- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৯, ২০২৫
‘পালানোর কোন পথ ছিল না, আচমকা এ কী ঘটে গেল!’ – হাহাকার মহাকুম্ভে পদপিষ্ট আহত পুণ্যার্থীদের।
যোগীরাজ্যে হৃদয়বিদারক দৃশ্য । মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে অন্তত ১০ মৃত্যুর আশঙ্কা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে আহতদের । ঘটনায় যোগী আদিত্যনাথকে তলব প্রধানমন্ত্রী মোদির।
কেউ হারিয়েছেন বাবা, কেউ বা মা। কারো ভাই কিংবা বোন। মাটিতে বসে বুক চাপড়ে কাঁদছেন কেউ। হাসপাতালে হাসপাতালে পরিজনদের খুঁজে বেড়াচ্ছেন বিধ্বস্ত মানুষেরা, কেউ মর্গের বাইরে অসহায় অবস্থায় আপেক্ষা করে আছেন। এমনই মর্মান্তিক দৃশ্যে ঢাকা প্রয়াগরাজের চারপাশ। বাতাসে প্রিয়জনকে ফিরে পাবার আর্তনাদ। কুম্ভমেলার বাইরে সন্তানহারা বাবা-মা পাঁজরভাঙা যন্ত্রণায় নির্বাক চেয়ে আছেন গঙ্গাস্রোতের দিকে।
কোটি কোটি মানুষের ভিড়। পুণ্যস্নান করবার তাড়াহুড়ো। সামনের দিকে যাবার উপায় নেই, পিছন থেকে মানুষের চাপ। ধাক্কাধাক্কিতে ভেঙে যায় নিরাপত্তার ব্যারিকেড। ভিড়ের নিচে চাপা পড়ে যান শয়ে শয়ে ভক্ত। বুধবার ভোরে মৌনী অমাবস্যা উপলক্ষ্যে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে শাহী স্নান করতে দূরদূরান্ত থেকে মানুষেরা ভিড় করেছিলেন মহাকুম্ভে। কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতি হবে, তা কল্পনাও করতে পুণ্যার্থীরা । চুড়ান্ত অব্যবস্থার কারণে এ দুর্ঘটনা, মনে করছেন আহত ব্যক্তিরা। নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করে তাঁরা জানালেন, ‘স্নানের পর কোথায় যাবেন, অনেকের কাছেই সেই ধারণা স্পষ্ট ছিল না। পালানোর কোন পথ ছিল না, আচমকা এ কী ঘটে গেল!’ ভিড়ের সঙ্গে তাল না রেখে এ-দিক ও-দিক যাওয়ার চেষ্টা করছিলেন সবাই, তাতেই এই বিপত্তি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ ও মহাকুম্ভ পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসনের আধিকারিকরাও তৎপর ছিলেন। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে চারদিকে দেওয়া হয়েছিল ব্যারিকেডও। সাবধানে পুণ্যস্নান করার জন্য প্রতিটি ঘাটে ঘন ঘন মাইকে প্রচারও করা হচ্ছিল। ভিড়ের মাঝে এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মাটিতে। এরপর অন্য পুণ্যার্থীরা নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ওই মহিলার ঘাড়ে পড়ে যেতে থাকেন। ব্যারিকেড ভেঙে পদপিষ্টের ঘটনা ঘটে। আতঙ্ক দৌড়াতে থাকেন অনেকে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে পুলিশের বড় বাহিনী, প্যারামিলিটারি ফোর্স, দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁচান। মহাকুম্ভ মেলা প্রাঙ্গণের অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত পুণ্যার্থীদের। কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় বেইলি হাসপাতাল ও স্বরূপরানি মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী, বিবেক মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিবেক বলেন, ‘‘রাত আড়াইটে নাগাদ প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছেছিলেন। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে এসেছিলেন স্নান করতে। নদীর তীরে লোহার বেশ কিছু ডাস্টবিন রাখা ছিল, যা ভিড়ের মধ্যে অনেকেরই দৃষ্টি এড়িয়ে যায়। তাতেই ধাক্কা খেয়ে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান। মাথায় থাকা মালপত্রও ছিটকে পড়ে। মালপত্র এবং মাটিতে পড়ে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে ধাক্কা লেগে আরও অনেকে পড়ে যান। তাঁদের মাড়িয়েই এগোতে থাকেন অন্যেরা। চোখের সামনে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যায়।’’
