Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২০, ২০২৬

ভোটের আগে উত্তপ্ত গোসাবা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের আগে উত্তপ্ত গোসাবা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। দলীয় কার্যালয়ে বৈঠক সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় রাতেই ওই তৃণমূল কর্মীকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

গোসাবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে ২২ এপ্রিল জনসভা হবে। সেই জনসভার প্রস্তুতির জন্য রবিবার দলীয় অফিসে অন্যান্য নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন দিব্যেন্দু গায়েন। বৈঠক সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন গোসাবায় শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকার তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন। সেই সময় ওত পেতে থাকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটা গুলি এসে দিব্যেন্দুর ডান পায়ের উরুতে লাগে। সঙ্গে সঙ্গে মোটরবাইক নিয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে।
স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দিব্যেন্দু গায়েনকে উদ্ধার করেন প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্তা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ প্রথমিক তদন্তে পুলিশের অনুমান, এটা পূর্বপরিকল্পিত হামলা। আততায়ীরা দিব্যেন্দুর গতিবিধির ওপর নজর রেখে আগে থেকেই ওৎ পেতে ছিল। এই ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি, না ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ।

দিব্যেন্দুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি–র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। দাবি, পরিকল্পিতভাবে তাদের কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। ভোটের আগে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোই লক্ষ্য। তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর। তিনি বলেন, ‘‌তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই গুলিবিদ্ধ হয়েছেন দিব্যেন্দু গায়েন। বিজেপির ওপর অহেতুক অভিযোগ চাপিয়ে রাজনৈতিক সুবিধা তোলার চেষ্টা করছে তৃণমূল।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!