- প্রচ্ছদ রচনা বি। দে । শ
- নভেম্বর ২৪, ২০২৬
প্রদেশ ভাগের পরিকল্পনা ঘিরে উত্তাল পাকিস্তান ! আসিম মুনিরের বিরুদ্ধে পথে হাজার হাজার মানুষ, উঠল স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবি
পাকিস্তানের মানচিত্র কি নতুন করে আঁকার প্রস্তুতি চলছে? বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া কিংবা পাক অধিকৃত কাশ্মীর — পাকিস্তানের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষের ছবি সামনে এসেছে। এবার চারটি প্রদেশ ভেঙে এক ডজনেরও বেশি নতুন প্রশাসনিক একক তৈরির প্রস্তাব ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে সে দেশের রাজনীতি। আর সে বিতর্কের আঁচ সবচেয়ে বেশি এসে পড়েছে সিন্ধু প্রদেশে। প্রদেশ ভাগের প্রস্তাবের বিরুদ্ধে এ বার রাস্তায় নামলেন হাজার হাজার সিন্ধিভাষী মানুষ।
রঙিন নকশায় সাজানো বাসে চেপে, গলায় ঐতিহ্যবাহী ‘আজ়রক’ চাদর, মাথায় সিন্ধি টুপি পরে এদিন কারাচির রাস্তায় নেমেছিলেন বিক্ষোভকারীরা। হাতে ছিল লাল পতাকা। মিছিলে উঠল সিন্ধুর অখণ্ডতা রক্ষার স্লোগান। সেই সঙ্গে নতুন করে জোরালো হলো স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবিও। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাঞ্জাব-প্রধান সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে সিন্ধুকে খণ্ডিত করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। ‘জিয়ে সিন্ধু রাহবার কমিটি’ (জেএসআরসি)-র ব্যানারে আয়োজিত ওই মিছিলে যোগ দিয়েছিলেন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের দাবি, সিন্ধু কোনও প্রশাসনিক একক মাত্র নয়। নিজস্ব ইতিহাস, ভাষা, সভ্যতা ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে এ অঞ্চলের স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। সেই অস্তিত্বে আঘাত এলে তা মেনে নেওয়া হবে না। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপসের প্রশ্নই নেই। শুধু প্রতিবাদেই থেমে থাকেনি আন্দোলন। পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিক ভাবে প্রভাবশালী প্রদেশ পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে এক সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন।
বিক্ষোভের সূত্রপাত পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভির প্রস্তাবকে কেন্দ্র করে। সম্প্রতি ইসলামাবাদে ‘পাকিস্তান ইকনমিক সামিট’-এ ছোটো ছোটো প্রশাসনিক একক তৈরির পক্ষে সওয়াল করেন তিনি। পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। প্রস্তাবটিকে সমর্থন করে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, দেশের প্রদেশের সংখ্যা বাড়িয়ে ১২ থেকে ১৫ করা যেতে পারে। গত ২২ নভেম্বর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও জানান, নতুন প্রদেশ গঠন নিয়ে গণভোটের আলোচনা ২৬ সালের শেষের দিকে বাস্তব রূপ নিতে পারে। এ প্রস্তাবের বিরোধিতায় প্রথম থেকেই সরব সিন্ধুর শাসক দল ‘পাকিস্তান পিপলস পার্টি’ (পিপিপি)। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জ়ারদারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জোর করে সিন্ধুকে ভাগ করার চেষ্টা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি হুঁশিয়ারি দেন, সিন্ধু ভাগ করা হলে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারেন। তার জেরে কারাচি ও হায়দরাবাদের রাস্তায় রক্তপাতের আশঙ্কাও রয়েছে। বিলাওয়ালের বক্তব্য, নতুন প্রদেশ গঠনের বিরোধী নয় তাঁর দল। কিন্তু মানুষের সম্মতি, সংবিধান আর আইনকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
নয়া এই প্রস্তাব ঘিরে সিন্ধুতে অসন্তোষের অন্যতম কারণ করাচির রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব। পাকিস্তানের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র কারাচি সিন্ধু প্রদেশের অন্তর্গত। ফলে নতুন প্রদেশ গঠনের প্রস্তাবকে নিছক প্রশাসনিক পুনর্গঠন হিসাবে দেখতে নারাজ সিন্ধুর রাজনৈতিক নেতৃত্ব। পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষের বিরুদ্ধে সিন্ধুর লক্ষ লক্ষ একর কৃষিজমি, উপকূলবর্তী দ্বীপ এবং তেল, গ্যাস ও কয়লার মতো প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগও তুলেছেন বিরোধী নেতারা। তাঁদের দাবি, সিন্ধুর সম্পদ ব্যবহার করে অন্য অঞ্চলের স্বার্থ রক্ষা করা হচ্ছে, অথচ স্থানীয় মানুষের অধিকার উপেক্ষিত থাকছে। আন্দোলনকারীদের বক্তব্য, সিন্ধু কেবল পাকিস্তানের একটি প্রশাসনিক অঞ্চল নয়। এর নিজস্ব ভাষা, সভ্যতা, ইতিহাস এবং সাংস্কৃতিক পরিচয় রয়েছে, যা পাকিস্তান রাষ্ট্রের জন্মের বহু আগে থেকেই স্বতন্ত্র। তাই ইসলামাবাদে বসে কোনো সিদ্ধান্ত নিয়ে সিন্ধুর সীমানা বদলে দেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের নেই। তাঁদের দাবি, প্রদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র সিন্ধুর মানুষের।
