- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে কী ভাবনা কেন্দ্রের ? তথ্য চাইল সুপ্রিমকোর্ট
কোভিড-১৯ টিকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে অনেকের। ক্ষতিগ্রস্থ পরিবারগুলির আর্থিক ক্ষতিপূরণের জন্য কোনো নীতি প্রণয়ন করা হবে কি না, কেন্দ্র সরকারের কাছে জানতে চাইল সুপ্রিমকোর্ট। ৩ সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে শীর্য আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু সম্পর্কিত একটি মামলার শুনানি চলছিল। সেখানেই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্র সরকারের প্রতিনিধিত্ব করা, সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটিকে প্রশ্ন করেন, কোভিড-১৯ টিকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির আর্থিক ক্ষতিপূরণের জন্য কোনো নীতি প্রণয়ন করা হবে কি না? উত্তরে কেন্দ্রের আইনজীবি বলেন, কোভিড-১৯ টিকা বিশ্বব্যাপি চলা মেডিক্যাল প্রটোকল মেনেই দেওয়া হয়েছিল। কোভিড মৃত্যুতে ক্ষতিপূরণের নির্দিষ্ট নীতি রয়েছে। তবে টিকা নেওয়ার পর নির্দিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে কি না তা আগে জানতে হবে। তিনি আদালতের কাছে আর্জি জানান, দুটো বিষয়কে যাতে এক করে না দেখা হয়। আরো বলেন, ‘যখন নীতিমালা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং এটি তাদের অন্তর্ভুক্ত করেনি, তখন কোনো নির্দিষ্ট পদ্ধতিতে নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া যেতে পারে না।’ কেন্দ্রের আইনজীবী জোর দিয়ে বলেন যে, বিরল ক্ষেত্রে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে যারা মারা গেছেন তাদের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনও ক্ষতিপূরণ দিতে পারবে না।
শীর্ষ আদালতে কোভিড সংক্রান্ত যে মামলার শুনানি চলছিল, তাতে কেরালার মহিলা আবেদনকারী দাবি করেছিলেন যে, তাঁর স্বামী কোভিড-১৯ টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছেন। ২০২২ সালে তিনি স্বামীর অকাল মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে কেরালা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় যে, কোভিড-১৯ টিকার পরবর্তী প্রভাবের কারণে মৃত্যুর ঘটনা চিহ্নিত করার জন্য একটি নীতি বা নির্দেশিকা তৈরি করা হোক যাতে এই ধরনের ভুক্তভোগীদের উপর নির্ভরশীলদের ক্ষতিপূরণ দেওয়া যায়। কেন্দ্র হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। ২০২৩ সালে, শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশ স্থগিত করে। এদিন শীর্ষ আদালতে আবেদনকারীর আইনজীবী বলেন, ‘এখনও পর্যন্ত ১৪ লক্ষের বেশি কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। টিকায় পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যুর ক্ষেত্রে সংখ্যাটা দুশোর কাছাকাছি। এক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া কি সম্ভব নয়? কোভিজ-১৯ বিপর্যয়ের কারণেই টিকাকরণ করা হয়েছে।’
সুপ্রিম কোর্ট তাঁর পর্যবেক্ষণে বলেছে, ‘কোভিড মহামারীর জেরেই শুরু হয়েছিল টিকাকরণ প্রক্রিয়া। ফলে টিকা গ্রহণের ফলে মৃত্যু আর এই রোগের কারণে মৃত্যুকে আলাদাভাবে বিবেচনা করা উচিত নয়। এদুটিকে আলাদা করা মুশকিল।’ কেরল হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে, কারা কতটা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য তা নির্ধারণ করতে হবে, নির্দেশ দেন শীর্ষ আদালত। ক্ষতিপূরণ সংক্রান্ত নীতিমালা তৈরি করবার ক্ষেত্রে কেন্দ্রকে ৩ সপ্তাহের মধ্যে যুক্তিপুর্ণ জবাব দিতে হবে। আগামী ১৮ মার্চ মামলার পরবর্তী শুনানি।
❤ Support Us





