Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৫

‌নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা । ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের, স্টশনে বাড়ছে নজরদারির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা । ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের, স্টশনে বাড়ছে নজরদারির

মহাকুম্ভে যাওয়ার ট্রেন ধরতে ভিড়। নিউ দিল্লি রেল স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু। শনিবার রাতের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন। মৃতদের মধ্যে ১১ জনই মহিলা। চারজন শিশুও রয়েছে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। কেন্দ্রের তরফে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে। ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়ের জেরে এই দুর্ঘটনা হয়।  ১৪ নম্বর প্ল্যাটফর্মে ও ১৬ নম্বর প্ল্যাটফর্মের চলন্ত সিঁড়ির সামনে পদপিষ্টের ঘটনা ঘটে। দুটি ট্রেন দেরিতে আসার জেরেই ভিড় বেড়ে যায় বলে অভিযোগ। দমবন্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই অজ্ঞানও হয়ে পড়েন। রেল কর্তৃপক্ষর দাবি, ভিড়ের কথা মাথায় রেখে চারটি অতিরিক্ত ট্রেনের ঘোষণা করা হয়েছিল। যদিও ধারণার বাইরে ভিড় হয়েছিল সেখানে। রেলের ডিসিপি জানান, প্রতি ঘণ্টায় ১৫০০টি করে জেনারেল টিকিট বিক্রি হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। অসংরক্ষিত কামরায় যাত্রার জন্যে এত লোকের ভিড়ের জেরেই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রথমে রেলের তরফ থেকে পদপিস্টের ঘটনা অস্বীকার করা হয়েছিল। দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা প্রথম পদপিষ্ট হয়ে মৃত্যুর কথা এক্স হ্যান্ডেলে জানান। পরে অবশ্য রেলের পক্ষ থেকে মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই দুর্ঘটনার জেরে অবশ্য রেল চলাচলে প্রভাব পড়েনি। সময় মেনেই ছেড়েছে বাকি দূরপাল্লার ট্রেন। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে রেল। রেলবোর্ডের তথ্য ও জনসংযোগ বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার জানান, গোটা ঘটনা তদন্ত করে দেখার জন্যে ২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন। তিনি লেখেন, ‘‌নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় বিচলিত। যারা প্রিয়জনকে হারালেন, তাদের সমবেদনা। প্রশাসন সকলের পাশে রয়েছে।’‌ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথাও বলেছেন অমিত শাহ। দিল্লির উপরাজ্যপাল ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবতীয় সাহায্যের নির্দেশ দিয়েছেন।

কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়ঙ্কা গান্ধীও ঘটনায় শোক জ্ঞাপন করেছেন। কেন্দ্রের ব্যর্থতার অভিযোগেও সরব হয়েছেন তাঁরা। এক্স হ্যান্ডেলে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘‌নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট কাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। নরেন্দ্র মোদীর সরকার সত্যি লুকাতে চাইছে। এটা সত্যিই লজ্জার ও নিন্দাজনক।’‌ হতাহতের আসল সংখ্যা প্রকাশের দাবিও তুলেছেন খাড়গে।
এদিকে, মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। আহতদের জন্য আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা অল্পবিস্তর আহত হয়েছেন, তাঁরা ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। স্টেশনের বাইরে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ট্র্যাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে। স্টেশনে বাড়তি সিসিটিভি লাগানো হয়েছে। কড়া পর্যবেক্ষণ করছেন রেলের আধিকারিকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!