকিস্তান গোলকিপারের হাতে লেগে জালে জড়িয়ে যায়। ম্যাচের ইনজুরি সময়ে আরও একটা গোলের গোলের সুযোগ এসেছিল ভারতের সামনে। পাকিস্তান গোলকিপার তৎপরতায় ব্যবধান আর বাড়েনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!