- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৫
মুখ্যমন্ত্রীর ঘোষণার তিন সপ্তাহের মধ্যেই সন্দেশখালির বেতনি নদীর ওপর সেতু নির্মানে জরিপের কাজ শুরু
সন্দেশখালিতে বেতনি নদীর ওপর সেতুর জমি জরিপ করতে নামল পূর্ত দপ্তর ও ভূমি রাজস্ব দফতর। সন্দেশখালি ১ ব্লকের ন্যাজাট–কালীনগরের মধ্যে বেতনি নদীর ওপর সেতুর দাবি দীর্ঘদিনের। সরকারি ভাবে ঘোষনা হবার পর বারবার থমকে গেছে উদ্যোগ। এমনকী বাম আমলে শিলান্যাস হয়েও সেতু নির্মানের কাজ হয়নি। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ৩ সপ্তাহ মধ্যেই সন্দেশখালিতে বেতনি নদীর ওপর সেতুর কাজের মাপজোক শুরু হয়ে গেল। গত ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে সন্দেশখালিতে এসেছিলেন। সেই সময় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সন্দেশখালি ১ ব্লকের বেতনি নদীর ওপর ন্যাজাট–কালীনগর সংযোগকারী সেতু তৈরির ব্যাপারে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দীর্ঘদিন আটকে থাকা সেতু তৈরির প্রাথমিক কাজে নেমে পড়ে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পূর্ত দফতর। আজ যেখানে সেতু হবে সেখানে মাপজোক করা হয়। উল্লেখ্য , বেতনি নদীর ওপর সেতুর দাবি দীর্ঘ দিনের।
২০০৮ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, পূর্তমন্ত্রী ক্ষীতি গোস্বামীকে সঙ্গে নিয়ে ন্যাজাটে বেতনি নদীর উপর সেতুর শিলান্যাস করেছিলেন। সেই সময়ে বরাদ্দ হয়েছিল ৬৪ কোটি টাকা। কিন্তু ওই পর্যন্তই। সেতুর জন্য এক কোদাল মাটিও কাটেনি বাম সরকার। তৃণমূল ক্ষমতায় আসার পর তারপর ২০১৩ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সেতুর জন্য নতুন করে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেন। কিন্তু জমি জটে আটকে যায় প্রকল্প। জমি দাতারা সেই সময় বেঁকে বসেন। দেড় কিলোমিটার লম্বা, ১০০ ফুট চওড়া সেতুর নকশা তৈরি হয়েছিল সেই সময়। এখন জমিজট কেটে গেছে। সম্প্রতি সন্দেশখালিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালির বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেছিলেন। সেতু নিয়ে তিনি নির্দেশ দেন। আজ, শুক্রবার ন্যাজাটের ওই বেতনি নদীর দুই পাড়ে সেতু নির্মানের জন্য জমি মাপজোক করতে আসেন ভুমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পূর্ত দপ্তরের ১০ জনের প্রতিনিধি দল। এদিন তারা ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং ২০১৩ সালে তৈরি নকশা করেছিল বজায় রেখে কীভাবে বেতনি নদীর ওপর সেতু করা যায় তা তারা খতিয়ে দেখেন। তবে এলাকার মানুষ অনেকটা আশার আলো দেখলেও নিশ্চিত হতে পারছেন না। এলাকাবাসীর বক্তব্য, যতদিন না কাজ শুরু হচ্ছে ততদিন কোন সম্ভবনা দেখছি না। তবে একটা আশা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সরকার এবার সেতু নির্মানে সদর্থক ভূমিকা নেবে।
❤ Support Us








