- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৩, ২০২৫
ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে পূর্ব বর্ধমানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক মন্ত্রী, সাংসদের
ভোটার তালিকায় কারচুপি রোখা ও ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে মাঠে নেমে পড়েছেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক স্বপন দেবনাথ। পরপর ২ দিন মন্ত্রী পূর্বস্থলী ১নং ও কালনা ১নং ব্লকের বিভিন্ন স্তরের দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভোটার তালিকায় থাকা ‘ভুয়ো ভোটার’ চিহ্নিত করে তা সাফ করার রণকৌশল ঠিক করে দেন। সেইসঙ্গে বিধানসভা ভোটের প্রচারেরও সুর বেঁধে দেন। তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটে আপনারা মমতা ব্যানার্জির হাত শক্ত করেছেন। ছাব্বিশের ভোট মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার ভোট। তাই এখন থেকেই ময়দানে নেমে পড়তে হবে। বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না।’ যোগ করেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনেই ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার চিহ্নিতকরণের কাজ কীভাবে হবে, তা চূড়ান্ত করতে বৈঠক করলাম।’ সভায় হাজির বর্ধমান পূর্বের সাংসদ ডাঃ শর্মিলা সরকারের পরামর্শ, ‘একেবারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে ভোটারদের অস্তিত্ব যাচাই করুন। পূর্বস্থলী ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডেরা বলেন, ‘অনলাইনে ভোটার তালিকায় কারসাজি করা হচ্ছে বিজেপির ইশারায়। আর এসব করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ও নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে।’
সভায় জানানো হয়েছে, মহারাষ্ট্র ও দিল্লি বিধানসভায় বিজেপির বিপুল জয়ের কারিগর এই ভূতুড়ে ভোটাররাই। অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে বেআইনিভাবে বিভিন্ন এলাকার ভোটার তালিকায় নিজেদের লোকজনের নাম তুলেছে বিজেপি। ‘বিজেপির এই ফর্মুলা ব্যর্থ করতেই’ এখন থেকেই পূর্ব বর্ধমান জেলাজুড়ে মাঠে নামছে তৃণমূল। ঠিক হয়েছে, একেবারে ভোটার তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে সেই তালিকা সামনে রেখে মিলিয়ে দেখে নেওয়া হবে। সন্দেহজনক কিছু মনে হলেই নিয়ম মোতাবেক ব্যবস্থা। বিষয়টি নিয়ে জেলাস্তর থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত দলীয় বৈঠকও চলছে। প্রয়োজনে এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে ‘সমন্বয় করা’রও নির্দেশ দেওয়া হয়েছে দলের নীচুতলার তৃণমূলের নেতা-কর্মীদের। কাটোয়া বিধানসভাতেও ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে। নির্দিষ্ট তথ্যপ্রমাণ-সহ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি।
ভোটার তালিকা নির্ভুল করতে উদ্যোগ নিয়েছে প্রশাসনও। জেলা প্রশাসন সূত্রের খবর, ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব সমস্ত জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন। তাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না। কঠোর নজরদারি চালাতে হবে। যেকোনো মূল্যে অনিয়ম রুখতে হবে।
❤ Support Us






