- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৪, ২০২৫
যাদবপুরের ঘটনায় উত্তেজনা অব্যাহত। শিক্ষামন্ত্রীর শাস্তির দাবিতে রাস্তায় ছাত্ররা, পাল্টা মিছিল ওয়েবকুপার
আহত ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট এবং ভিডিয়ো ঘিরে প্রশ্ন তৃণমূলের । ঘটনায় রয়েছে মাও যোগ, সাংবাদিক সম্মেলনে দাবি তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের
শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভের জল বহুদূর গড়িয়েছে। শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে এক ছাত্রকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবিতে বারবার উত্তপ্ত হয়েছে ইউনিভার্সিটির আঙিনা । সোমবার বাম ছাত্র সংগঠন এসএফআই রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল। যা নিয়ে জেলায় জেলায় অশান্তির খবর এসেছিল। যাদবপুর ক্যাম্পাসে এ দিন সন্ধ্যায় এবিভিপির বিরুদ্ধে আক্রমণ চালানোর অভিযোগ ওঠে। সোমবার সন্ধ্যায় সমস্ত সংগঠন মিলে বিশাল মিছিল বের করেন ছাত্ররা। তাতপর্যপূর্ণভাবে তাতে যোগ দেন অভয়া মঞ্চের চিকিৎসকরা। আরজি কর নিয়েও সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। মিছিলে অংশ নেন প্রাক্তনীরাও।
মঙ্গলবারও ছাত্র সংগঠনগুলির তরফে একাধিক কর্মসূচি রাখা হয়েছিল ‘পেন ডাউন’ কর্মসূচি নিয়েছিল ডিএসএফ। বুধবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ডিএসএফ-সহ কয়েকটি অতিবাম ছাত্র সংগঠন। এই দু’দিন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ এবং গবেষণাগার বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। তবে এই ধর্মঘটে সরাসরি অংশগ্রহণ করবে না এসএফআই। পৃথকভাবে তাঁরা প্রতিবাদ জানাবেন। বিশ্ববিদ্যালয় পরিসরে ছাত্রছাত্রীদের উপর দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করার ব্যবস্থাও করতে হবে কর্তৃপক্ষকেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি উপাচার্য ক্যাম্পাসে না আসেন, তা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুমকি দিয়েছেন ছাত্রেরা। এ ছাড়াও, যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, তা উপাচার্যকে সরকারের সঙ্গে কথা বলে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে বলে দাবি উঠেছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বিভাগের পরীক্ষা হয়েছে। ইঞ্জিনিয়ারিং সহ বেশ কিছু বিভাগের প্রথম বর্ষের পড়ুয়াদের পরীক্ষা হয়েছে। তবে বড়সড় পরীক্ষা বন্ধ না হলেও বেশ কয়েকটি বিভাগে মঙ্গলবারও পঠনপাঠন বন্ধ ছিল। কোনো সংগঠনের ডাকে নয়, বরং ওই বিভাগের পড়ুয়ারা স্বতঃস্ফূর্ত ভাবেই শ্রেণিকক্ষে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সোমবারও এসএফআই-এর ধর্মঘটে একই ছবি দেখা গেছিল। আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, ইতিহাস-সহ কিছু কিছু বিভাগে পঠনপাঠন বন্ধ রাখা হয়েছিল। তবে সে সবের মাঝেই গণজ্ঞাপন বিভাগের সেমেস্টারের পরীক্ষা দিয়েছেন পড়ুয়ারা। কলা বিভাগেও ‘ক্লাস টেস্ট’ হয়েছে স্বাভাবিক ছন্দেই। ছাত্র সংগঠনের তরফে বলা হয়েছিল, ‘আমরা কাউকে জোর করে আটকাতে চাই না, পরীক্ষা দিতে আটকানোর প্রশ্নই ঊঠে না। একইভাবে যেমন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বাধা দেওয়ার যে মিথ্যা অভিযোগ উঠেছিল, তা কোনোভাবেই সত্যি নয়। বরং এসএফাই পরিক্ষার্থী ও অবিভাবকদের সহায়তা করেছে।’
পাল্টা তৃণমূলের তরফে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় যাদবপুরের তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন ওইয়েবকুপা মিছিল করেছে। ওয়েবকুপার সদস্য, অধ্যাপক সেলিমবক্স মণ্ডল বলেন, ‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য অধ্যাপকদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম এবং অতিবাম ছাত্রদের তাণ্ডব চলে । এই আক্রমণ পূর্বপরিকল্পিত ৷ ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পথে নেমেছে সংগঠন ।’ ছাত্রদের বিরুদ্ধে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, ওমপ্রকাশ মিশ্র সহ মহিলা অধ্যাপকদের উপরে আক্রমণের অভিযোগ এনেছেন তাঁরা। ক্যাম্পাসের তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন ধরিয়ে দেবারও অভিযোগ উঠেছে। তৃণমূলের তরফে ভার্চুয়াল প্রেস কনফারেন্স করে যাদবপুরের ঘটনায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের ফেসবুক পোস্ট তুলে ধরে তীব্র সমালোচনা করা হয়েছে। সে পোস্টে তিনি, নিজেকে ‘আমি মাওবাদী’ বলে উল্লেখ করেছেন বলে দাবি করেছে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কাছে বাম ছাত্র সংগঠনের ডেপুটেশন জমা দেওয়ার ছবি দেখিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি এমন মিথ্যা অভিযোগ কেন তোলা হচ্ছে এসএইআইয়ের তরফে ?
শারীরিক অসুস্থতার জন্য ক্যম্পাসে আসছেন না, উপাচার্য ভাস্কর গুপ্ত। তবে বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নিচ্ছেন, শনিবার রাতে আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন। ছাত্র আন্দোলনের চাপে পড়ে, ক্যাম্পাসে শান্তি ফেরাতে মঙ্গলবার সকালে শিক্ষকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপাচার্য নির্দেশ দেন, অবিলম্বে ক্যাম্পাসে শান্তি ফেরাতে হবে। তাই সকলকে একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। বৈঠকে শিক্ষক সংগঠন জুটা, ওয়েবকুপা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গও উত্থাপিত হয়। তবে রাজ্য সরকারের অনুমতি ছাড়া তা করানো সম্ভব নয়, বলে জানান ভাস্কর গুপ্ত। এছাড়াও রাজ্য সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তার আবেদন জানানো হয়েছে বলে খবর। কলকাতা হাইকোর্টেও ক্যাম্পাসের নিরাপত্তা ও শনিবারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আজ শুনানির কথা থাকলেও, তা হয়নি।
উপাচার্যের বিরুদ্ধে ছাত্রদের অভিযোগ, ‘এত বড় ঘটনা ঘটে গেল, তা সত্ত্বেও ছাত্রদের সঙ্গে আলোচনায় বসছেন না কেন উপাচার্য, কাদের স্বার্থ রক্ষা করতে চাইছেন তিনি ?’ ভিসির কার্যালয় অরবিন্দ ভবন বন্ধ করে অবস্থান-বিক্ষোভে বসবার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মঙ্গলবার সন্ধ্যায় আগামী পদক্ষেপ নিয়ে জেনারেল বডি মিটিংয়ের ডাক দিয়ে ছাত্র সংগঠনগুলি। সেখান থেকে চলতি আন্দোলনের গতিমুখ ঠিক করবে প্রতিবাদী ছাত্ররা।
❤ Support Us





