- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৫, ২০২৫
এএফসি এশিয়ান কাপের মূলপর্বে নেই ভারত
কাফে নেশনস কাপে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন খালিদ জামিল। তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। স্বপ্ন ছিল সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার। কিন্তু এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে গোয়ার মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে স্বপ্নবঙ্গ। প্রথমে এগিয়ে গিয়েও হার ২–১ ব্যবধানে। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারত।
প্রথম পর্বের ম্যাচে সিঙ্গাপুরকে তাদের ঘরের মাঠে আটকে দিয়েছিল খালিদ জামিলের দল। পিছিয়ে পড়ে রহিম আলির শেষ মুহূর্তের গোলে সমতা ফিরিয়েছিল। কিন্তু ঘরের মাঠে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে গেলে জিততেই হবে। তাই ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ভারত। তবে রক্ষণ মজবুত করে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় সন্দেশ ঝিঙ্গান ছিলেন না। তাঁর জায়গায় স্টপারে আনোয়ারের সঙ্গে রাহুলকে নামান খালিদ জামিল।
অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের মাঠে সুনীলের সঙ্গে ফারুক চৌধুরিকে নামিয়েছিলেন খালিদ। এদিন সুনীলের সঙ্গী হিসেবে বেছে নেন মহেশ সিংকে। তাতেই ভারতের আক্রমণের ঝাঁঝ আগের ম্যাচের তুলনায় কয়েকগুন বেড়ে যায়। দুই প্রান্ত দিয়ে ছাংতে ও লিস্টন কোলাসো বারবার আক্রমণ শানিয়ে সিঙ্গাপুর রক্ষণকে রীতিমতো চাপে ফেলে দেন। ১৪ মিনিটেই ফল মেলে। সিঙ্গাপুরের এক ডিফেন্ডারের মিস পাস থেকে পেয়ে ২৫ গজ দূর থেকে দর্শনীয় উঁচু শটে গোল করেন ছাংতে।
এরপর সুযোগ নষ্টের প্রদর্শনীতে মেতে ওঠে ভারত। একের পর সুযোগ নষ্ট করেন ছাংতে, সুনীল, লিস্টনরা। খেলার গতির বিপরীতে সমতা ফেরায় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে আনোয়ারের ভুলে সিঙ্গাপুরের কেইয়ে বল পেয়ে যান। তিনি ব্যাক পাস করেন ফাঁকায় দাঁড়ানো সতীর্থ সং উই ইয়ংকে। সং ঠান্ডা মাথায় গোলকিপার গুরপ্রীতের পাশ দিয়ে বল জালে পাঠান।
গোলের জন্য দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুঁড়ে শুরু করেছিল ভারত। কিন্তু ৫৮ মিনিটে আবার খেলার গতির বিরুদ্ধে গোল করে যায় সিঙ্গাপুর। পেছন থেকে ভেসে আসা বল ইলহান ফানডি বক্সে ধরে পাস বাড়ান আনোয়ারকে। ছোট্ট টোকায় তিনি বল দেন সংকে। উঁচু শটে গুরপ্রীতকে হার মানিয়ে গোল করে সিঙ্গাপুরকে জয়ে এনে দেন সং। অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নিয়ে কোয়ালিফাই করার আশা জিইয়ে রাখল সিঙ্গাপুর। ৪ ম্যাচে সিঙ্গাপুরের সংগ্রহ ৮ পয়েন্ট। ভারতের ৪ ম্যাচে ২ পয়েন্ট। গ্রুপের অন্য ম্যাচে হংকংয়ের সঙ্গে ১–১ ড্র করেছে বাংলাদেশ।
❤ Support Us








