- এই মুহূর্তে বি। দে । শ
- সেপ্টেম্বর ২, ২০২৫
মৃত্যু ছাড়াল ৮০০, ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত, পাঠাল ত্রাণ–খাদ্যসামগ্রী
ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যের জন্য ভারত সরকারের পক্ষ থেকে ত্রাণ পাঠানো হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ত্রাণ পাঠানোর কথা সরকারিভাবে জানানো হয়েছে।
সোমবার মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ২০ মিনিটের ব্যবধানে দু–দুবার ভূমিকম্প হয়। প্রথমবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। দ্বিতীয়বার ৪.৫। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে কুনার প্রদেশ। এছাড়া নুর, গুল, সোকি, ওয়াটপুর, মানোগি ও চাপাদারের অবস্থাও খুব খারাপ। হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্থ। এখনও পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ২৮০০ জনেরও বেশি। এই অবস্থায় পড়শি দেশের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত।
ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক্স–এ এক পোস্টে সাহায্যের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ভারত আফগানিস্তানে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ত্রাণ সাহায্যের মধ্যে রয়েছে চাল, ওষুধ, অন্যান্য খাদ্যসামগ্রী, তাঁবু ইত্যাদি। ভারত ইতিমধ্যেই কাবুলে ১০০০ পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে। কাবুলে অবস্থিত ভারতীয় মিশন থেকে ১৫ টন খাদ্য কুনারে পাঠানো হয়েছে। ত্রাণ বোঝাই ট্রাক সোমবারই কাবুল থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলের দিকে রওনা দেয়।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আফগানিস্তানে আরও ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন। জয়শঙ্কর এক্স–এ এক পোস্টে নিখেছেন, ‘আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সাথে কথা হয়েছে। ভূমিকম্পে প্রাণহানির জন্য সমবেদনা জানিয়েছি। ভারত কাবুলে ১০০০ পরিবারের জন্য তাঁবু পৌঁছে দিয়েছে। কাবুল থেকে ভারতীয় মিশন কর্তৃক ১৫ টন খাদ্য সামগ্রীও তাৎক্ষণিকভাবে কুনারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভারত থেকে আরও ত্রাণ সামগ্রী পাঠানো হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ভারত আফগানিস্তানের পাশে রয়েছে।’
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে, ভূমিকম্পে এখনও পর্যন্ত ৮১২ জন মারা গেছেন এবং ২৮১৭ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল এবং মানবিক সংস্থাগুলি এখন প্রত্যন্ত গ্রামগুলিতে যাওয়ার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্থ রাস্তাঘাটের জন্য উদ্ধারকারী দলের পৌঁছতে সমস্যা হচ্ছে। অনেক জায়গায় ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ। আকাশ পথ ছাড়া ত্রাণ ও উদ্ধার কাজ সম্ভব নয়। প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলোতে জরুরি উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সংশ্লিষ্ট ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আফগান সরকার। উদ্ধারকাজে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা দরকার। বিশেষ করে ভূমিকম্পকবলিত এলাকাগুলোয় পৌঁছানোর জন্য হেলিকপ্টার প্রয়োজন। সোমবার চারটি হেলিকপ্টার চিকিৎসাকর্মীদের নিয়ে গেছে কুনার প্রদেশের মাজার উপত্যকায়।
❤ Support Us





