Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৪, ২০২৬

রাজনীতিতে যোগ দিয়েই, দেশের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরব লিয়েন্ডার

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজনীতিতে যোগ দিয়েই, দেশের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরব লিয়েন্ডার

টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ ভোটের আবহে বিজেপিতে যোগ দিয়েছেন এবং নিজের বাঙালি পরিচয় জোর দিয়ে উল্লেখ করেছেন। শুক্রবার সোশাল মিডিয়ায় তিনি গর্বিত বাঙালি হিসাবে নিজের পরিচয় দেন। শনিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে বসে লিয়েন্ডার জানালেন, কলকাতাই তাঁর মাতৃভূমি। তিনি মনে করিয়েছেন, কলকাতার মাটিতে খেলা শিখেই তিনি অলিম্পিক মঞ্চ থেকে পদক জিতেছেন। তবে বর্তমানে রাজ্যে টেনিসের জন্য কোনো পরিকাঠামো না থাকায় তিনি শঙ্কা প্রকাশ করেছেন।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। সুকান্ত মজুমদারের দাবি, লিয়েন্ডারের আগমনে দেশজুড়ে বিজেপির শক্তি বাড়বে এবং বাংলার নির্বাচনে পার্টির ‘অ্যাডভান্টেজ’ হবে। যোগ দেওয়ার পর লিয়েন্ডার বলেছেন, “আজ আমার জীবনে বড় দিন, নতুন দায়িত্ব পেলাম। ৪০ বছর ধরে দেশের জন্য টেনিস খেলেছি। এবার নতুন খেলার সুযোগ পেয়েছি। দেশের সেবা করতে পারব।”

উল্লেখ্য, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লিয়েন্ডার তৃণমূলে যোগ করেছিলেন। সেবার শোনা গিয়েছিল, তিনি প্রার্থী হতে পারেন, তবে শেষ পর্যন্ত টিকিট পাননি। সেই সময় তাঁকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করা হয়েছিল, যার পর থেকে তিনি নিজের বাঙালি পরিচয় বারবার তুলে ধরছেন।

লিয়েন্ডার বলেছেন, “আমার জন্ম কলকাতায়। এটাই আমার মাতৃভূমি। কলকাতার সাউথ ক্লাবে টেনিসে হাতেখড়ি হয়েছে। কলকাতা ময়দানেই খেলাধুলো করেছি ছোটবেলা থেকে। লা মার্টিনিয়ার স্কুলে পড়াশোনা করেছি। জীবনে যা কিছু খেলায় শিখেছি, সেটা কলকাতা থেকেই।” তিনি উল্লেখ্য, কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর।

লিয়েন্ডার পেজ রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, “এখানে একটাও ইনডোর টেনিস কোর্ট নেই। এত গরম ও বর্ষায় বাচ্চারা খেলতে পারে না। বাংলায় টেনিসের আলাদা স্টেডিয়াম নেই এবং কোনো পরিকাঠামোর উন্নতি করা হয়নি।” তিনি আরও বলেন, ভারতের খেলার উন্নতি এবং অর্থনৈতিক উন্নয়ন একে অপরের সঙ্গে যুক্ত, এবং ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজন করা তার অন্যতম লক্ষ্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!