Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২২, ২০২৫

হাসপাতাল থেকে পলাতক বিচারধীন বন্দি, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসপাতাল থেকে পলাতক বিচারধীন বন্দি, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

কালনায় ফের পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল বিচারাধীন বন্দি। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালের ঘটনাকে ঘিরে হুলুস্থূল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বন্দির নাম সুজয় মল্লিক। তার বাড়ি কালনার তালবোনা এলাকায়। বাইক চুরির ঘটনায় কালনার পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার তাকে মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেয় পুলিশ। জানা গিয়েছে, ওই বন্দি এদিন পেট ব্যথা করছে বলে অসুস্থতার অজুহাত দেখায়। পুলিশ মঙ্গলবার কাকভোরে ওই বন্দিকে কালনা হাসপাতালে নিয়ে যায়। তারপর শৌচাগার থেকে সে পালায়। এই ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

এর আগেও গত বছর সেপ্টেম্বর মাসে কালনা এসিজেএমের এজলাসে পৌঁছনোর আগেই কোমরের দড়ি খুলে আদালত চত্বর থেকে পালায় বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত যুবক হুগলীর যুবক বাসুদেব মণ্ডল। তারপর থেকে আদালত চত্বরে আঁটোসাটো নিরাপত্তা দেখা গেলেও হাসপাতালের ঘটনার পর পুলিশের ঢিলেমি চোখে পড়ে বলে অভিযোগ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুজয় মল্লিক নামে ওই বন্দির প্রাথমিক চিকিৎসার পর তাকে মহকুমা হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের পুরুষ মেডিসিন বিভাগে স্থানান্তরিত করা হয়। পুলিশ সেলের নজরদারিতে রাখা হয় তাকে। দুপুরের খাবারও খায় সে। এরপর শৌচাগারে যাওয়ার জন্য পুলিশের কাছে সে অনুমতি চায়। হাসপাতালের শৌচাগারে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে কমোড থাকায় তা তার পছন্দ হয়নি। এরপরেই সে অন্য শৌচাগারে নিয়ে যাওয়ার জন্য জানায়। সেইমত হাসপাতালের ‘পে অ্যাণ্ড ইউজ’ শৌচাগারে নিয়ে যাওয়া হয় তাকে। শৌচাগারে ঢোকার পর বেরোতে দেরি হওয়ায় পুলিশের সন্দেহ বাড়ে। এরপর শৌচাগারে গিয়ে দেখা যায়, শৌচাগারের দেওয়ালের উপরের ফাঁকা অংশ দিয়ে পালিয়েছে সুজয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!