- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৮, ২০২৫
২০২৪ লোকসভা নির্বাচনে প্রাক্কালে রেকর্ড আয় বিজেপির। ধারে কাছে নেই কংগ্রেস, তৃণমূল
সোমবার বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে রাজনৈতিক দলগুলির আয়ের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। আগের তুলনায় বিজেপি ৮৭ শতাংশ বেশি টাকা অনুদান পেয়েছে ।
সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছে। অথচ গতবছর লোকসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে অনুদান এক লাফে ৮৭ শতাংশ বেড়ে গিয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, নির্বাচনী বন্ড প্রকল্প ‘অসাংবিধানিক’ এবং তা ‘বাতিল হওয়া উচিত’। নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করেছে বলেও জানায় শীর্ষ আদালত। তার পরেই ওই বন্ডের ব্যবস্থা বাতিল করা হয়। তখন অবশ্য ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ পর্যায়।
রাজনৈতিক দলগুলির অনুদানের খতিয়ান সংক্রান্ত যে তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ২০২২-’২৩ সালে বিজেপি ২,১২০.০৬ কোটি টাকা অনুদান পেয়েছিল। ২০২৩-’২৪ সালে তা বেড়ে হয় ৩৯৬৭.১৪ কোটি টাকা। এর মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে ১,৬৮৫.৬২ কোটি টাকা অনুদান পেয়েছে তারা। মোট অনুদানের ৪৩ শতাংশ। ২০২২-’২৩ সালে নির্বাচনী বন্ডের মাধ্যমে ১,২৯৪.১৪ কোটি টাকা পেয়েছিল, যা ছিল মোট অনুদানের ৬১ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় নির্বাচনী বন্ড মারফত কম টাকা ঢুকেছে বিজেপি-র অ্যাকাউন্টে। ২০২৩-২৪ সালের লোকসভা নির্বাচনের ঘোষণার সময় বিজেপি ১,৭৫৪ কোটির মতো খরচ করেছিল, যা ২০২২-২৩ সালে খরচ করা ১,০৯২ কোটি টাকার তুলনায় ৬০ শতাংশ বেশি। তুলনায়, কংগ্রেস ২০২৩-২৪ সালে ৬১৯.৬৭ কোটি টাকা খরচ করেছে, ২০২২-২৩ সালে ১৯২.৫৬ কোটি টাকা। ২০২৪ সালে ১৬ মার্চ লোকসভা নির্বাচন ঘোষণা করা হয়েছিল।
বিজেপির মোট সম্পত্তি ৭, ১১৩.৮০ কোটি টাকা যার তুলনায় প্রধান বিরোধী দল কংগ্রেস দলের ৮৫৭.১৫ কোটি টাকা সিন্ধুর ভিতরে বিন্দুর মতো। ২০২৪-২৫ এ বিজেপি বিজ্ঞাপনে খরচ করেছে বিপুল ৫৯১ কোটি টাকা । বিমান/হেলিকপ্টারের পিছনে ব্যয় করেছে ১৭৪ কোটি । ২০২৪ সালে লোকসভার সালে বিজেপি ৮৪.৩২ কোটি টাকা মিটিংয়ে খরচ করেছে। সমাবেশ, আন্দোলন এবং কল সেন্টারের ব্যয় আরো ৭৫ কোটি । রাহুল গান্ধীর নেতৃত্বে দ্বিতীয় পর্যায়ের ভারত জোড় যাত্রার জন্য খরচ হয়েছে ৪৯.৬৩ কোটি টাকা খরচ হয়েছে, যেখানে তিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড় যাত্রায় ৭১.৮৪ কোটি টাকা খরচ করেছিলেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য জানাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে তৃণমূল মোট ৬৪৬ কোটি টাকা অনুদান পেয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে সেই অঙ্ক ছিল ৩৩৩ কোটি। ঘটনাচক্রে, গত অর্থবর্ষে তৃণমূলের প্রায় ৯৫ শতাংশ চাঁদা এসেছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে। লোকসভা ভোটের আগে অনুদান বৃদ্ধির শতাংশের হিসাবে অবশ্য বিজেপি, তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল কংগ্রেস। ২০২২-২৩ অর্থবর্ষে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল পেয়েছিল ২৬৮ কোটি টাকা অনুদান। ২০২৩-২৪-এ তা ৩২০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১২৯ কোটি! নির্বাচনী বন্ডে অনুদান ১৭১ কোটি থেকে বেড়ে হয়েছিল ৮২৮ কোটি।
❤ Support Us







