- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১১, ২০২৫
বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি বৃদ্ধি, বেতন নিয়ন্ত্রণে আইন চালু করতে চলেছে রাজ্য
গঠিত হয়েছে কমিশন, এবার বেসরকারি স্কুলে বেতন বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে আইন চালু করতে চায় রাজ্য সরকার। এ বিষয়ে একটি বিলও বিধানসভায় পেশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাংলার সরকারি স্কুলগুলিতে শিক্ষকের অভাবে নিয়মিত পঠনপাঠন হয় না, অভিযোগের উত্তরে ব্রাত্য বসু বলেন, ‘চাকরি জীবনের শুরুতে শিক্ষকদের গ্রামাঞ্চলে গিয়ে শিক্ষকতা করা উচিত।’
পশ্চিমবঙ্গের বেসরকারি স্কুলগুলিতে লাগামহীন বেতন বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকার নতুন আইন আনতে চলেছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলির অতিরিক্ত ব্যয়ের বোঝা কমাতে, অভিভাবকদের স্বার্থ রক্ষার জন্য নতুন কমিশন গঠনের পথে এগোচ্ছে রাজ্য সরকার । এছাড়াও, বেতন বৃদ্ধি রোধ করতে একটি নতুন বিল আনা হবে বিধানসভায়। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কমিশন গঠনের বিষয়ে আগেও আলোচনা হয়েছিল, কিন্তু তা কার্যকর করা সম্ভব হয়নি। এবার সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।
বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় এ দিন বিধানসভায় বেসরকারি বিদ্যালয়গুলির লাগামছাড়া ফি-এর বিষয়ে প্রশ্ন তোলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কার্যত স্বীকার করে নেন অভিযোগ। উত্তরে তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে অনেক অভিযোগ জমা পড়েছে। অভিভাবকদের উপর চাপ, অতিরিক্ত ফি বৃদ্ধি, আর বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার মতো বিভিন্ন বিষয় সরকারের নজরে এসেছে।’ তিনি আরো উল্লেখ করেন, বাংলা মাধ্যম স্কুলের চাহিদা কমছে, অধিকাংশ অভিভাবক ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছেন। ফলে বেসরকারি স্কুলগুলিতে ছাত্রসংখ্যা বাড়ছে, যার জেরে কিছু বিদ্যালয় উচ্চ পরিমাণের ভর্তি ফি, বার্ষিক চার্জ, অতিরিক্ত টিউশন ফি আদায় করছে, যা সাধারণ মানুষের জন্য বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’ এই সমস্ত অভিযোগ তদন্ত করার জন্য এবং কার্যকর সমাধান বের করার জন্য একটি কমিশন গঠনের পরিকল্পনা করছে তৃণমূল সরকার। শীঘ্রই, এ সংক্রান্ত একটি বিল বিধানসভায় পেশ করা হবে। শিক্ষামন্ত্রি আশ্বাস দেন, এই বিল কার্যকর হলে অভিভাবকদের দীর্ঘদিনের অভিযোগের স্থায়ী সমাধান হতে পারে।
এছাড়াও, এদিন বিধানসভায় বাংলার সরকারী স্কুলগুলিতে শিক্ষকের অভাবে নিয়মিত পঠনপাঠন হয় না বলেও অভিযোগ ওঠে । বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। উত্তরে ব্রাত্য বসু বলেন, ‘আমি মনে করি শিক্ষকদের চাকরি জীবনের শুরুতে গ্রামাঞ্চলে গিয়ে শিক্ষকতা করা উচিত !’ পরিসংখ্যান বলছে, রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলে ৫৬৩৫টি শিক্ষকের পদ শূন্য, অধিকাংশই গ্রামে। শিক্ষকের অভাবে বহু স্কুলে নিয়মিত পড়াশোনা হচ্ছে না শিক্ষামন্ত্রী জানান, ছাত্র-শিক্ষক অনুপাত খতিয়ে দেখা হচ্ছে, কোথাও অতিরিক্ত শিক্ষক থাকলে বদলির চেষ্টা চলছে, তবে অনেকে যেতে চান না। ২০২৩ সালে ৯৫০০ শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু আইনি জটিলতায় আরও নিয়োগ বিলম্বিত হচ্ছে, যা দ্রুত সম্পন্ন করার আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী।
রাজ্য সরকার ২০২৩ সালের অগাস্ট মাসে বেসরকারি বিদ্যালয়গুলির বেতন বৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। ‘ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ নামের এই সংস্থা গঠনের জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। শিক্ষামন্ত্রক সূত্রে জানা যায়, এই কমিশনে মোট ১১ জন সদস্য থাকবেন, যার প্রধান হবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। অন্যান্য সদস্যদের মধ্যে থাকবেন, স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, উচ্চশিক্ষা সংসদের সভাপতি, শিক্ষামন্ত্রী মনোনীত ২ জন শিক্ষাবিদ এবং সিবিএসই আর আইসিএসই বোর্ডের প্রতিনিধি। এই কমিশন গঠনের মূল লক্ষ্য হবে বেসরকারি বিদ্যালয়গুলির অতিরিক্ত বেতন বৃদ্ধি রোধ করা। শিক্ষার্থীদের অভিভাবকের কাছ থেকে নেওয়া বাড়তি ফি-সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হবে। বিদ্যালয়গুলির কাছে স্বচ্ছতা ও জবাব চাওয়ার পরিকাঠামো তৈরি করা যাবে। শিক্ষার মূল উদ্দেশ্য রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির অতিরিক্ত ব্যবসায়িক মনোভাব আটকানো আর কম আয়ের পরিবারের জন্য বৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তা ব্যবস্থা কার্যকর করা।
উল্লেখ্য, ২০২৩ সালে কলকাতা হাইকোর্ট স্কুল ফি সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছিল। বিচারপতিরা প্রশ্ন তুলেছিলেন, কেন রাজ্য সরকার বেসরকারি বিদ্যালয়গুলির বেতন বৃদ্ধি সংক্রান্ত স্পষ্ট নীতিমালা তৈরি করেনি। আদালত রাজ্য সরকারকে একটি গাইডলাইন প্রণয়ন করার নির্দেশ দিয়েছিল। উত্তরে রাজ্য সরকার জানিয়েছিল, ‘বেসরকারি বিদ্যালয়গুলিতে অস্বাভাবিক বেতন বৃদ্ধি ও শিক্ষকদের বেতন কাঠামো সংক্রান্ত নিয়ন্ত্রণের জন্য একটি শিক্ষা বিল ইতিমধ্যেই আনা হয়েছে। তবে, রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় থাকায় বিলটি কার্যকর করা সম্ভব হচ্ছে না।’ সরকারের নতুন পদক্ষেপ অভিভাবকদের জন্য স্বস্তিদায়ক হতে পারে। কমিশন গঠনের মাধ্যমে বিদ্যালয়গুলির উপর নিয়ন্ত্রণ বাড়ানো সম্ভব হবে। তবে, আইনি প্রক্রিয়া দ্রুত এগোবে কিনা, রাজ্যপালের সম্মতি আদৌ মিলবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সরকারের কঠোর অবস্থানের ফলে অবশেষে বিদ্যালয়গুলির আর্থিক স্বচ্ছতা আর শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
❤ Support Us





