Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৫

খেলা-মেলার পক্ষে সওয়াল সায়ন্তিকার । মহিলাদের উন্নয়ণে রাজ্যের বিভিন্ন প্রকল্পের তথ্য পেশ মন্ত্রী স্বপনের

আরম্ভ ওয়েব ডেস্ক
খেলা-মেলার পক্ষে সওয়াল সায়ন্তিকার । মহিলাদের উন্নয়ণে রাজ্যের বিভিন্ন প্রকল্পের তথ্য পেশ মন্ত্রী স্বপনের

মহিলাদের পাশে মমতা। মহিলাদের স্বয়ংম্ভর করা, মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠায় জানকবুল বাংলার মুখ্যমন্ত্রী। এমনকী নারী লাঞ্ছনা রুখতে ‘অপরাজিতা বিল’ পর্যন্ত এনেছেন। যা দেশে নজির। দাবি করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা ১ নং ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত ‘দীক্ষা’ কর্মসূচিতে স্থানীয় ধাত্রীগ্রামে মহিলাদের সমাবেশে বক্তব্য পেশ করেন স্বপনবাবু। তিনি মনে করিয়ে দেন, ‘আর জি কর কাণ্ডে প্রথম প্রতিবাদ করেছিলেন মমতাদিই। এই কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতারও করে কিন্তু রাজ্য পুলিশই।’

এরপর ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের স্বাধিকার ও উন্নয়নের জন্য’ লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী-সহ যেসব প্রকল্প চালু করেছেন, সেগুলির ব্যাখ্যা দেন মন্ত্রী। কালনা সংশ্লিষ্ট ১নং ব্লকে বিভিন্ন সরকারি প্রকল্পে কতজন মহিলা আর্থিক সহযোগিতা পাচ্ছেন তার বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন মন্ত্রী। জানান, ‘মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন সংরক্ষণ কিন্তু মমতা ব্যানার্জিরই অবদান।’ যোগ করেন, ‘স্বয়ংম্ভর গোষ্ঠী গড়ে মহিলাদের কর্মসংস্থানের দিশা দিয়েছেন মমতা ব্যানার্জি।’ বলেন,‘এই রাজ্যের মহিলাদের পাশে মমতা ব্যানার্জি যেভাবে দাঁড়িয়েছেন, সেরকম নজির দেশের কোনও রাজ্যে নেই।’ আক্ষেপও করেন, ‘কালনা মহকুমায় একমাত্র ডিগ্রি কলেজটি রয়েছে এই ব্লকের মুড়াগাছায়। সেখানে পঠনপাঠনের সবরকম পরিকাঠামো থাকলেও আপনারা মেয়েদের পড়তে পাঠাচ্ছেন অনেক দূরের কালনা, নবদ্বীপে।’ এর আগে মুড়াগাছা কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বপনবাবুর সঙ্গে ছিলেন অভিনেত্রী-বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। মেলা ও খেলা নিয়ে বিরোধীদের সমালোচনা ধুয়ে দেন সায়ন্তিকা। বলেন, ‘খেলা দরকার। তাতে মানসিক সুস্থতা বজায় থাকে। বিবেকানন্দতো গীতা পাঠের থেকেও ফুটবলকে এগিয়ে রেখেছিলেন।’ রাজ্যজুড়ে একের পর এক সরকারি ও বেসরকারি উদ্যোগে মেলা আয়োজনের সমর্থনে সায়ন্তিকার সওয়াল, ‘এই মেলাগুলিতে যারা স্টল দেন, ডেকরেটর কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, ইলেকট্রিক কর্মী-সহ একটা বিরাট অংশের গরিব মানুষরা দু’পয়সা আয় করেন। মেলা আনন্দ ও আয়ের উৎস।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!