পদপিষ্টের ঘটনা নিয়ে ব রকম সাহায্যের আশ্বাস দিয়ে যোগীর সঙ্গে ইতিমধ্যে তিনবার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মহাকুম্ভের পরিস্থিতির উপরে প্রধানমন্ত্রী লাগাতার নজর রাখছেন। যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় এবং ঠিকমতো সহায়তা প্রদান করা যায়, তা নিয়ে যোগীদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তিনি। যদিও এ ঘটনা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি শুধু বলেছেন, ‘আপনারা মা গঙ্গার যে ঘাটের কাছে আছেন, সেখানেই স্নান করে নিন। সংগমের নাকের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা সকলে প্রশাসনের নির্দেশ মেনে চলুন। যা পদক্ষেপ করা হচ্ছে, তাতে সহযোগিতা করুন। সংগমের প্রতিটি ঘাটে শান্তিপূর্ণভাবে স্নান-পর্ব চলছে। কোনও গুজবে একদম কান দেবেন না।’ বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালানো হচ্ছে।
দুর্ঘটনার জন্য বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। উত্তরপ্রদেশ কংগ্রেসের আহ্বায়ক ও মুখপাত্র অংশু আওয়াস্তি অভিযোগ করেছেন, রাজ্য সরকারের অব্যবস্থার জন্য এরকম ঘটনা ঘটেছে। মানুষের জীবনের উপরে গুরুত্ব না দিয়ে মহাকুম্ভ মেলায় বিজেপি সরকার ফোটোসেশন করতে ব্যস্ত ছিল। যে মন্ত্রীদের উপরে সুষ্ঠুভাবে মেলা আয়োজনের দায়িত্ব ছিল, তাঁরা নিমন্ত্রণের ‘নাটকে’ ব্যস্ত ছিলেন। পুণ্যস্নানের সময় ভিআইপি সংস্কৃতিতেও ইতি টানার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেটা করা হয়নি বলে দাবি করেন উত্তরপ্রদেশ কংগ্রেসের আহ্বায়ক।
ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনার ইতিহাস এই প্রথম নয়। ১৯৭৫ থেকে ২০১৫ মক্কায় ৪০ বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় তিন হাজারেরও বেশি মানুষ। বিভিন্ন সময়ে একের পর এক হজ ট্র্যাজেডির জন্ম দিয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সড়ক দুর্ঘটনা, বোমা বিস্ফোরণ, শিয়া-সুন্নি সংঘর্ষ, ভবন ধস, ক্রেন ধস, অগ্নিকাণ্ড এবং পদদলিত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা। গত ৮ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে টিকিট বিলির সময় পদপিষ্ট হয়ে মারা যান ৬ জন। গতকাল বাগপতে জৈন মন্দিরে ‘লাড্ডু উৎসব’কে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত ২০ জন ভক্ত।
এবছরেই ১৯ জানুয়ারি আগুন লেগেছিল মহাকুম্ভে। পুড়ে খাক হয়েছিল গীতা প্রেসের তাঁবু। ক্ষতিগ্রস্ত হয় আরো ৫০টির বেশি তাঁবু । ভিতর থেকে পর পর সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া যাচ্ছিল। কুম্ভমেলাকে কেন্দ্র করে পদিপিষ্ঠের ইতিহাস অনেক পুরনো। ১৯৫৪ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে একইরকমভাবে মৌনী অমাব্যসার ভোরে স্নান উৎসবে পদপিষ্টের ঘটনা ঘটে। ৮০০ মানুষ প্রাণ হারিয়ে ছিলেন , নদীতে ডুবে গেছিলেন অনেকে। ১৯৮৬ সালে হরিদ্বারে কুম্ভমেলার পরিদর্শনে গিয়েছিলেন উত্তদের প্রদেশের মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং। তাঁকে স্বচক্ষে দেখবার আশায় বাঁধভাঙা জনস্রোতে মারা যান ২০০ জন । মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীতীরে সমাগম কুম্ভমেলা উপলক্ষ্যে ২০০৩ সালে দুভার্গ্যজনক ঘটনা ঘটে। মারা যান ৩৯ জন , একশোর বেশি মানুষ আহত হন। সাম্প্রতিককালে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রয়াগরাজ (এলাহাবাদ) রেলষ্টেশনে ব্রিজ -দুর্ঘটনায় ৪২ জন পুণার্থী মারা গেছিলেন।
❤ Support Us





