- দে । শ
- ফেব্রুয়ারি ২৪, ২০২৫
কন্টেনার পিষে মারল ২ মহিলাকে, জখম ২
নিয়ন্ত্রণ হারানো দ্রুত গতির কন্টেনারের ধাক্কায় প্রাণ গেল ২ মহিলার। মহিলাদের পাশে ছিল দুটি টোটো। টোটো দুটিতেও ধাক্কা মারে কন্টেনারটি। গুরুতর জখম টোটো দুটির চালক দীপ হাজরা ও টোটন হালদার। তারা কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এসটিকেকে রোডে কালনার ধাত্রীগ্রাম মোড়ের কাছে দুর্ঘটনা। মৃত লক্ষ্মী মাহালি (৩৭) ও চিন্তা মাহালি (৩৫) স্থানীয় স্বরাজপুরের বাসিন্দা। দুজনে রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন। পুলিশ ও এলাকা সূত্রের খবর, ওই ২ মহিলা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করেন। কাজ সেরে সংসারের জন্য জিনিসপত্র কিনে ফেরার সময় ধাত্রীগ্রাম মোড়ের কাছে একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। টোটো দুটিও যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়েছিল। এমন সময় নবদ্বীপের দিক থেকে তীব্র গতিতে আসা কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ২ মহিলাকে। তারপর টোটো দুটির পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশ কন্টেনারটি আটক করেছে।
এদিকে কাটোয়া-ব্যান্ডেল রেলপথের দাঁইহাট স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে উদ্ধার হল যুবকের দেহ। বিল্বনাথ গোস্বামী (২৫) নামে ওই যুবক কাটোয়া শহরের মনমোহন পল্লীর বাসিন্দা। কাটোয়া স্টেশনের কাছে একটি খাবারের দোকান রয়েছে তার। অন্যদিকে জলে ডুবে মৃত্যু হল বছর দুয়েকের শিশুর। অর্ক মণ্ডল নামে ওই শিশুর বাড়ি কাটোয়া শহরের দিঘিরপাড় এলাকায়। জানা গেল, বাড়ির সামনে পুকুরের ধারে খেলতে খেলতে জলে পড়ে যায় অর্ক। তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
❤ Support Us





