Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৩, ২০২৬

নিউজিল্যান্ডের সঙ্গে ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউজিল্যান্ডের সঙ্গে ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন ভারতের

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের শেষ টেস্ট জয় এসেছিল ১৮ বছর আগে। সেটাই ছিল গত ৫০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে একমাত্র টেস্ট জয়। ইতিহাসকে স্পর্শ করার সুযোগ ছিল শুভমান গিলদের সামনে। স্পর্শ করতে দিলেন না ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। ওয়েলিংটনে শেষ দিনে ভারতীয় বোলারদের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়ালেন এই দুই কিউয়ি ব্যাটার। তাঁদের রক্ষণ ভাঙতে ব্যর্থ ভারতীয় বোলাররা। ফলস্বরূপ ভারত–নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র। একইসঙ্গে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাও কঠিন হয়ে গেল।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ৩৬৮। জবাবে ভারত ৭২০/‌৯ তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ৩৫২ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষদিনে ভারতের দরকার ছিল ৮ উইকেট। অন্যদিকে, নিউজিল্যান্ডকে গোটা দিন উইকেটে কাটাতে হত। ভারতের তুলনায় নিউজিল্যান্ডের কাজটাই বেশি কঠিন ছিল। সেই কঠিন কাজটাই করে দেখালেন মিচেল ফিলিপস। চরিত্রবিরোধী ইনিংস খেলে ভারতের জয়ের সামনে কাঁটা হয়ে দাঁড়ালেন।

পঞ্চম দিনে নিউজিল্যান্ড ২ উইকেটে ১১৯ রান নিয়ে খেলা শুরু করে। ভারতের প্রথম সাফল্য ডেভন কনওয়ে। রাচিন রবীন্দ্র ও কনওয়ের জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। তুলে নেন কনওয়েকে। ১৬৫ বলে ৭টি চারের সাহায্যে ৬৫ রান করে ঋষভের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর প্রসিদ্ধ কৃষ্ণের বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাচিন রবীন্দ্র। ১২৯ বলে ৪টি চারের সাহায্যে ৩৭ রান করেন তিনি। টম ব্লান্ডেলকে (‌১৫)‌ দ্রুত তুলে নেন অংশুল কাম্বোজ। ১৭৬ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।
মনে হচ্ছিল  ইনিংসের ব্যবধানে ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। এরপরই শুরু হয় ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের বীরত্বপূর্ণ লড়াই। মাটি কামড়ে পড়ে থেকে এই দুই কিউয়ি ব্যাটার ভারতের মুখের গ্রাস কেড়ে নেন। দুজন মিলে ২৫৮ বল খেলে ৬৩ রান যোগ করেন। মিচেল ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮৬ বলে ৪৯ রান করেন এবং গ্লেন ফিলিপস ২টি চারের সাহায্যে ১২৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ড ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে। অবশেষে তৃতীয় সেশনে দুই দলই ম্যাচ ড্র করতে সম্মত হয়। যখন ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখনও দিনের খেলা ১৫ ওভার বাকি ছিল। ভারতকে তুলতে হত ৫টি উইকেট। কিন্তু সেই উইকেটগুলি পাওয়া কঠিন বলে মনে হচ্ছিল বলে ভারতীয় দল ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেয়।

দ্বিতীয় সেশনে ভারতের সামনে উইকেট তুলে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয়। ড্যারিল মিচেল তিনবার জীবন ফিরে পান। প্রথমে, আকাশদীপ একটা সহজ রান আউটের সুযোগ নষ্ট করেন। এরপর প্রসিদ্ধ কৃষ্ণের বল মিচেলের ব্যাটের ভেতরের কানায় লেগে ক্যাচ ওঠে। কিন্তু ফরোয়ার্ড শর্ট লেগে কোনও ফিল্ডার ছিল না। তারপর অংশুল কাম্বোজের বল মিচেলের গ্লাভসে লেগে দেবদত্ত পাড়িক্কলের হাতে যায়। তিনি বল তালুবন্দী করতে পারেননি।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ায় ২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথ ভারতের কাছে কঠিন হয়ে গেল। ড্রয়ের ফলে দুই দলই ৪ পয়েন্ট করে পেলেও, ভারতের পয়েন্ট শতাংশ ৫১.৫২% থেকে কমে ৫০.০০%-এ নেমে এসেছে। নিউজিল্যান্ডও দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে (৬৬.৬৭%) নেমে যাওয়ায়, অস্ট্রেলিয়া (৬৯.২৩%) দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই পর্বে ভারতের এখন মাত্র ৬টি টেস্ট ম্যাচ বাকি আছে। ভারত ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। ভারতের এখন আর কোনও ভুলের অবকাশ নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!