- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বাংলায় ধর্মের নামে বিভাজন বরদাস্ত নয়, বিধানসভা থেকে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যে কড়া জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী । বিধানসভায় দাড়িয়ে তাঁর বক্তৃতায় তিনি বলেন, বাংলা সর্ব ধর্ম সমন্বয়ের একটি রাজ্য । এই রাজ্যে সব ধর্মের মানুষের স্থান, সবার সমান অধিকার । বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বক্তৃতা দিতে গিয়ে অনেক সময় অসংলগ্নতা হয়। মনে রাখা দরকার কথা বলাটাও একটি শিল্প । কী বলব সে বিষয়ে বিবেচনা করা দরকার ।
সোমবার বিধানসভায় হট্টোগোল এবং স্পিকারকে কাগজ ছুঁড়ে মারার অভিযোগে বরখাস্ত হন রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির চার বিধায়ক । এরপরই বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মীয় প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী এবং তাঁর দলের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী । সেই বক্তব্যের বিরোধিতা করে ইতিমধ্যেই তৃণমূলের মন্ত্রী এবং বিধায়করা বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ জানিয়েছেন বিধানসভার প্রিভিলেজ কমিটিকে । এরপরই আজ বিধানসভায় নিজের বাজেট অধিবেশনে নিজের বক্তব্য পেশের সময়, বিরোধীদলের বিধায়কের বক্তব্যের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা একটি বিশেষ ধর্মের হয়ে কথা বলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেন, আর এই রাজ্যে আমরা সব ধর্মের হয়ে কথা বলি, সাম্যের কথা বলি । পাশপাশি তিনি বলেন, বাংলা এই দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য । তার চারিদিকে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে । দেশের রাজনৈতিক, অভ্যন্তরীন, বাহ্যিক নিরাপত্তার প্রশ্নে আমরা কখনো কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভূক্ত বিষয়ে হস্তক্ষেপ করি না । দেশের স্বার্থ বিঘ্নিত করি না । সীমান্ত সমস্যা সমাধানে দুই পড়শি দেশ বৈঠক করছে । আমরা স্বাগত জানিয়েছি ।
সোমবারই বাংলাদেশের তদারকি সরকারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেছিলেন, রাজ্যের সংখ্যাগরিষ্ঠের ধর্মাবিলম্বীদের হয়ে কথা বলতে গেলেই তাদের বাধা দান করা হচ্ছে । এরই জবাবে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, হিন্দুত্বের অর্থ কী, এটা একটি বিশ্বজনীন ধর্ম । এটা স্বামী বিবেকানন্দর কথা । আপনারা নির্বাচন এলেই শুধু হিন্দু ধর্ম রক্ষার কথা বলেন । অথচ যখন কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি বেদখল হয়ে যাচ্ছিল আপনারা নিশ্চুপ ছিলেন । রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির সংস্কারে একাধিক কাজ রাজ্যের বর্তমান সরকার করেছে, কিন্তু রাজ্যের বিজেপি নেতৃত্ব সে বিষয়ে উদাসীন । গঙ্গাসাগরে পুর্ণার্থীদের জন্য সেতু নির্মানের দাবি জানিয়েছি বহুদিন, কেন্দ্র কর্ণপাত করেনি । এমনকি রাজ্যের কোনো বিজেপি নেতাও সেবিষয়ে কেন্দ্রের কাছে আর্জি জানানি । এবারের বাজেটে রাজ্য নিজের টাকাতেই সেই ব্রিজ নির্মাণের কাজ শুরু করবে । দীঘায় জগন্নাথ মন্দির গড়া নিয়েও আপনি আপত্তি তোলেন । এবিষয়ে তাঁর আরও সংযোজন, ‘আপনি কথায় কথায় ধর্মে নামে রাজনীতি করেন । ধর্ম নিয়েই তো করে খাচ্ছেন । মনে রাখবেন এটা বাংলা বলেই সম্ভব । কারণ আমরা সবাইকে বলার সুযোগ দিই । যে স্বাধীনতা আপনারা এখানে পান, অন্য কোথাও পাবে না । এখানে ধর্মের নামে বিভাজন বরদাস্ত করবো না । ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, টুকরো করেন, আমরা করি না । আমার যদি সব ধর্মের কথা বলি, তবে সেটা অন্যায়? কোনটা সঠিক জনগণই তার জবাব দেবে ।’
এরপরই মহাকুম্ভের প্রসঙ্গ উত্থাপন করে মমতা বন্দোপাধ্যায় বলেছেন, মহাকুম্ভ তো মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে । পদবিষ্ট হয়ে মারা গেছেন বহু । একের পর এক অগ্নিকান্ড হয়েছে । অথচ কেন্দ্র সেখানে একটিও তদন্তকারী কমিশন টিম পাঠালো না । অথচ বাংলায় কিছু হলেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম চলে আসে । সেরাজ্যের ডবল ইঞ্জনি সরকার বলছে মাত্র নাকি ৩০ জন মারা গেছেন । মানুষের মৃতদেহ নিয়ে যাঁরা রাজনীতি করেন তাঁদের আমি ঘৃণা করি । প্রপার প্ল্যানিং ছাড়া এইসব বড়ো প্রোগ্রামে এতো হাইপ করেছিলেন কেন ? হাইপ তুলে কোটি কোটি টাকা কামাচ্ছেন, অথছ সাধারণ মানুষের প্রাণহানির কোনো দাম নেই । মহাকুম্ভে বাংলার যাঁরা প্রাণ হারিয়েছেন । তাদের একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেননি আপনারা । রাজ্য সরকারই সেইসব ব্যবস্থা করে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে । এরপরই তিনি বিরোধী দলনেতার উদ্দ্যেশ্যে কটাক্ষ করে বলেন, ‘ আশা করি ধর্ম নিয়ে বকধার্মীকদের উত্তরটা দিতে পেরেছি । যার যার ধর্ম নিজের উৎসব সবার । আমরা সব ধর্ম পালন করি শান্তিতে ।’
❤ Support Us