আন্দোলনকারীদের আরও বক্তব্য, প্রস্তাবিত গণভোটের প্রস্তাব আসলে প্রদেশ ভাগের সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার কৌশল হতে পারে। তাঁদের প্রশ্ন, যে প্রদেশের মানুষ নিজেরাই বিভাজনের বিরোধিতা করছেন, তাঁদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার ইসলামাবাদের কোথায়? তবে এই আন্দোলন যে উর্দুভাষী বাসিন্দা কিংবা অন্য কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনের নেতৃত্বরা। আন্দোলনের ঢেউ শুধু করাচিতেও আটকে নেই। গত কয়েক দিনে সিন্ধুর একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। হায়দরাবাদ, নওয়াবশাহ ও লারকানাতেও পথে নেমেছেন বিক্ষোভকারীরা। গত ২১ নভেম্বর মেহর শহরে সিন্ধু ভাগের প্রস্তাবের বিরুদ্ধে সভা হয়। সে সভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কথা উল্লেখ করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী আয়াজ় লতিফ পালিজো সমাজমাধ্যমে লেখেন, সিন্ধুর অখণ্ডতা রক্ষার প্রশ্নে ছোটো শহরের মানুষও যে আপসহীন, মেহরের সভা তারই প্রমাণ। অন্যদিকে, ২২ নভেম্বর করাচি-সহ সিন্ধুর বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজ়ল (জেইউআই-এফ)।
বর্তমানে পাকিস্তানে চারটি প্রদেশ — পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান। প্রশাসনিক কাজের সুবিধা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সাধারণ মানুষের কাছে প্রশাসনকে পৌঁছে দেওয়ার যুক্তিতে ছোটো ছোটো প্রদেশ গঠনের কথা বলছে ইসলামাবাদ। কিন্তু এ প্রস্তাবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বিশেষত সিন্ধুর ক্ষেত্রে বিষয়টি আরও স্পর্শকাতর। পৃথক প্রদেশে পরিণত করা হলে সিন্ধুর রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড়োসড়ো পরিবর্তন আসতে পারে। ২০০৮ সাল থেকে এই প্রদেশে ক্ষমতায় রয়েছে ‘পাকিস্তান পিপলস পার্টি’ (পিপিপি)-র। নয়া সিদ্ধান্তে তাদের রাজনৈতিক প্রভাবও ধাক্কা খেতে পারে। অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে।এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘পিপিপি’-র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)-র অবস্থান। নতুন প্রদেশ গঠনের প্রস্তাবকে সমর্থন করছে তারা। ঘটনাচক্রে, ‘এমকিউএম-পি’ পাকিস্তানের শাসক জোটের শরিক এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ়ের (পিএমএল-এন) সহযোগী। ফলে সিন্ধু ভাগের প্রশ্নে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। তবে এখনো পর্যন্ত প্রস্তাবিত নতুন প্রদেশগুলির কোনও নির্দিষ্ট মানচিত্র প্রকাশ্যে আসেনি। সংবিধান সংশোধনের কোনো খসড়াও সামনে আনেনি পাকিস্তান সরকার। ফলে ঠিক কোন কোন অঞ্চলকে ভেঙে নতুন প্রদেশ তৈরি করা হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই।
এদিকে, পাকিস্তানের প্রশাসনিক পুনর্গঠনের এ বিতর্কে সেনাপ্রধান আসিম মুনিরের নাম জড়িয়েছে। যদিও তাঁর অনুমোদন-সহ কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা এখনো প্রকাশিত হয়নি, তবু পাকিস্তানের রাজনৈতিক মহলে আলোচনা, নতুন প্রদেশ গঠনের উদ্যোগের পিছনে সামরিক নেতৃত্বের ভূমিকা রয়েছে। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব দীর্ঘদিনের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা থাকলেও বাস্তবে সেনাপ্রধানের ভূমিকা অনেক ক্ষেত্রেই নির্ণায়ক। বিরোধীদের একাংশের আশঙ্কা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নামে নতুন প্রদেশ গঠনের উদ্যোগ আসলে রাজনৈতিক বিরোধীদের প্রভাব খর্ব করার এবং সামরিক নেতৃত্বের কর্তৃত্ব আরও মজবুত করার কৌশল হতে পারে। ফলে, স্বাধীন সিন্ধুদেশের দাবিও উঠছে ফের। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর সিন্ধি জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দ পাকিস্তান থেকে সিন্ধুর বিচ্ছিন্নতার পক্ষে সরব হয়েছিলেন। তাঁর প্রস্তাব ছিল, সিন্ধিকে একটি স্বাধীন ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। সে আন্দোলনের রাজনৈতিক উত্তরাধিকার বহন করে চলেছে একাধিক সিন্ধি সংগঠন। ২০২৫ সালের ৭ ডিসেম্বর সিন্ধি সংস্কৃতি দিবসেও স্বাধীনতার দাবিতে বিক্ষোভ হয়েছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে করাচিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর সামনে আসে। এ বার পুরনো সে দাবিই নতুন করে রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে।
❤ Support Us








