- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বিরোধীদের প্রবল প্রতিবাদ, রাজ্যসভায় গৃহীত বিতর্কিত ওয়াকফ্ বোর্ড সংশোধনী বিলের রিপোর্ট
বিতর্কিত ওয়াকফ্ বোর্ড সংশোধনী বিল নিয়ে দেশের রাজনৈতিক মহল বারবার উত্তপ্ত হয়েছে। বৈঠকে তীব্র বাদানুবাদে জড়িয়েছেন জেপিসি কমিটির সদস্যরা। এবার বিরোধীদের প্রবল প্রতিবাদের মাঝে রাজ্যসভায় গৃহীত বিতর্কিত ওয়াকফ্ বোর্ড সংশোধনী বিলের জেপিসি রিপোর্ট। বিরোধী দলগুলির তরফে এই বিলকে ‘অনৈতিক, অসংবিধানিক ও অগণতান্ত্রিক’ উল্লেখ করে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। যার ফলে রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড় অধিবেশনের কার্যপ্রণালী সাময়িকভাবে স্থগিত করে দেন।
রাজ্যসভার সাংসদ মেধা কুলকর্ণি রিপোর্ট পেশ করতে শুরু করলে, প্রতিবাদে সরব হন বিরোধী দলের নেতারা। তাঁদের অভিযোগ, বিল সংক্রান্ত তাঁদের আপত্তি ও অসম্মতিগুলি রিপোর্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। চলতে থাকে স্লোগান। রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড় এরপর বিরোধীদের উদেশ্যে বলেন, ‘ভারতের রাষ্ট্রপতির প্রতি অসম্মান প্রদর্শন করবেন না’ পাল্টা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বলেন তাঁরা এই ‘ভুয়ো রিপোর্ট’ মানেন না। ‘আমাদের মতামত এতে গ্রাহ্যই করা হয় নি’ অভিযোগ করেন তিনি। খার্গে বলেন, ‘যৌথ সংসদীয় কমিটির রিপোর্টে অনেক সদস্য তাঁদের আপত্তি জানিয়েছেন। এসব নোট সরিয়ে ফেলা হয়েছে, যা গণতন্ত্রের প্রতি অবমাননা। আমরা এই ধরনের ভুয়া রিপোর্ট কখনো মেনে নেব না। যদি রিপোর্টে আপত্তি নথিভুক্ত না থাকে, তাহলে এটি পুনরায় যৌথ কমিটিতে পাঠানো উচিত।’
वक्फ बोर्ड की JPC में अनेक सांसदों ने अपने Dissent notes दिए हैं, लेकिन उन्हें कार्यवाही से निकाल दिया गया।
यह अलोकतांत्रिक है। ये सदन इस फर्जी रिपोर्ट को नहीं मानेगा।
मेरा अनुरोध है कि अगर इसमें Dissent notes हटाए गए हैं तो रिपोर्ट को वापस JPC में भेजा जाए और इसमें संसद… pic.twitter.com/Z0ZB2nnkBc
— Mallikarjun Kharge (@kharge) February 13, 2025
তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও প্রতিবাদে সামিল হয়ে বলেন, ‘কমিটির রিপোর্টে বিরোধীদের বক্তব্য কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও আবার সাদা কাগজ চিপকে দেওয়া হয়েছে। দেশ যদি না জানে বিরোধীরা কি বলেছে, তাহলে কি করে এই রিপোর্ট গৃহীত হবে! দেশে যদি গণতন্ত্র থাকে, তাহলে সবার মতামত গ্রাহ্য। আমাদের মতামত কিভাবে সেন্সর করতে পারে? এরই বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি।’ বিলটি ইতিমধ্যে লোকসভায় ৩০ জানুয়ারি গৃহীত হয়েছে। রিপোর্টে ১৪টি সংশোধন প্রস্তাব এনডিএ সদস্যদের দ্বারা গৃহীত হয়েছে, তবে বিরোধী দলের প্রস্তাবগুলি বাতিল করা হয়েছে। এবার রাজ্যসভার অনুমোদন পেলে আইন সংশোধনের পরবর্তী কাজ শুরু হবে। কিন্তু বিরোধীরা সথাসম্ভব চেষ্টা করে যাবেন যাতে রাজ্যসভায় যাতে বিলটি পাশ না হয়। সমাজবাদী পার্টির সাংসদ, ডিম্পল যাদব বিরোধীরের একাট্টা মনোভাবকে ব্যক্ত করে বলেছেন, ‘আমরা বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করছি, আমরা সবাই এ বিষয়ে একমত। শাসক দলের জোটসঙ্গী অনেক দলও আমাদের প্রতিবাদে সামীল হবেন।’
অন্যদিকে, বিজেপির তরফে ওয়াকফ্ সংশোধনী বিল পাশের সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে। খার্গের মন্তব্যের পাল্টা জবাব দেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু। তিনি বলেন, ‘রিপোর্টের পরিশেষে বিরোধীদের সমস্ত বক্তব্য সংযুক্ত করা হয়েছে। সে নিয়ে আলোচনা হবে, কিন্তু তাঁরা হৈ হট্টোগোল করে রাজ্যসভার কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন, সময় নষ্ট করছেন। বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গী বলেছেন, “যেহেতু আমি জেপিসির অংশ, আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে, ৬৫৫ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করা একটি দীর্ঘ , সংবেদনশীল প্রক্রিয়া ছিল… প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ওয়াকফ সম্পত্তিগুলির ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা চায়… জেপিসি সভাপতি জগদম্বিকা পাল বিরোধীদের নোটগুলো অন্তর্ভুক্ত করেছেন। অযথাই বিতর্ক তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, গতবছরের ৮ আগষ্ট লোকসভায় ওয়াকফ্ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী কিরেণ রিজিজু। তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় কেন্দ্র সরকারকে। এই বিল ‘অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী’ বলে অভিযোগ তুলে আপত্তি জানিয়েছিলেন বিরোধীরা । কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এআইএমএম- সহ প্রায় সব বিরোধী দলের দাবি ছিল এই সংশোধনী বিলের উদ্দেশ্য ‘ধর্মীয় মেরুকরণ’। এই বিল যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে, তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত করবে বলে মনে করেন তাঁরা। এই অভিযোগ কেন্দ্র সরকার অস্বীকার করেছে। শেষপর্যন্ত ঐকমত্যের জন্য এই প্রস্তাবিত বিলকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেখানে বিরোধীদের মতামত গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ ছিল। লোকসভাতেও কার্যত খার্গেদের কথা ধোপে টেকেনি। নতুন ওয়াকফ্ বিলে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন, কোন সম্পত্তি ওয়াকফের, এ ঘোষণা করার অধিকার ওয়াকফ্ বোর্ডের হাতে নয়, সেই ক্ষমতা দেওয়া হবে জেলাশাসকদের হাতে। পাশাপাশি, বোর্ডে ২ জন করে মহিলা সদস্য ও ২ জন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলক ভাবে রাখার কথা বলা হয়েছে। এছাড়াও আরও নানান প্রস্তাব দেওয়া হয়েছে। এই সকল সংশোধনের ফলে মুসলিম ধর্মালম্বীদের কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি।
❤ Support Us





