- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১, ২০২৫
‘ভূতুড়ে ভোটার’ ধরতে জেলায় জেলায় অভিযান তৃণমূল কর্মীদের। আসল ভোটারদের নাম মুছে তালিকায় উঠছে অনুপ্রবেশকারীদের নাম, অভিযোগ বিজেপির
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসোভা নির্বাচন। এ আবহে মমতা ব্যানার্জির ‘ভূতুড়ে ভোটার’ দাবিতে সরগরম বাংলার রাজনৈতিক আঙিনা। গত ২৭ তারিখ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের সম্মেলন থেকে ‘ভুয়ো ভোটার’দের চিহ্নিত করবার বিষয়ে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধায়। দলনেত্রীর নির্দেশ পাবার পরই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সাজোসাজো রব। শনিবার সকালে খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে অভিযান করতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। তিনি বলেছেন, ‘ দলনেত্রী নির্দেশ দিয়েছেন, আমরা দ্রুত সে কাজ শেষ করতে চাইছি।’ এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন — তালিকা থেকে আসল ভোটারদের মুছে ফেলতে চাইছে তৃণমূল সরকার’। মোদি সরকারের কাছেও এ বিষয়ে দরবার করেছে বঙ্গবিজেপির নেতারা। অন্যদিকে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের । সব মিলিয়ে ভোটার ও নাগরিক তরজার উত্তাপ কলকাতা থেকে দিল্লি অবধি ছড়িয়েছে।
বিধানসভার অধিবেশনে প্রথম ‘ভুয়ো ভোটার’ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, ‘অনলাইন ভোটার তালিকার মাধ্যমে কারসাজি চলছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই কাজ করা হচ্ছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলিও এতে যুক্ত রয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র ও দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের নেপথ্যে রয়েছে এই ভুয়ো বা ভূতুড়ে ভোটাররাই। যারা মূলত অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে বেআইনিভাবে বিভিন্ন এলাকার ভোটার তালিকায় নিজেদের নাম তুলছে।’ কিন্তু বিজেপির এই ফর্মুলা বাংলায় ব্যর্থ করবার চ্যালেঞ্জও দিয়েছিলেন। এরপরই শুরু হয়েছিল তৎপরতা। গত সপ্তাহে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো আটকাতে কঠোর পদক্ষেপ নিয়েছিল নব্বান্ন। মুখ্যসচীব মনোজ পন্থ রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। নির্দেশ দেন, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে এবং যে কোনও রকম অনিয়ম কঠোরভাবে রুখতে হবে। নেতাজী ইন্ডোরের কর্মীসভা থেকে দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন, জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে নাম মিলিয়ে দেখতে হবে। সন্দেহজনক কিছু চোখে পড়লে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার সভা শেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৮ জন তৃণমূল কাউন্সিলারের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সেখানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। নিজের বিধানসভা এলাকায় দলের শক্তি বাড়াতে একাধিক নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ওই এলাকায় ‘ভূতুড়ে ভোটার’ ধরতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। নেত্রীর নির্দেশ পাওয়ার পর তৎপরতা শুরু হয় জেলাগুলিতেও, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার জেলাস্তরের তৃণমূল নেতারা নিজেদের মধ্যে বৈঠকও করেছেন। শুক্রবার মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে এ নিয়ে আলোচনায় বসেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, দেগঙ্গার বিধায়ক রহিমা বিবি–সহ আরও অনেকে। বারুইপুর পশ্চিম বিধানসভায় ভুয়ো ভোটার ইস্যুতে সেখানকার ১০টি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও প্রধানদের বৈঠকে ডাকতে চলেছে বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল নেতৃত্ব। ১ মার্চ বীরভূম, মালদাতেও বৈঠক বসতে চলেছে। বিধায়ক, সাংসদ ছাড়াও দলীয় পদাধিকারী নেতানেত্রীরা উপস্থিত থাকবেন সেখানে। আগামী বুধবারের এই ইস্যুতে মধ্যে সমস্ত বৈঠক সেরে ফেলবার নির্দেশ। তৃণমূলনেত্রী রাজ্যস্তরে ৩৬ জনের বিশেষ কমিটি তৈরি করেছেন, কয়েকদিনের মধ্যে সে কমিটিও বৈঠকে বসতে চলেছে। বিজেপির তরফ থেকেও জেলায় জেলায় নেতাকর্মীদের নির্দেশ পাঠানো হয়েছে, যাতে এ নিয়ে তৃণমূল কোনোরকম রাজনৈতিক ফায়দা তুলতে চাইলে তা আটকান যায়।
‘ভুয়ো ভোটার’ ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সমালোচানার ঝড় তুলেছে বিজেপি। শুক্রবার ভারপ্রাপ্ত রাজ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষ্ফোরক মন্ত্যব্য করেন শুভেন্দু অধিকারি। তিনি দাবি করেন, ‘পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের ভূতুড়ে ভোটার হিসাবে নাম তুলছে তৃণমূল কংগ্রেস।’ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শিখ ও গুজরাটি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তৃণমূলের অভিযোগ মিথ্যে বলে দাবি করে, এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী হরিয়ানার যে তথ্য দিয়েছেন নির্বাচন কমিশন জানিয়েছে ভুল তথ্য। কমিশন বলেছে, আইডি নম্বর এক হলেও নাম আলাদা। আমরা দিল্লিতে বলেছি। সংশোধন করে দিতে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কোনো কারণে প্রিন্টিং মিসটেক আছে হয়তো। সেটা আমরা সংশোধন করে দেব। মুখ্যমন্ত্রী যে ৯টি নাম দিয়েছেন, প্রমাণিত হয়েছে সবগুলো ভুয়ো। এপিক নম্বর এক হতে পারে কিন্তু প্রত্যেক ভোটারের নাম আলাদা।’
অন্যদিকে, দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুক্রবার দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, পুলিশমন্ত্রী আশিস সুদ ও দিল্লির পুলিশ-প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন বিজেপির ‘চাণক্য’। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক বিবৃতি অনুয়াযী, অমিত শাহ বলেছেন যে বাংলাদেশী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ভারতে অবৈধ অনুপ্রবেশ, নথিপত্র তৈরি ও বসবাস করবার ক্ষেত্রে, যে সব চক্র বাংলাদেশি ও রোহিঙ্গাদের সাহায্য করছে তাদের পুরো নেটওয়ার্কের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন, তাদের চিহ্নিত করে অবিলম্বে বহিষ্কার করা উচিত বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি পুলিশকে আন্তঃরাজ্য গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গেও এ ধরনের সমন্বয় বৈঠক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী শাহ।
❤ Support Us







