- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ১৯, ২০২৫
দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করলেও সীমান্তের ৫ জায়গায় তৎপরতা চলবে, ঘোষণা নেতানিয়াহু সরকারের
দক্ষিণ লেবাননের অধিকাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে ইজরায়েল। দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি। সীমান্তবর্তী এলাকার গ্রামগুলিতে ফিরছেন ঘরছাড়া মানুষ। হিজবুল্লাহ-এর বিরুদ্ধে লড়াই জারি রাখবার ঘোষণা ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজের।
১৮ ফেব্রুয়ারি দক্ষিণ লেবাননের ৫ টি অঞ্চল বাদে, সীমান্তবর্তী এলাকায় অধিকাংশ জায়গা থেকে ইজরাইয়েল সেনা প্রত্যাহার করছে। গত ২৬ জানুয়ারি শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অবশেষে মঙ্গলবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী,সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রমের এক ঘণ্টা আগে এলাকা খালি করেছে। তারা সীমান্তের কাছে ৫ টি জায়গায় কৌশলগত কারণে সেনা মোতায়েন জারি রাখবে। ফলে বাস্তুচ্যুত মানুষেরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া সীমান্তবর্তী গ্রামগুলিতে ফিরতে শুরু করেছে।
নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ সেনা প্রত্যাহারের বিষয়টি সুনিশ্চিত করেছেন। একই সঙ্গে ৫ এলাকায় সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি ।সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, হিজবুল্লাহর কোনো ‘লঙ্ঘনের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আইডিএফ লেবাননে পাঁচটি কৌশলগত পোস্টে অবস্থান করবে এবং হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আইডিএফ অফিসার ট্যামি শুর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লিখেছেন, ৯০ দিন পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কাজ করতে চলেছে। দক্ষিণ লেবাননের অধিকাংশ এলাকা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। লেবাননের সেনাবাহিনীকে ওই অঞ্চলে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া হইয়েছে। তবে হিজবুল্লাহর সন্ত্রাসী বাহিনীর প্রতিরোধের জন্য আমাদের লড়াই চলবে।’ তিনি আরো বলছেন, ‘মনে রাখবেন, অক্টোবর ৭ -এর পরে প্রায় ১৫ মাসের সংঘাতে ইজরায়েলের বিরুদ্ধে, হিজবুল্লাহ ১৬০০০ ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছিল। অবশেষে এই যুদ্ধবিরতি পরে এসেছে। গত ৯০ দিনে লেবাননের সেনাবাহিনীর সাথে যৌথভাবে কাজ করেছে ইজরায়েল। হিজবুল্লাহর আন্তর্জাতিক অংশীদাররা নিশ্চিত করেছে, দক্ষিণ লেবাননে তাঁরা নিজেদের সন্ত্রাসী ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠিত করতে অক্ষম। এই নতুন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় শান্তি ফিরে এসেছে। ৬০০০০ এর বেশী বাস্তুচ্যুত ইজরায়েলি নিরাপদে নিজের বাড়িতে ফিরতে পারবেন এবার।
লেবাননের সেনাবিহিনী সীমান্তে দায়িত্ব নেবার জন্য প্রস্তুত রয়েছে বলে জানায় দেশটির সরকার। তবে ইজরাইয়েলের সামান্য উপস্থিতিও ‘দখলদারি’ মনোভাব হিসাবেই দেখছেন তাঁরা। জাতিসংঘের কাছে এ নিয়ে অভিযোগ জানানোর কথাও ভাবা হচ্ছে, যাতে ইজরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার করে। লেবানিজ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তাঁরা সোমবার সন্ধ্যা থেকেই দক্ষিণ সীমান্তবর্তী ১১টি গ্রামসহ অন্যান্য এলাকায় সেনা মোতায়েন শুরু করে দিয়েছে। জাতিসংঘের পর্যবেক্ষক বাহিনী ইউনিফিলের সঙ্গে আলোচনা করেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, ধ্বংসস্তুপে পরিণত হওয়া, ক্ষতবিক্ষত লেবাননের পুনর্গঠনের জন্য প্রায় ১০ বিলিয়ন ডলারের বেশি খরচ হবে। এখনো ১ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া। কেউ খুঁজে চলেছেন নিজের ভাই, কেউ বা মা-বাবা, কেউ সন্তান। কারো স্বজন, প্রিয়জন দীর্ঘ লড়াইয়ে শহীদ হয়েছেন। কিন্তু মাতৃভূমির প্রতি নিবিড় টানে, গ্রামবাসীরা নিজেদের ঘরে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ।
❤ Support Us







