Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৬

কলম্বিয়ায় সন্ত্রাস, কার্তাহেনার সুপারমার্কেটে হামলা, ভিলাভিসেনসিতে গাড়ি বোমা বিস্ফোরণ

আরম্ভ ওয়েব ডেস্ক
কলম্বিয়ায় সন্ত্রাস, কার্তাহেনার সুপারমার্কেটে হামলা, ভিলাভিসেনসিতে গাড়ি বোমা বিস্ফোরণ

কলম্বিয়ার কার্তাহেনায় সশস্ত্র সন্ত্রাসীরা দেশের প্রধান পর্যটন কেন্দ্র কার্তাহেনার একটা সুপারমার্কেট দখল করে অন্তত ২৫ জনকে আটক করেছে। এই ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে। কাছাকাছি ভবনগুলিতে স্নাইপার মোতায়েন করা হয় এবং এলাকাটি ঘিরে ফেলা হয়। এখনও উদ্ধার অভিযান চলছে। এর আগে সন্ত্রাসীরা একটা নগদ টাকাবাহী ভ্যান লুটের চেষ্টা করেছিল। ভিলাভিসেনসিওতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সেখানে গভর্নরের কার্যালয়ের কাছে গাড়িবোমা বিস্ফোরণে ২২ জন আহত হয়েছেন।

মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা প্রথমে নগদ টাকাবাহী একটা সাঁজোয়া গাড়ি লুট করার চেষ্টা করেছিল। তবে, নিরাপত্তা ক্যামেরা পর্যবেক্ষণকারী কর্মচারীরা পুলিশকে খবর দিলে অপরাধীরা কাছের কার্তাহেনার লা কাস্তেলানা এলাকার এক্সিতো সুপারমার্কেটে ঢুকে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সন্ত্রাসী হামলার পরপরই সুপারমার্কেট থেকে সাধারণ মানুষ দৌড়ে পালাচ্ছে। স্থানীয় গণমাধ্যমও কাছাকাছি ভবনগুলিতে অবস্থানরত স্নাইপারদের ছবি প্রকাশ করেছে। কিছু ফুটেজে দেখা গেছে, সুপারমার্কেটের ভেতরে হাত বাঁধা অবস্থায় লোকজন জানালার কাছে হাঁটু গেড়ে বসে আছে।
মঙ্গলবার কার্তাহেনার লা কাস্তেলানা এলাকার এক্সিতো সুপারমার্কেটে এই ঘটনাটি ঘটে। রাষ্ট্রপতি আবেলার্দো দে লা এস্প্রিয়েল্লার মতে, সশস্ত্র ব্যক্তিরা প্রথমে একটা শপিং মল থেকে নগদ টাকা বহনকারী একটা সাঁজোয়া গাড়ি লুট করার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সশস্ত্র ব্যক্তিরা কাছের সুপারমার্কেটে প্রবেশ করে এবং লোকজনকে জিম্মি করে। এই ঘটনার কারণে কার্তাহেনার রাফায়েল নুনেস বিমানবন্দরে কিছুক্ষণের জন্য বিমান অবতরণ বন্ধ হয়ে যায়। পরে ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।

রাষ্ট্রপতি এক্স-এ পোস্টে জানিয়েছেন, দুর্বৃত্তরা প্রাথমিকভাবে প্রায় ৩০ জনকে আটক করেছিল। পরে ৫ জন বয়স্ক মহিলাকে মুক্তি দেওয়া হয়। বাকিদের উদ্ধারের জন্য পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। এই সন্ত্রাসের পেছনে কাদের হাত রয়েছে, সেই প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘‌সুপারমার্কেটে যারা জিম্মি করেছে তারা সাধারণ অপরাধী এবং কোনও গেরিলা বা আধাসামরিক সংগঠনের সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই।’‌ এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন কলম্বিয়া বিদ্রোহী গোষ্ঠীগুলির হামলা এবং সংগঠিত অপরাধের চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে।

এদিকে, মধ্য কলম্বিয়ার ভিলাভিসেনসিও শহরে মেটা প্রাদেশিক গভর্নরের কার্যালয়কে লক্ষ্য করে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। কর্মকর্তাদের মতে, এই হামলায় ২২ জন আহত হয়েছেন এবং ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, গাড়িটিতে প্রায় ১০০ কেজি বিস্ফোরক ছিল। বিস্ফোরণের প্রভাব ঘটনাস্থল থেকে ১০০ মিটারেরও বেশি দূরের ভবনগুলোতেও পৌঁছেছিল। আহতদের মধ্যে ৫ জন বেসরকারি নিরাপত্তাকর্মী ছিলেন, যাদের মধ্যে একজনের অস্ত্রোপচার করা হয়েছে।
মেটা প্রদেশের নিরাপত্তা সচিব ফ্রাঙ্কলিন অলিভোস এই হামলার জন্য ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর ৩৯তম ফ্রন্ট ইউনিট, অর্থাৎ ইএমস–-কে দায়ী করেছেন। এই গোষ্ঠীটি ২০১৬ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছে এবং দক্ষিণ কলম্বিয়ার জঙ্গলে তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। রাষ্ট্রপতি দে লা এসপ্রিয়েল্লা সংগঠিত অপরাধ এবং অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের নীতি গ্রহণ করেছেন। অক্টোবরে তিনি কুকুয়াটা এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর মোতায়েন বাড়ানোর নির্দেশ দেন। সরকারের লক্ষ্য হল এই এলাকাগুলোতে নিয়ন্ত্রণ জোরদার করা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

তবে, সামরিক পদক্ষেপ সত্ত্বেও গেরিলা সংগঠনগুলি ড্রোন, বিস্ফোরক এবং হাতে তৈরি অস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। তুলনামূলকভাবে কম খরচ এবং সহজলভ্য প্রযুক্তির কারণে বিস্ফোরকবাহী ড্রোনগুলি নিরাপত্তা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!