Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১০, ২০২৬

স্বরাষ্ট্রসচিবকে চিঠি মুখ্য নির্বাচনী দফতর, বাংলায় এক দফায় ভোট চাইছে কমিশন । ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলির নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বরাষ্ট্রসচিবকে চিঠি মুখ্য নির্বাচনী দফতর, বাংলায় এক দফায় ভোট চাইছে কমিশন । ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলির নির্দেশ

সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার মধ্যেই রাজ্যে পুরোদমে চলছে এসআইআর (SIR) সংক্রান্ত কাজ, যা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন-সংক্রান্ত দায়িত্বে থাকা পুলিশের বদলি এবং পোস্টিং প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর।

এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তরকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই পুলিশের বদলি এবং পোস্টিং সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। শুধু তাই নয়, প্রক্রিয়া সম্পন্ন করার পর রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে বলে সূত্রের খবর।

সিইও দফতর থেকে অ্যাডিশনাল চিফ ইলেকট্রোরাল অফিসার এই চিঠি দিয়েছেন। সেখানে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে—

পুলিশের যে সমস্ত পদে বদলির প্রক্রিয়া চলছে বা এখনও বাকি রয়েছে, তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী যে ট্রান্সফার এবং পোস্টিং হয়ে থাকে, তা সম্পূর্ণ করতে হবে।

বদলি প্রক্রিয়া শেষ হলে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রিপোর্ট পাঠাতে হবে।

এদিকে মঙ্গলবারই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, এক দফায় বাংলায় ভোট করানোর প্রস্তাব ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে সিইও দপ্তর। সেই প্রস্তাব নিয়েই এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মনোজ আগরওয়ালের আলোচনা হতে পারে।

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত শুনানির সময়সীমা আরও সাত দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মতে, কোনওভাবেই ২৮ তারিখের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব নয়।

এর আগে ৭ ফেব্রুয়ারি শুনানির কাজ শেষ না হওয়ায় সাত দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল সিইও দপ্তর। সেই অনুযায়ী ১৪ তারিখ শুনানি শেষ করে ২১ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট শুনানির দিন আরও সাত দিন পিছিয়ে দেওয়ায় তালিকা প্রকাশের সময় নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে ভোট করাতে গেলে একাধিক দফায় ভোটগ্রহণ সম্ভব নয় বলেই মনে করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে এক দফায় ভোটের প্রস্তাবের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

এই পরিস্থিতিতে মনোজ আগরওয়ালের দিল্লি সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!