Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৯, ২০২৫

দুয়ারে সরকার শিবিরে বাল্যবিবাহ রোধে সচেতনতা

আরম্ভ ওয়েব ডেস্ক
দুয়ারে সরকার শিবিরে বাল্যবিবাহ রোধে সচেতনতা

দুয়ারে সরকার শিবিরে হাজির বর-কনে। সরকারি প্রকল্প ও পরিষেবা নিতে আসা লোকজন জড়ো হন নবদম্পতিকে দেখতে। জানা গেল, সাজগোজ করা খুদে বর-কনে খণ্ডঘোষের শশঙ্গায় দুয়ারে সরকার শিবিরে হাজির হয়েছে নাবালিকা বিবাহ রোধ সম্পর্কে সচেতনতা প্রচারে। উল্লেখ্য এখন রাজ্যজুড়ে চলছে নবম ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। সেখানে ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আধার সংশোধন, বিদ্যুতের বিল, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কৃষি সরঞ্জামের মতো বিভিন্ন পরিষেবা মিলছে। পাশাপাশি শিবিরগুলি থেকে বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতা প্রচার করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শশঙ্গায় খুদে বর-কনেকে নিয়ে বাল্যবিবাহ রোধে প্রচার করা হচ্ছে। জানানো হচ্ছে, অল্প বয়সের বিয়ে কতখানি ক্ষতিকর।
দুয়ারে সরকার শিবিরে এ ধরনের সচেতনতামূলক প্রচারের তারিফ করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। বর-কনের ভূমিকায় থাকা খুদে প্রতীক ছড়াল নয়া বার্তা, বাল্যবিবাহ রুখে দাও, স্বপ্নের পথ তৈরি করো। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ জানান, ‘দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে যেমন সরকারি প্রকল্পগুলির সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে, তেমনই সমাজের নানা কুসংস্কার, অন্ধবিশ্বাস, প্রচলিত ব্যাধি সম্পর্কে মানুষজনকে সচেতন করা হচ্ছে।’ সচেতনতার অঙ্গ হিসেবেই রক্তদান, পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ, অল্প বয়সে গর্ভধারণ, অপুষ্টির মত বিষয়গুলি সম্পর্কেও মানুষকে সচেতন করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের নথিভুক্ত লোকশিল্পীদেরও কাজে লাগানো হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!